নিজের দেশের ধ্বংসদশা নিয়ে যিরমিয়ের বিলাপ (continued)

588 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

বিলাপ 4–5

1 হায়! সোনা কেমন তার উজ্জ্বলতা হারিয়েছে,

উজ্জ্বল সোনা মলিন হয়েছে!

পবিত্র মণিরত্নগুলি ছত্রাকার হয়ে

প্রতি পথের মোড়ে পড়ে আছে।

2 বহুমূল্য সিয়োন-সন্তানেরা,

যারা একদিন সোনার মতো গুরুত্বপূর্ণ ছিল,

এখন তাদের অবস্থা মাটির পাত্রের মতো,

যা কুমোরের হাতে নির্মিত!

3 এমনকি শিয়ালেরাও তাদের শাবকদের

প্রতিপালনের জন্য স্তন্যপান করায়,

কিন্তু আমার প্রজারা মরুভূমির উটপাখির

মতো হৃদয়হীন হয়েছে।

4 পিপাসিত হওয়ার কারণে কোলের শিশুদের

জিভ মুখের তালুতে আটকে যায়;

শিশুরা রুটি ভিক্ষা চায়,

কিন্তু কেউই তাদের তা দেয় না।

5 একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত

আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে।

যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে,

তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে।

6 আমার প্রজাদের শাস্তি

সদোমের লোকদের চেয়েও বেশি,

যারা মুহূর্তমধ্যে উৎপাটিত হয়েছিল,

একটি সাহায্যকারী হাতও তারা পায়নি।

7 তাদের অমাত্যরা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল

এবং দুধের চেয়েও শুভ্র,

তাদের অঙ্গ ছিল প্রবালের চেয়েও লাল,

তাদের কান্তি ছিল নীলকান্তমণির মতো।

8 কিন্তু এখন তারা হয়েছে ভুষোকালির চেয়েও কালো;

পথে পথে তাদের চেনা যায় না।

তাদের চামড়া কুঁচকে হাড়ের সঙ্গে লেগে রয়েছে,

তা কাঠির মতোই শুকনো হয়ে গেছে।

9 যারা তরোয়ালের আঘাতে নিহত হয় তারা বরং

দুর্ভিক্ষের কারণে মৃতদের চেয়ে ভালো;

মাঠ থেকে কোনো শস্য না পেয়ে,

তারা ক্ষুধার জ্বালায় ক্ষয় পেয়ে উৎখাত হচ্ছে।

10 স্নেহশীলা নারীরা তাদের নিজেদের হাতে,

তাদেরই ছেলেমেয়েদের রান্না করেছে,

তারা তখন তাদের খাদ্যে পরিণত হয়েছে,

যখন আমার প্রজারা ধ্বংস হয়েছে।

11 সদাপ্রভু তাঁর ক্রোধ পূর্ণরূপে সম্পন্ন করেছেন;

তিনি তাঁর ভয়ংকর ক্রোধ ঢেলে দিয়েছেন।

তিনি সিয়োনে এক আগুন প্রজ্বলিত করেছেন,

যা গ্রাস করেছে তার সমস্ত ভিত্তিমূলকে।

12 পৃথিবীর রাজারা বা জগতের কোনো

লোকও বিশ্বাস করেনি যে,

বিপক্ষেরা ও শত্রুরা

জেরুশালেমের তোরণদ্বারগুলি দিয়ে প্রবেশ করতে পারবে।

13 কিন্তু তার ভাববাদীদের পাপের জন্য এইরকম ঘটেছে,

এবং তার যাজকদের শঠতার জন্য,

যারা তারই মধ্যে বসে

ধার্মিক লোকদের রক্তপাত করেছে।

14 এখন তারা অন্ধ লোকদের মতো

পথে পথে হাতড়ে বেড়ায়।

রক্তে তারা এমনভাবে কলুষিত যে,

কেউই তাদের পোশাক ছুঁতে চায় না।

15 লোকেরা চিৎকার করে তাদের বলে, “দূর হও! তোমরা অশুচি!

দূর হও! দূর হও! আমাদের স্পর্শ কোরো না!”

যখন তারা পালিয়ে এবং ঘুরে বেড়ায়,

তখন অন্যান্য জাতির লোকেরা বলে,

“ওরা এখানে কখনও থাকতে পারবে না।”

16 সদাপ্রভু স্বয়ং তাদের ছিন্নভিন্ন করেছেন;

তিনি আর তাদের দেখেন না।

যাজকদের কেউ আর সম্মান করে না,

প্রাচীনদের কেউ আর কৃপা করে না।

17 এছাড়া, মিথ্যা সাহায্যের প্রত্যাশায়

আমাদের দৃষ্টি ক্ষীণ হয়েছে;

আমাদের উচ্চগৃহগুলি থেকে এক জাতির দিকে তাকিয়েছিলাম,

কিন্তু তারা আমাদের রক্ষা করতে পারেনি।

18 লোকেরা চুপিসাড়ে আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে,

তাই আমরা পথে হাঁটতে পারি না।

আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ,

কেননা আমাদের শেষকাল উপস্থিত।

19 আকাশের ঈগল পাখিদের চেয়েও

আমাদের পশ্চাদ্ধাবনকারীরা দ্রুতগতিসম্পন্ন ছিল;

তারা পর্বতগুলির উপরেও আমাদের তাড়া করে গেছে,

আর মরুভূমিতে আমাদের জন্য ওৎ পেতে থেকেছে।

20 যিনি সদাপ্রভুর অভিষিক্ত, আমাদের জাতির প্রাণস্বরূপ,

তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন।

আমরা ভেবেছিলাম যে তাঁরই ছায়ায়

আমরা জাতিগুলির মধ্যে জীবনযাপন করব।

21 ঊষ দেশে বসবাসকারী, ইদোম-কন্যা,

আনন্দ করো ও উল্লসিত হও।

কিন্তু তোমার কাছেও সেই পানপাত্র আসবে;

তুমিও মত্ত হবে ও নগ্ন হবে।

22 সিয়োন-কন্যা, তোমার শাস্তির দিন শেষ হবে;

তোমার নির্বাসনের দিন তিনি আর বিলম্বিত করবেন না।

কিন্তু ইদোম-কন্যা, তোমার পাপের শাস্তি তিনি দেবেন

ও তোমার সমস্ত দুষ্টতা অনাবৃত করবেন।

5:1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো,

এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান।

2 আমাদের অধিকার বিজাতীয় লোকদের হাতে,

আমাদের ঘরবাড়ি বিদেশিদের দখলে চলে গেছে।

3 আমরা অনাথ ও পিতৃহীন হয়েছি,

আমাদের মায়েরা বিধবা হয়েছে।

4 পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়;

অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই।

5 যারা আমাদের তাড়া করে, তারা আমাদের ঠিক পিছনেই;

আমরা শ্রান্ত-ক্লান্ত এবং এতটুকু বিশ্রাম পাই না।

6 পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা

মিশর ও আসিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি।

7 আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তারা আর নেই,

তাই আমরা তাদের শাস্তি বহন করছি।

8 ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে,

এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।

9 মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে

আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।

10 আমাদের চামড়া উনুনের মতো তপ্ত,

খিদেয় আমাদের জ্বর জ্বর বোধ হয়।

11 সিয়োনে নারীদের অপবিত্র করা হয়েছে,

এবং যিহূদার নগরগুলিতে কুমারী-কন্যারা ধর্ষিতা হয়েছে।

12 রাজপুরুষদের হাত বেঁধে ফাঁসি দেওয়া হয়েছে,

প্রাচীন ব্যক্তিদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি।

13 যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে;

বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।

14 প্রাচীনেরা নগরদ্বার থেকে চলে গেছেন;

যুবকেরা তাদের বাজনার শব্দ থামিয়ে দিয়েছে।

15 আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে,

আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।

16 আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে।

ধিক্ আমাদের, কেননা আমরা পাপ করেছি!

17 এইসব কারণে আমাদের হৃদয় মূর্ছিত হয়েছে,

এইসব কারণে আমাদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে।

18 কারণ সিয়োন পর্বত পরিত্যক্ত পড়ে আছে,

শিয়ালেরা তার উপরে বিচরণ করে।

19 হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন;

তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী।

20 তুমি কেন সবসময় আমাদের ভুলে যাও?

কেন তুমি এত দীর্ঘকাল যাবৎ আমাদের পরিত্যাগ করে আছ?

21 হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি;

পুরোনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো।

22 কিন্তু তুমি যে আমাদের একেবারেই অগ্রাহ্য করেছ,

এবং আমাদের উপরে তোমার মাত্রাহীন ক্রোধ রয়েছে।