যীশু সাগরের তীরে বিপুল জনতাকে শিক্ষা দেন ও সুস্থ করেন

যীশু গালীল সাগরের তীরে বিপুল জনতাকে শিক্ষা দেন ও সুস্থ করেন।

এখানে আমরা দেখি, খ্রীষ্ট বারোজন প্রেরিতকে বেছে নিচ্ছেন এবং তাঁদের ও জনতার উদ্দেশে পর্বতের উপরে উপদেশ দিচ্ছেন।

27 থেকে 29 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

মথি 12:15–21

12:15 সেকথা জানতে পেরে, যীশু সেই স্থান থেকে চলে গেলেন। বহু মানুষ তাঁকে অনুসরণ করল এবং তিনি তাদের সব অসুস্থ মানুষকে সুস্থ করলেন।

16 তিনি তাদের সতর্ক করলেন তারা যেন কাউকে না বলে যে, আসলে তিনি কে। 17 এরকম হল যেন ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথিত বচন পূর্ণ হয়:

18 “এই দেখো আমার দাস,

আমার মনোনীত,

যাঁকে আমি প্রেম করি, যাঁর প্রতি আমি পরম প্রসন্ন;

আমি তাঁর উপরে আমার আত্মাকে স্থাপন করব,

আর তিনি সর্বজাতির কাছে ন্যায়ের বাণী প্রচার করবেন।

19 তিনি কলহবিবাদ করবেন না,

উচ্চরবে চিৎকার করবেন না,

পথে পথে কেউ তাঁর কণ্ঠস্বর শুনতে পাবে না।

20 তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না,

এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না,

যতক্ষণ না ন্যায়বিচারকে প্রবলরূপে বলবৎ করেন।

21 আর সর্বজাতি তাঁরই নামে তাদের প্রত্যাশা রাখবে।”

মার্ক 3:7–12

3:7 যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল সাগরের দিকে চলে গেলেন। গালীল থেকে অনেক লোক তাঁকে সেখানে অনুসরণ করল। 8 তারা যখন যীশুর সমস্ত কীর্তির কথা শুনল, তখন যিহূদিয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডনের অপর পারের অঞ্চল এমনকি টায়ার ও সীদোনের চারদিক থেকে অসংখ্য মানুষ তাঁর কাছে এসে জড়ো হল। 9 এই বিপুল সংখ্যক লোক দেখে যীশু তাঁর শিষ্যদের বললেন, তাঁর জন্য একটি ছোটো নৌকা প্রস্তুত রাখতে, যেন এত ভিড়ের চাপ তাঁর উপরে এসে না পড়ে।

10 যেহেতু যীশু এর আগে বহু লোককে সুস্থ করেছিলেন, তাই অসংখ্য রোগী তাঁকে একবার স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করে সামনে এগোতে চাইছিল। 11 তাদের মধ্যে মন্দ-আত্মাগ্রস্ত ব্যক্তিরা তাঁকে দেখে তাঁর সামনে লুটিয়ে পড়ে চিৎকার করে বলছিল, “আপনিই সেই ঈশ্বরের পুত্র।”

12 যীশু কিন্তু তাদের কঠোর নির্দেশ দিলেন, তারা যেন কাউকে না বলে যে, আসলে তিনি কে।

যীশু বারোজন প্রেরিতকে বেছে নেন

সারারাত প্রার্থনার পর যীশু বারোজন প্রেরিতকে বেছে নেন।

মার্ক 3:13–19

3:13 পরে যীশু এক পাহাড়ে উঠলেন ও তিনি যাদের ইচ্ছা করলেন তাঁদের কাছে আহ্বান করলেন, এবং তারা তাঁর কাছে এগিয়ে এলেন।

14 তিনি বারোজন শিষ্যকে নিয়োগ করলেন ও তাঁদের “প্রেরিতশিষ্য” বলে ডাকলেন যেন তাঁরা তাঁর সঙ্গে সঙ্গে থাকেন ও তিনি যেন তাঁদের প্রচারের কাজে চারদিকে পাঠাতে পারেন 15 এবং তাঁরা যেন ভূত তাড়ানোর ক্ষমতাপ্রাপ্ত হন।

16 যে বারোজনকে তিনি প্রেরিতশিষ্য পদে নিয়োগ করলেন, তাঁরা হলেন:

শিমোন (যাঁকে তিনি নাম দিয়েছিলেন পিতর),

17 সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন (তিনি যাঁদের নাম দিয়েছিলেন বোনেরগশ, এর অর্থ, বজ্রতনয়);

18 আন্দ্রিয়,

ফিলিপ,

বর্থলময়,

মথি,

থোমা,

আলফেয়ের পুত্র যাকোব,

থদ্দেয়,

জিলট দলভুক্ত শিমোন,

19 এবং যিহূদা ইষ্কারিয়োৎ, যে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

লূক 6:12–16

6:12 সেই সময়, একদিন যীশু প্রার্থনা করার জন্য একটি পাহাড়ের ধারে গেলেন। সেখানে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সারারাত কাটালেন।

13 ভোরবেলায় তিনি তাঁর শিষ্যদের কাছে ডাকলেন এবং তাঁদের মধ্য থেকে বারোজনকে মনোনীত করলেন। তিনি তাঁদের প্রেরিতশিষ্য নামে অভিহিত করলেন:

14 শিমোন (তিনি যাঁর নাম দিয়েছিলেন পিতর), তাঁর ভাই আন্দ্রিয়,

যাকোব,

যোহন,

ফিলিপ,

বর্থলময়,

15 মথি,

থোমা,

আলফেয়ের পুত্র যাকোব,

জিলট নামে পরিচিত শিমোন,

16 যাকোবের পুত্র যিহূদা এবং যিহূদা ইষ্কারিয়োৎ,

যে বিশ্বাসঘাতকতা করেছিল।