ভাগ 7: মহান গালীলীয় পরিচর্যা

সম্ভবত 27 খ্রীষ্টাব্দের শরৎ থেকে 29 খ্রীষ্টাব্দের বসন্ত পর্যন্ত (আপাতদৃষ্টিতে প্রায় দেড় বছর)

মার্ক এই সময়কালের অত্যন্ত বিস্তারিত বিবরণ দেন এবং লূক দেন সংক্ষিপ্ত বিবরণ, আর এই অংশে মথির বিবরণ প্রধানত বিষয়ভিত্তিক। মার্কের সুসমাচার সরাসরি মহান গালীলীয় পরিচর্যার বিবরণে প্রবেশ করে (প্রেরিত 10:36–43-এ কর্ণীলিয়ের পরিবারের কাছে খ্রীষ্টের জীবনের বিষয়ে পিতরের সংক্ষিপ্ত বিবরণের সঙ্গে তুলনা করুন)। বিপুল পরিমাণ বিষয়বস্তুর কারণে সুস্পষ্টভাবে ভাগ করা কঠিন, কিন্তু ঘটনাগুলি এগিয়ে চলে।

  • নাসরতে প্রত্যাখ্যাত হয়ে যীশু কফরনাহূমে চলে যান
  • যীশুর খ্যাতি বাড়তে থাকার সময় চারজন জেলেকে সঙ্গে নিয়ে গালীলে প্রথম সফর এবং ফেরার পথে মথিকে (লেবি) আহ্বান।
  • জেরুশালেম ও গালীলে বিশ্রামদিন নিয়ে বিতর্ক
  • যীশু বারোজনকে বেছে নেন ও পর্বতের উপরে উপদেশ দেন
  • খ্রীষ্টের প্রভাব বাড়ে এবং যোহন কারাগার থেকে খোঁজ নেন
  • গালীলে দ্বিতীয় ভ্রমণ (এবার বারোজনকে সঙ্গে নিয়ে) এবং ফরিশীদের তীব্র শত্রুতা।
  • দৃষ্টান্তের প্রথম বড় গুচ্ছ, সেইসঙ্গে গেরাসায় (কুর্সি) সফর এবং নাসরতে শেষবারের সফর।
  • গালীলে তৃতীয় ভ্রমণ (বারোজনের পিছনে পিছনে যীশুর গমন) এবং হেরোদ আন্তিপাসের উপর তার প্রভাব।

যীশু গালীলে শিক্ষা দেন

গালীলে যীশুর শিক্ষাদানের একটি সাধারণ বিবরণ।

27 থেকে 29 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

মথি 4:17

4:17 সেই সময় থেকে যীশু প্রচার করা শুরু করলেন, “মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট।”

মার্ক 1:15

1:15 “কাল পূর্ণ হয়েছে, তাই ঈশ্বরের রাজ্য সন্নিকট। তোমরা মন পরিবর্তন করো ও সুসমাচারে বিশ্বাস করো।”

লূক 4:15

4:15 তিনি তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিলেন এবং সবাই তাঁর প্রশংসা করল।

কানায় যীশু এক কর্মকর্তার ছেলেকে সুস্থ করেন

কানায় যীশু কফরনাহূমের এক রাজকর্মকর্তার ছেলেকে সুস্থ করেন।

এখানে, নাসরতে প্রত্যাখ্যান ও কফরনাহূমে নতুন বাসস্থানের এই পর্বে, যীশু আবার কানা ও নাসরতে যান, গালীল সাগরের তীরে চারজন জেলেকে আবার ডাকেন এবং কফরনাহূমে শিক্ষা ও সুস্থতার পরিচর্যা শুরু করেন।

যোহন 4:46–54

4:46 গালীলের যে কানা নগরে তিনি জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেছিলেন, তিনি আর একবার সেখানে গেলেন। সেখানে এক উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন, যাঁর পুত্র কফরনাহূমে অসুস্থ ছিল। 47 তিনি যখন শুনতে পেলেন, যীশু যিহূদিয়া থেকে গালীলে এসেছেন, তিনি যীশুর কাছে গিয়ে অনুনয় করলেন, যেন তিনি এসে তার মৃতপ্রায় পুত্রকে সুস্থ করেন।

48 যীশু তাকে বললেন, “তোমরা চিহ্ন ও বিস্ময়কর কিছু না দেখলে কি কখনোই বিশ্বাস করবে না।”

49 রাজকর্মচারী বললেন, “মহাশয়, আমার ছেলেটির মৃত্যুর পূর্বে আসুন।”

50 যীশু উত্তর দিলেন, “যাও, তোমার ছেলে বেঁচে থাকবে।”

সেই ব্যক্তি যীশুর কথা বিশ্বাস করে চলে গেলেন। 51 তিনি তখনও পথে, এমন সময় তার পরিচারকেরা এসে তাকে সংবাদ দিল যে, তার ছেলেটি বেঁচে আছে। 52 “কখন থেকে ছেলেটির অবস্থার উন্নতি ঘটল,” তার এই প্রশ্নের উত্তরে তারা বলল, “গতকাল বেলা একটায় তার জ্বর ছেড়েছে।”

53 বালকটির পিতা তখন বুঝতে পারলেন, ঠিক ওই সময়েই যীশু তাকে বলেছিলেন, “তোমার ছেলে বেঁচে থাকবে।” এর ফলে তিনি ও তার সমস্ত পরিজন বিশ্বাস করলেন।

54 যিহূদিয়া থেকে গালীলে আগমনের পর যীশু এই দ্বিতীয় চিহ্নকাজটি সম্পন্ন করলেন।

নাসরৎ প্রথমবার যীশুকে প্রত্যাখ্যান করে

লূক 4:16–31

4:16 আর তিনি যেখানে বড়ো হয়েছিলেন, সেই নাসরতে উপস্থিত হলেন। তাঁর রীতি অনুসারে তিনি বিশ্রামদিনে সমাজভবনে গেলেন এবং শাস্ত্র থেকে পাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। 17 ভাববাদী যিশাইয়ের পুঁথি তাঁর হাতে তুলে দেওয়া হল। পুঁথিটি খুলে তিনি সেই অংশটি দেখতে পেলেন, যেখানে লেখা আছে,

18 “প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত,

কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য

তিনি আমাকে অভিষিক্ত করেছেন।

তিনি আমাকে বন্দিদের কাছে মুক্তি প্রচার করবার জন্য পাঠালেন,

অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্তি প্রচার করার জন্য,

নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য,

19 প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য।”

20 তারপর তিনি পুঁথিটি গুটিয়ে পরিচারকের হাতে ফেরত দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজভবনে সকলের দৃষ্টি তাঁর উপরে নিবদ্ধ হল। 21 তিনি তাদের প্রতি এই কথা বললেন, “যে শাস্ত্রীয় বাণী তোমরা শুনলে আজ তা পূর্ণ হল।”

22 সকলেই তাঁর প্রশংসা করল। তাঁর মুখ থেকে বেরোনো অমৃতবাণী শুনে তারা চমৎকৃত হল। তারা প্রশ্ন করল, “এ কি যোষেফের পুত্র নয়?”

23 যীশু তাদের বললেন, “আমি নিশ্চিত যে, তোমরা আমাকে এই প্রবাদ উল্লেখ করে বলবে, ‘চিকিৎসক, তুমি নিজেকে সুস্থ করো। কফরনাহূমে যে কাজ তুমি করেছ বলে শুনেছি, এখন তোমার নিজের নগরে তা করে দেখাও।’ ”

24 তিনি আরও বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, কোনো ভাববাদীই স্বদেশে স্বীকৃতি পান না। 25 আমি তোমাদের নিশ্চিতরূপে বলছি, এলিয়ের সময়ে ইস্রায়েলে বহু বিধবা ছিল। সেই সময় সাড়ে তিন বছর ধরে আকাশ থেকে বৃষ্টি হয়নি। ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 26 তবুও এলিয় তাদের কারও কাছে প্রেরিত হননি, কিন্তু সীদোন অঞ্চলে সারিফত-নিবাসী এক বিধবার কাছে প্রেরিত হয়েছিলেন। 27 আর ভাববাদী ইলীশায়ের কালে ইস্রায়েলে বহু কুষ্ঠরোগী ছিল, তবুও সিরিয়া-নিবাসী নামান ছাড়া একজনও শুচিশুদ্ধ হয়নি।”

28 একথা শুনে সমাজভবনের লোকেরা ক্রুদ্ধ হয়ে উঠল। 29 তারা উঠে এসে তাঁকে নগরের বাইরে তাড়িয়ে নিয়ে গেল। যে পাহাড়ের উপরে নগরটি স্থাপিত ছিল, তারা তাঁকে সেই পাহাড়ের কিনারায় নিয়ে গিয়ে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিতে চাইল। 30 কিন্তু তিনি সকলের মধ্য দিয়ে নিজের পথ করে সোজা হেঁটে চলে গেলেন।

31 তারপর তিনি গালীল প্রদেশের একটি নগর কফরনাহূমে ফিরে গেলেন। বিশ্রামদিনে তিনি লোকসকলকে শিক্ষা দিতে লাগলেন।

যীশু কফরনাহূমে তাঁর বাসস্থান স্থাপন করেন

মথি 4:13–16

4:13 তিনি নাসরৎ ত্যাগ করে কফরনাহূমে গিয়ে বসবাস করতে লাগলেন। সেই স্থানটি ছিল সবূলূন ও নপ্তালি অঞ্চলে, হ্রদের উপকূলে। 14 এরকম ঘটল, যেন ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথিত বচন পূর্ণ হয়:

15 “সমুদ্রের অভিমুখে, জর্ডনের অপর পারে,

সবূলূন দেশ ও নপ্তালি দেশ,

গালীলের অইহুদি জাতিবৃন্দের—

16 যে জাতি অন্ধকারে বসবাস করত,

তারা এক মহাজ্যোতি দেখতে পেল;

মৃত্যুচ্ছায়ার দেশে যাদের বসবাস ছিল,

তাদের উপরে এক জ্যোতির উদয় হল।”