ভাগ 6: যাকোব ও কুলপতিদের মৃত্যু

যাকোব তাঁর পুত্রদের আশীর্বাদ করেন ও মারা যান

1689 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

আদি পুস্তক 47:27–49:33

27 ইস্রায়েলীরা মিশরে গোশন অঞ্চলে বসতি স্থাপন করল। তারা সেখানে বিষয়সম্পত্তি অর্জন করল এবং ফলবান হল ও সংখ্যায় ব্যাপকভাবে বৃদ্ধি পেল।

28 যাকোব মিশরে সতেরো বছর বেঁচেছিলেন, এবং তাঁর জীবনকাল হল 147 বছর। 29 ইস্রায়েলের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এল, তিনি তখন তাঁর ছেলে যোষেফকে ডেকে পাঠালেন এবং তাঁকে বললেন, “আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার ঊরুর নিচে তোমার হাত রেখে প্রতিজ্ঞা করো যে তুমি আমার প্রতি দয়া ও বিশ্বস্ততা দেখাবে। আমাকে মিশরে কবর দিয়ো না, 30 কিন্তু আমি যখন আমার পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হব, তখন মিশর থেকে আমাকে তুলে নিয়ে যেয়ো এবং সেখানেই কবর দিয়ো যেখানে তাঁদের কবর দেওয়া হয়েছে।”

“আপনি যেমনটি বললেন, আমি তেমনটিই করব,” তিনি বললেন।

31 “আমার কাছে প্রতিজ্ঞা করো,” তিনি বললেন। তখন যোষেফ তাঁর কাছে প্রতিজ্ঞা করলেন, এবং ইস্রায়েল তাঁর লাঠির ডগার উপর হেলান দিয়ে উপাসনা করলেন।

48:1 কিছুকাল পর যোষেফকে বলা হল, “আপনার বাবা অসুস্থ হয়ে পড়েছেন।” অতএব তিনি তাঁর দুই ছেলে মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে করে নিয়ে গেলেন। 2 যাকোবকে যখন বলা হল, “আপনার ছেলে যোষেফ আপনার কাছে এসেছেন,” তখন ইস্রায়েল শক্তি সঞ্চয় করে বিছানায় উঠে বসলেন।

3 যাকোব যোষেফকে বললেন, “সর্বশক্তিমান ঈশ্বর কনান দেশের লূসে আমাকে দর্শন দিয়েছিলেন, এবং সেখানে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন 4 ও আমাকে বলেছিলেন, ‘আমি তোমাকে ফলবান করতে ও তোমার সংখ্যা বৃদ্ধি করতে চলেছি। আমি তোমাকে এক জনসমাজে পরিণত করব, এবং আমি তোমার পরে তোমার বংশধরদের এই দেশটি চিরস্থায়ী এক অধিকাররূপে দেব।’

5 “এখন তবে, আমি তোমার কাছে এখানে আসার আগে মিশরে তোমার যে দুই ছেলে জন্মেছিল, তারা আমারই বলে গণ্য হবে; ইফ্রয়িম ও মনঃশি আমারই হবে, ঠিক যেমন রূবেণ ও শিমিয়োনও আমার। 6 এদের পরে তোমার যে কোনো সন্তান জন্মাবে, তারা তোমারই হবে; উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সেই অঞ্চলে তারা তাদের দাদাদের নামেই পরিচিত হবে। 7 আমি যখন পদ্দন থেকে ফিরছিলাম, তখন আমাদের যাত্রাপথেই ইফ্রাথ থেকে খানিকটা দূরে সেই কনান দেশে রাহেল মারা গিয়েছিল। তাই ইফ্রাথে (অথবা, বেথলেহেমে) যাওয়ার পথের পাশে আমি তাকে কবর দিয়েছিলাম।”

8 ইস্রায়েল যখন যোষেফের ছেলেদের দেখলেন, তখন তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, “এরা কারা?”

9 “এরা সেই ছেলেরা, ঈশ্বর যাদের এখানে আমাকে দিয়েছেন,” যোষেফ তাঁর বাবাকে বললেন।

তখন ইস্রায়েল বললেন, “তাদের আমার কাছে নিয়ে এসো, যেন আমি তাদের আশীর্বাদ করতে পারি।”

10 বার্ধক্যের কারণে ইস্রায়েলের চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছিল, এবং দেখতে তাঁর খুব অসুবিধা হত। তাই যোষেফ নিজের ছেলেদের তাঁর খুব কাছে নিয়ে এলেন, এবং তাঁর বাবা তাদের চুমু দিলেন ও তাদের আলিঙ্গন করলেন।

11 ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি কখনও আশা করিনি যে তোমার মুখ আবার দেখতে পাব, আর ঈশ্বর এখন আমাকে তোমার সন্তানদেরও দেখার সুযোগ করে দিলেন।”

12 পরে যোষেফ ইস্রায়েলের দুই হাঁটুর মাঝখান থেকে তাদের সরিয়ে দিলেন এবং মাটিতে মুখ ঠেকিয়ে নতজানু হলেন 13 আর যোষেফ তাদের দুজনকে নিয়ে, ইফ্রয়িমকে নিজের ডানদিকে রেখে ইস্রায়েলের বাঁ হাতের দিকে এবং মনঃশিকে নিজের বাঁদিকে রেখে ইস্রায়েলের ডান হাতের দিকে এগিয়ে দিলেন, এবং তাঁর খুব কাছাকাছি নিয়ে এলেন। 14 কিন্তু ইস্রায়েল তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন এবং তা ইফ্রয়িমের মাথায় রাখলেন, যদিও সেই ছিল ছোটো, এবং তাঁর হাত দুটি আড়াআড়িভাবে বাড়িয়ে দিয়ে, তিনি তাঁর বাঁ হাত মনঃশির মাথায় রাখলেন, যদিও মনঃশিই ছিল প্রথমজাত সন্তান।

15 পরে তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন,

“আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক যে ঈশ্বরের সামনে

বিশ্বস্ততাপূর্বক চলাফেরা করতেন,

আজও পর্যন্ত আমার সমগ্র জীবনভোর

যে ঈশ্বর আমার মেষপালক হয়ে থেকেছেন,

16 যে দূত আমাকে সব অনিষ্ট থেকে রক্ষা করেছেন,

তিনিই এই বালকদের আশীর্বাদ করুন।

তারা আমার এবং আমার পূর্বপুরুষ অব্রাহাম

ও ইস্‌হাকের নাম দ্বারাই পরিচিত হোক,

আর তারা এই পৃথিবীর বুকে

ব্যাপকভাবে বৃদ্ধিলাভ করুক।”

17 যোষেফ যখন দেখলেন যে তাঁর বাবা তাঁর ডান হাত ইফ্রয়িমের মাথায় রেখেছেন তখন তিনি অসন্তুষ্ট হলেন; তাই তিনি তাঁর বাবার হাতটি মনঃশির মাথার উপর রাখার জন্য সেটি ধরে ইফ্রয়িমের মাথার উপর থেকে সরিয়ে দিলেন। 18 যোষেফ তাঁকে বললেন, “হে আমার বাবা, না না, এই প্রথমজাত, এরই মাথার উপর আপনার ডান হাতটি রাখুন।”

19 কিন্তু তাঁর বাবা তা প্রত্যাখ্যান করে বললেন, “আমি জানি, বাছা, আমি জানি। সেও এক জাতিতে পরিণত হবে, এবং সেও মহান হবে। তা সত্ত্বেও, তার ছোটো ভাই তার থেকেও মহান হবে এবং তার বংশধরেরা এক জাতিপুঞ্জ হবে।” 20 সেদিন তিনি তাদের আশীর্বাদ করে বললেন,

“তোমার নামেই ইস্রায়েল এই আশীর্বাদ উচ্চারণ করবে:

‘ঈশ্বর তোমাকে ইফ্রয়িম ও মনঃশির মতো করুন।’ ”

অতএব তিনি ইফ্রয়িমকে মনঃশির আগে রাখলেন।

21 পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি মরতে চলেছি, কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্তী থাকবেন এবং তোমাদের পূর্বপুরুষদের দেশে তোমাদের ফিরিয়ে নিয়ে যাবেন। 22 আর আমি তোমার দাদা-ভাইদের যা দেব তা থেকেও তোমাকে দেশের আরও একটি বেশি শৈলশিরা দেব, যে শৈলশিরাটি আমি আমার তরোয়াল ও আমার ধনুক দিয়ে ইমোরীয়দের কাছ থেকে অধিকার করেছিলাম।”

49:1 পরে যাকোব তাঁর ছেলেদের ডেকে বললেন: “তোমরা একত্রিত হও যেন আমি তোমাদের বলে দিতে পারি আগামী দিনগুলিতে তোমাদের প্রতি কী ঘটবে।

2 “হে যাকোবের সন্তানেরা, জমায়েত হও ও শোনো;

তোমাদের বাবা ইস্রায়েলের কথা শোনো।

3 “হে রূবেণ, তুমি আমার প্রথমজাত,

আমার বল, আমার শক্তির প্রথম চিহ্ন,

সম্মানে উত্তম, পরাক্রমে উত্তম।

4 জলের মতো অদম্য বলে, তুমি আর শ্রেষ্ঠতর হবে না,

কারণ তুমি তোমার বাবার বিছানায়,

আমার শয্যায় গেলে ও সেটি কলুষিত করলে।

5 “শিমিয়োন ও লেবি দুই ভাই—

তাদের তরোয়ালগুলি হিংস্রতার অস্ত্রশস্ত্র।

6 তাদের মন্ত্রণা-সভায় আমি যেন না ঢুকি,

তাদের সমাবেশে যেন যোগ না দিই,

কারণ তাদের ক্রোধে তারা মানুষজনকে হত্যা করেছিল

এবং তাদের খেয়ালখুশি মতো তারা বলদদের পায়ের শিরা কেটে দিয়েছিল।

7 অভিশপ্ত হোক তাদের ক্রোধ, যা এত প্রচণ্ড,

আর তাদের উন্মত্ততা, যা এত নিষ্ঠুর!

যাকোবের মধ্যে আমি তাদের ইতস্তত ছড়িয়ে দেব

এবং ইস্রায়েলের মধ্যে তাদের বিক্ষিপ্ত করে দেব।

8 “হে যিহূদা, তোমার দাদা-ভাইয়েরা তোমার প্রশংসা করবে;

তোমার শত্রুদের ঘাড়ে তোমার হাত থাকবে;

তোমার বাবার ছেলেরা তোমার কাছে মাথা নত করবে।

9 তুমি এক সিংহশাবক, হে যিহূদা;

বাছা, তুমি শিকার করে ফিরে এলে।

এক সিংহের মতো সে গুড়ি মারে ও শুয়ে থাকে,

এক সিংহীর মতো—কে তাকে জাগাতে সাহস করে?

10 যিহূদা থেকে রাজদণ্ড বিদায় নেবে না,

তার দুই পায়ের ফাঁক থেকে শাসকের ছড়িও সরে যাবে না,

যতদিন না তিনি আসছেন সেটি যাঁর অধিকারভুক্ত

আর জাতিদের সেই আনুগত্য তাঁরই হবে।

11 সে এক দ্রাক্ষালতায় তার গাধা বেঁধে রাখবে,

তার অশ্বশাবক সেই পছন্দসই ডালে বেঁধে রাখবে;

দ্রাক্ষারসে সে তার জামাকাপড় ধোবে,

তার আলখাল্লাগুলি ধোবে দ্রাক্ষারসের রক্তে।

12 তার চোখদুটি দ্রাক্ষারসের থেকেও বেশি রক্তবর্ণ হবে,

তার দাঁতগুলি দুধের থেকেও বেশি সাদা হবে।

13 “সবূলূন সমুদ্রতীরে বসবাস করবে

আর জাহাজগুলির জন্য এক পোতাশ্রয় হবে;

তার সীমানা সীদোনের দিকে প্রসারিত হবে।

14 “ইষাখর এক কঙ্কালসার গাধা

মেষ-খোঁয়াড়ের মধ্যে যে পড়ে আছে।

15 যখন সে দেখবে তার বিশ্রামস্থান কত সুন্দর

ও তার দেশ কত সুখকর,

তখন ভারবহনের জন্য সে তার কাঁধ নত করবে

ও কষ্টকল্পিত পরিশ্রমের প্রতি সমর্পিত হবে।

16 “ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে এক গোষ্ঠীরূপে

দান তার লোকজনের জন্য ন্যায় প্রদান করবে।

17 দান পথের পাশে পড়ে থাকা এক সাপ,

সেই পথ বরাবর এমন এক বিষধর সাপ হবে,

যে ঘোড়ার গোড়ালিতে ছোবল মারে

যেন সেটির সওয়ার পিছন-পানে ডিগবাজি খায়।

18 “হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।

19 “গাদ এক আক্রমণকারী দল দ্বারা আক্রান্ত হবে,

কিন্তু সে তাদের গোড়ালি লক্ষ্য করে তাদের আক্রমণ করবে।

20 “আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ;

সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই।

21 “নপ্তালি এমন এক বাঁধনমুক্ত হরিণী

যা সুন্দর সুন্দর হরিণশিশু গর্ভে ধারণ করে।

22 “যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা,

এক নির্ঝরিণীর কাছে স্থিত এক ফলবান দ্রাক্ষালতা,

যার শাখাপ্রশাখাগুলি এক দেয়াল বেয়ে ওঠে।

23 তিক্ততা সমেত তিরন্দাজরা তাকে আক্রমণ করেছিল;

শত্রুতা দেখিয়ে তারা তার দিকে তির ছুঁড়েছিল।

24 কিন্তু তার ধনুক অবিচলিত থেকেছিল,

তার শক্তিশালী হাত দুটি নমনীয় হয়েই ছিল,

যাকোবের সেই শক্তিমান-জনের সেই হাতের কারণে,

ইস্রায়েলের সেই মেষপালকের, সেই শৈলের কারণে,

25 তোমার পৈত্রিক সেই ঈশ্বরের কারণে, যিনি তোমাকে সাহায্য করবেন,

সেই সর্বশক্তিমানের কারণে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন

ঊর্ধ্বস্থিত আকাশের আশীর্বাদসহ,

নিচস্থ গভীর নির্ঝরিণীর আশীর্বাদসহ,

স্তন ও গর্ভের আশীর্বাদসহ।

26 তোমার পৈত্রিক আশীর্বাদগুলি

সেই প্রাচীন পাহাড়-পর্বতের আশীর্বাদগুলির চেয়েও মহত্তর,

শতাব্দী-প্রাচীন পাহাড়গুলির দানশীলতার চেয়েও মহত্তর।

এসব কিছু যোষেফের মাথায় স্থির হোক,

তার দাদা-ভাইদের মধ্যে যে নায়ক, তার ললাটে গিয়ে পড়ুক।

27 “বিন্যামীন এক বুভুক্ষু নেকড়ে;

সকালবেলায় সে শিকার গ্রাস করে,

সন্ধ্যাবেলায় সে লুন্ঠিত জিনিসপত্র ভাগবাঁটোয়ারা করে।”

28 এরা সবাই ইস্রায়েলের সেই বারো বংশ, এবং তাঁদের বাবা প্রত্যেককে যথাযথ আশীর্বাদ দিয়ে তাঁদের আশীর্বাদ করার সময় তাঁদের এই কথাগুলিই বললেন।

29 পরে তিনি তাঁদের এইসব নির্দেশ দিলেন: “আমি আমার পরিজনবর্গের সঙ্গে একত্রিত হতে যাচ্ছি। আমাকে আমার পূর্বপুরুষদের সঙ্গে হিত্তীয় ইফ্রোণের ক্ষেতের সেই গুহায় কবর দিয়ো, 30 যে গুহাটি কনানে মম্রির পার্শ্ববর্তী মক্‌পেলার ক্ষেতে অবস্থিত, যেটি অব্রাহাম হিত্তীয় ইফ্রোণের কাছ থেকে ক্ষেতসহ এক কবরস্থানরূপে কিনেছিলেন। 31 সেখানে অব্রাহাম এবং তাঁর স্ত্রী সারাকে কবর দেওয়া হয়েছিল, সেখানেই ইস্‌হাক ও তাঁর স্ত্রী রিবিকাকে কবর দেওয়া হয়েছিল, এবং সেখানেই আমি লেয়াকে কবর দিয়েছি। 32 সেই ক্ষেত ও সেই গুহাটি হিত্তীয়দের কাছ থেকে কেনা হয়েছিল।”

33 যাকোব তাঁর ছেলেদের নির্দেশদান সমাপ্ত করার পর, তিনি তাঁর পা-দুটি বিছানায় টেনে আনলেন, শেষনিশ্বাস ত্যাগ করলেন এবং তাঁর পরিজনবর্গের সঙ্গে একত্রিত হলেন।