যীশু মাগ্দালাবাসী মরিয়মকে দেখা দেন

যীশু মাগ্দালাবাসী মরিয়মকে দেখা দেন এবং শিষ্যদের জন্য তাঁর হাতে একটি বার্তা দেন।

তাঁর পুনরুত্থানের দিনে পাঁচবার এবং তার পরে চল্লিশ দিনের মধ্যে আরও পাঁচবার দেখা দেওয়ার বিবরণ দেওয়া হয়েছে। এই দিনে তিনি যে পাঁচবার দেখা দিয়েছিলেন, সেগুলি হল (1) মাগ্দালাবাসী মরিয়মকে (যোহন ও মার্ক); (2) অন্য নারীদের (মথি); (3) ইম্মায়ুসের পথে যাওয়া দুজনকে; (4) শিমোন পিতরকে (লূক 24:34); (5) দশজন প্রেরিত ও অন্যদের।

জেরুশালেম। সপ্তাহের প্রথম দিন (রবিবার)

30 অথবা 29 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

মার্ক 16:9–11

16:9 সপ্তাহের প্রথম দিনে ভোরবেলায় যীশু উত্থিত হয়ে প্রথমে মাগ্দালাবাসী মরিয়মকে দর্শন দেন, যার মধ্য থেকে তিনি সাতটি ভূত দূর করেছিলেন।

10 তিনি গিয়ে যারা যীশুর সঙ্গে ছিলেন ও কান্নাকাটি এবং বিলাপ করছিলেন, তাঁদের কাছে সেই সংবাদ দিলেন। 11 তাঁরা যখন শুনলেন যে, যীশু জীবিত আছেন ও মরিয়ম তাঁকে দর্শন করেছেন, তাঁরা সেকথা বিশ্বাস করলেন না।

যোহন 20:11–18

20:11 কিন্তু মরিয়ম সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে সমাধির ভিতরে দেখার জন্য তিনি নিচু হলেন। 12 যীশুর দেহ যেখানে শোয়ানো ছিল, সেখানে তিনি সাদা পোশাক পরে দুজন স্বর্গদূতকে দেখতে পেলেন, একজন মাথার দিকে এবং অন্যজন পায়ের দিকে বসে আছেন।

13 তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “নারী, তুমি কাঁদছ কেন?”

তিনি বললেন, “ওরা আমার প্রভুকে নিয়ে গেছে, তাঁকে কোথায় রেখেছে, আমি জানি না।”

14 এই বলে পিছনে ফিরতেই তিনি যীশুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কিন্তু তিনি যে যীশু, মরিয়ম তা বুঝতে পারলেন না।

15 যীশু তাঁকে বললেন, “নারী, তুমি কাঁদছ কেন? কার সন্ধান করছ?”

তাঁকে বাগানের মালি মনে করে মরিয়ম বললেন, “মহাশয়, আপনি যদি তাঁকে নিয়ে গিয়ে থাকেন, আমাকে বলুন, কোথায় তাঁকে রেখেছেন, আমি তাঁকে নিয়ে যাব।”

16 যীশু তাঁকে বললেন, “মরিয়ম!”

তাঁর দিকে ঘুরে তিনি চিৎকার করে উঠলেন, “রব্বুনি!” (শব্দটি অরামীয়, যার অর্থ, “গুরুমহাশয়”)।

17 যীশু তাঁকে বললেন, “আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনও পিতার কাছে ফিরে যাইনি। বরং, আমার ভাইদের কাছে গিয়ে তাঁদের বলো, ‘যিনি আমার পিতা ও তোমাদের পিতা, যিনি আমার ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর, আমি তাঁর কাছে ফিরে যাচ্ছি।’ ”

18 মাগ্দালাবাসী মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে এই সংবাদ দিলেন, “আমি প্রভুকে দেখেছি!” আর যে সমস্ত বিষয়ের কথা যীশু তাঁকে বলেছিলেন, তিনি তাঁদের সেসব কথা বললেন।

যীশু অন্য নারীদের দেখা দেন

জেরুশালেম। রবিবার, সপ্তাহের প্রথম দিন

মথি 28:9–10

28:9 হঠাৎ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, “তোমাদের কল্যাণ হোক।” তারা এগিয়ে এসে তাঁর পা-দুখানি জড়িয়ে ধরলেন ও তাঁকে প্রণাম করলেন। 10 তখন যীশু তাঁদের বললেন, “তোমরা ভয় পেয়ো না। যাও, আমার ভাইদের গালীলে যেতে বলো; সেখানে তারা আমার দর্শন পাবে।”

কয়েকজন প্রহরী ইহুদি শাসকদের সংবাদ দেয়

মথি 28:11–15

28:11 সেই মহিলারা যখন পথে যাচ্ছেন, প্রহরীদের কয়েকজন নগরে প্রবেশ করে প্রধান যাজকদের সমস্ত ঘটনার বিবরণ দিল। 12 প্রধান যাজকেরা প্রাচীনবর্গের সঙ্গে মিলিত হয়ে এক কুমন্ত্রণা করল। তারা সেই সৈন্যদের প্রচুর পরিমাণে অর্থ দিল, 13 তাদের বলল, “তোমাদের বলতে হবে, ‘রাত্রে আমরা যখন ঘুমিয়েছিলাম, তখন তার শিষ্যেরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে।’ 14 আর এই সংবাদ যদি প্রদেশপালের কাছে যায়, আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের সংকটের সমাধান করব।” অতএব, সৈন্যরা সেই অর্থ নিয়ে তাদের নির্দেশমতো কাজ করল। 15 আর এই কাহিনি ব্যাপকরূপে ইহুদিদের মধ্যে রটিয়ে দেওয়া হল, যা আজও পর্যন্ত প্রচলিত আছে।

যীশু ইম্মায়ুসের পথে দুজন শিষ্যকে দেখা দেন

যীশু ইম্মায়ুসের পথে দুজন শিষ্যকে (ক্লিয়োপা ও আরেকজনকে) দেখা দেন।

রবিবার বিকেল

মার্ক 16:12–13

16:12 এরপর যীশু ভিন্ন রূপে অপর দুজন শিষ্যকে দর্শন দিলেন। তাঁরা পায়ে হেঁটে একটি গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। 13 তাঁরাও ফিরে এসে অন্য সবার কাছে সেকথা বললেন, কিন্তু তাঁরা তাদের কথাও বিশ্বাস করলেন না।

লূক 24:13–32

24:13 সেদিন, তাঁদের মধ্যে দুজন জেরুশালেম থেকে এগারো কিলোমিটার দূরের ইম্মায়ুস নামে একটি গ্রামে যাচ্ছিলেন। 14 তাঁরা পরস্পর বিগত ঘটনাবলি সম্পর্কে আলাপ-আলোচনা করছিলেন। 15 তাঁরা যখন পরস্পরের মধ্যে এ সমস্ত আলোচনা করছিলেন, তখন যীশু স্বয়ং উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে সঙ্গে পথ চলতে লাগলেন; 16 কিন্তু দৃষ্টি রুদ্ধ থাকায় তাঁরা তাঁকে চিনতে পারলেন না।

17 তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “পথ চলতে চলতে তোমরা পরস্পর কী আলোচনা করছিলে?”

তাঁরা বিষণ্ণ মুখে থমকে দাঁড়ালেন। 18 তাঁদের মধ্যে যাঁর নাম ক্লিয়োপা তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি জেরুশালেমে একমাত্র প্রবাসী যে, এই কয় দিনে সেখানে যা ঘটেছে তার কিছুই আপনি জানেন না?”

19 তিনি জিজ্ঞাসা করলেন, “কী সব ঘটেছে?”

তাঁরা উত্তর দিলেন, “নাসরতের যীশু সম্পর্কিত ঘটনা। তিনি ছিলেন একজন ভাববাদী, ঈশ্বর ও সব মানুষের সাক্ষাতে বাক্যে ও কাজে এক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। 20 প্রধান যাজকেরা ও আমাদের সমাজভবনের অধ্যক্ষরা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশে সমর্পিত করল এবং তারা তাঁকে ক্রুশবিদ্ধ করল। 21 কিন্তু আমরা আশা করেছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করতে চলেছেন। আর তিন দিন হল এই সমস্ত ঘটনা ঘটেছে। 22 এছাড়াও, আমাদের কয়েকজন মহিলা আমাদের হতবাক করে দিয়েছেন। তাঁরা আজ খুব ভোরবেলা সমাধিস্থলে গিয়েছিলেন, 23 কিন্তু তাঁর দেহের সন্ধান পাননি। তাঁরা এসে আমাদের বললেন যে, তাঁরা স্বর্গদূতদের দর্শন লাভ করেছেন। তাঁরা আরও বললেন যে, যীশু জীবিত আছেন। 24 তারপর আমাদের কয়েকজন সঙ্গী সমাধিস্থলে গিয়ে মহিলারা যেমন বলেছিলেন, ঠিক সেইমতো দেখলেন, কিন্তু তাঁকে তাঁরা দেখতে পাননি।”

25 যীশু তাঁদের বললেন, “তোমরা কত অবোধ! আর ভাববাদীরা যেসব কথা বলে গেছেন, সেগুলি বিশ্বাস করতে তোমাদের মন কেমন শিথিল! 26 এই প্রকার দুঃখ বরণ করার পরই কি খ্রীষ্ট স্বমহিমায় প্রবেশ করতেন না?” 27 এরপর মোশি ও সমস্ত ভাববাদী গ্রন্থ থেকে শুরু করে সমগ্র শাস্ত্রে তাঁর সম্পর্কে যা লেখা আছে, সে সমস্তই তিনি তাঁদের কাছে ব্যাখ্যা করলেন।

28 যে গ্রামে তারা যাচ্ছিলেন, সেখানে উপস্থিত হলে যীশু আরও দূরে এগিয়ে যাওয়ার ভাব দেখালেন। 29 কিন্তু তাঁরা তাঁকে সাধাসাধি করে বললেন, “সন্ধ্যা হয়ে এসেছে, দিনও প্রায় শেষ হয়ে এল, আপনি আমাদের সঙ্গে থাকুন।” তাই তিনি তাঁদের সঙ্গে থাকার জন্য ভিতরে গেলেন।

30 তাঁদের সঙ্গে আহারে বসে তিনি রুটি নিলেন, ধন্যবাদ দিলেন এবং তা ভেঙে তাঁদের হাতে দিলেন। 31 সেই মুহূর্তে তাঁদের চোখ খুলে গেল, আর তাঁরা তাঁকে চিনতে পারলেন। কিন্তু যীশু তাঁদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। 32 তাঁরা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, “আমাদের সঙ্গে পথ চলতে চলতে তিনি যখন আমাদের কাছে শাস্ত্রের ব্যাখ্যা করছিলেন, তখন কি আমাদের অন্তরে এক আবেগের উত্তাপ অনুভব হচ্ছিল না?”