ইয়োব নিজের নির্দোষিতা ঘোষণা করেন

2130 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইয়োব 16–17

1 পরে ইয়োব উত্তর দিলেন:

2 “আমি এই ধরনের অনেক কথা শুনেছি;

তোমরা শোচনীয় সান্ত্বনাকারী, তোমরা সবাই!

3 তোমাদের এইসব দীর্ঘ এলোমেলো বক্তৃতা কি কখনও শেষ হবে না?

তোমাদের কী এমন কষ্ট যে তোমরা তর্ক করেই যাচ্ছ?

4 আমিও তোমাদের মতো কথা বলতে পারতাম,

যদি তোমরা আমার জায়গায় থাকতে;

আমিও তোমাদের বিরুদ্ধে সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারতাম

ও তোমাদের দেখে মাথা নাড়াতে পারতাম।

5 কিন্তু আমার মুখ তোমাদের উৎসাহ দেবে;

আমার ঠোঁট থেকে সান্ত্বনা বের হয়ে তোমাদের যন্ত্রণার উপশম করবে।

6 “তবুও আমি যদি কথা বলি, আমার ব্যথার উপশম হয় না;

ও আমি যদি নীরব থাকি, তাও তা যায় না।

7 হে ঈশ্বর, নিশ্চয় তুমি আমাকে নিঃশেষিত করে দিয়েছ;

তুমি আমার সমগ্র পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছ।

8 তুমি আমাকে কুঁকড়ে দিয়েছ—ও তা এক সাক্ষী হয়েছে;

আমার শীর্ণতা উঠে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।

9 ঈশ্বর আমাকে আক্রমণ করে তাঁর ক্রোধে আমাকে ছিন্নভিন্ন করে দিয়েছেন

ও আমার প্রতি দাঁত কড়মড় করেছেন;

আমার প্রতিপক্ষ তাঁর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে আক্রমণ করেছেন।

10 আমাকে বিদ্রুপ করার জন্য লোকেরা তাদের মুখ খুলেছে;

অবজ্ঞাভরে তারা আমার গালে চড় মেরেছে

ও আমার বিরুদ্ধে সমবেত হয়েছে।

11 ঈশ্বর আমাকে অধার্মিক লোকদের হাতে সমর্পণ করেছেন

ও দুর্জনদের খপ্পরে ছুঁড়ে দিয়েছেন।

12 আমার সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তিনি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছেন;

তিনি আমার ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন।

তিনি আমাকে তাঁর লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন;

13 তাঁর তিরন্দাজরা আমাকে ঘিরে ধরেছে।

দয়া না দেখিয়ে, তিনি আমার কিডনি বিদ্ধ করেছেন

ও আমার পিত্ত মাটিতে ফেলে দিয়েছেন।

14 বারবার তিনি আমার উপরে ফেটে পড়েছেন;

একজন যোদ্ধার মতো তিনি আমার দিকে ধেয়ে এসেছেন।

15 “আমি আমার চামড়ার উপরে চটের কাপড় বুনে নিয়েছি

ও আমার ললাটটি ধুলোতে সমাধিস্থ করেছি।

16 কেঁদে কেঁদে আমার মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে,

আমার চোখের চারপাশে কালি পড়েছে;

17 তাও আমার হাতে হিংস্রতা নেই

ও আমার প্রার্থনা বিশুদ্ধ।

18 “হে পৃথিবী, আমার রক্ত ঢেকে রেখো না;

আমার কান্না যেন কখনও বিশ্রামে শায়িত না হয়!

19 এখনও আমার সাক্ষী স্বর্গেই আছেন;

আমার উকিল ঊর্ধ্বেই আছেন।

20 আমার মধ্যস্থতাকারীই আমার বন্ধু হন

যখন আমার চোখ ঈশ্বরের কাছে অশ্রুপাত করে;

21 একজন লোকের হয়ে তিনি ঈশ্বরের কাছে ওকালতি করেন

যেভাবে এক বন্ধুর জন্য একজন ওকালতি করে।

22 “যে পথে গিয়ে আর ফিরে আসা যায় না, আমি সেই পথটি ধরার আগে

শুধু কয়েকটি বছর পার হয়ে যাবে।

17:1 আমার আত্মা ভেঙে খানখান হয়ে গিয়েছে,

আমার আয়ুর দিনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে,

কবর আমার জন্য অপেক্ষা করে আছে।

2 বিদ্রুপকারীরা নিশ্চয় আমাকে ঘিরে ধরেছে;

তাদের বিরোধিতা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি।

3 “হে ঈশ্বর, আমার কাছে অঙ্গীকার করো।

আর কে-ই বা আমার জন্য জামিনদার হবে?

4 তুমি তাদের বুদ্ধি-বিবেচনা লোপ পেতে দিয়েছ;

তাই তুমি তাদের জয়লাভ করতে দেবে না।

5 যদি কেউ পুরস্কার লাভের আশায় তাদের বন্ধুদের নিন্দা করে,

তবে তাদের সন্তানদের চোখ নিষ্প্রভ হয়ে যাবে।

6 “ঈশ্বর সকলের কাছে আমাকে নিন্দার এক পাত্রে পরিণত করেছেন,

আমি এমন এক মানুষ যার মুখে সবাই থুতু দেয়।

7 বিষাদে আমার চোখ অস্পষ্ট হয়ে গিয়েছে;

আমার সমগ্র শরীর নিছক এক ছায়ামাত্র।

8 ন্যায়পরায়ণ লোকেরা তা দেখে হতভম্ব হয়ে যায়;

নিরীহ লোকেরা অধার্মিকদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে।

9 তা সত্ত্বেও, ধার্মিকেরা নিজেদের পথ ধরে এগিয়ে যাবে,

ও যাদের হাত শুচিশুদ্ধ, তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে।

10 “কিন্তু তোমরা সবাই এসো, আবার চেষ্টা করো!

আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানবান দেখছি না।

11 আমার দিন শেষ হয়েছে, আমার পরিকল্পনাগুলি ভেঙে খানখান হয়ে গিয়েছে।

তবুও আমার হৃদয়ের বাসনাগুলি

12 রাতকে দিনে পরিণত করে;

অন্ধকার সরাসরি আলোর কাছে চলে আসে।

13 যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই,

যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি,

14 যদি দুর্নীতিকে আমি বলি, ‘তুমি আমার বাবা,’

ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’

15 তবে কোথায় আমার আশা—

আমার আশা কে দেখতে পাবে?

16 তা কি মৃত্যুদুয়ারে নেমে যাবে?

আমরা সবাই কি একসাথে ধুলোয় মিশে যাব?”