হামনের ষড়যন্ত্র ব্যর্থ হয় (continued)

453 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইষ্টের 6–8

1 সেরাতে রাজা ঘুমাতে পারছিলেন না; সেইজন্য তিনি আদেশ দিলেন যেন তাঁর কাছে, তাঁর সময়ের ঘটনাপঞ্জী এনে পড়া হয়। 2 সেখানে দেখা গেল যে বিগথন ও তেরশ নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।

3 রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।”

রাজার পরিচর্যাকারী বলল, “কিছুই করা হয়নি।”

4 রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরি করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ির বাইরের দরবারে এসেছিল।

5 রাজার পরিচর্যাকারীরা বলল, “হামন দরবারে দাঁড়িয়ে আছেন।”

রাজা বললেন, “তাকে ভিতরে নিয়ে এসো।”

6 হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চায় তার জন্য কি করা উচিত?”

তখন হামন মনে মনে ভাবল, “আমাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?” 7 সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাকে সম্মান দেখাতে চান, 8 তার জন্য রাজার একটি রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক। 9 তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের লোকদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হয়।”

10 রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ির দ্বারে বসা সেই ইহুদি মর্দখয়ের প্রতি তেমনি করো। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”

11 তখন হামন রাজপোশাক এবং ঘোড়া নিল এবং মর্দখয়কে রাজপোশাক পরিয়ে ও ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হবে!”

12 এরপর মর্দখয় আবার রাজবাড়ির দ্বারে ফিরে গেলেন। কিন্তু হামন দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল, 13 এবং তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধুদের বলল।

তার পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে, সেই মর্দখয় যদি ইহুদি বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না—নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে!” 14 তারা তখনও তার সঙ্গে কথা বলছে এমন সময় রাজার নপুংসকেরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।

7:1 তারপর রাজা ও হামন রানি ইষ্টেরের ভোজে গেলেন, 2 আর তারা যখন দ্বিতীয় দিনে দ্রাক্ষারস পান করছিলেন তখন রাজা জিজ্ঞাসা করলেন, “রানি ইষ্টের তুমি কি চাও? তাই তোমাকে দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি সাম্রাজ্যের অর্ধেকও হয় তোমাকে দেওয়া হবে।”

3 রানি ইষ্টের তখন উত্তরে বললেন, “মহারাজ, আমি যদি আপনার দয়া পেয়ে থাকি এবং মহারাজ যদি খুশি হয়ে থাকেন, আমার প্রাণরক্ষা করুন এটি আমার আবেদন। এবং আমার জাতির লোকদের প্রাণরক্ষা করুন এটি আমার অনুরোধ। 4 কারণ আমাকে ও আমার জাতির লোকদের বিক্রি করা হয়েছে ধ্বংস করার, মেরে ফেলার ও একেবারে শেষ করে দেবার জন্য। যদি আমাদের দাস ও দাসী করা হত তবে আমি চুপ করে থাকতাম, কারণ ওই রকম কষ্টের কথা মহারাজকে জানানো উচিত হত না।”

5 তখন রাজা অহশ্বেরশ রানি ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “কে সে? সেই লোকটি কোথায় যার এই কাজ করার সাহস হয়েছে?”

6 ইষ্টের বললেন, “সেই বিপক্ষ ও শত্রু হল এই দুষ্ট হামন।”

তখন হামন রাজার ও রানির সামনে ভীষণ ভয় পেল। 7 রাজা রেগে গিয়ে দ্রাক্ষারস রেখে উঠলেন এবং বের হয়ে রাজবাড়ির বাগানে গেলেন। কিন্তু হামন মনে করল যে রাজা তার ভাগ্য স্থির করে ফেলেছেন, সেইজন্য রানি ইষ্টেরের কাছে প্রাণ ভিক্ষার জন্য সেখানে রইল।

8 রাজবাড়ির বাগান থেকে রাজা ভোজের ঘরে ফিরে আসলেন আর তখন ইষ্টের যে আসনে হেলান দিয়ে বসেছিলেন তার উপর হামন পড়েছিল।

রাজা চেঁচিয়ে বললেন, “এই লোকটি কি আমার সামনে রানিকে উত্যক্ত করবে যখন তিনি আমার সঙ্গে আমার গৃহে আছেন?”

রাজার মুখ থেকে এই কথা বের হওয়ামাত্র লোকেরা হামনের মুখ ঢেকে ফেলল। 9 তখন হর্বোণা নামে রাজার একজন নপুংসক যে তাঁর পরিচর্যাকারী বলল, “হামনের বাড়িতে পচাত্তর ফুট উঁচু একটি ফাঁসিকাঠ তৈরি আছে। মর্দখয়, যিনি রাজার প্রাণরক্ষার জন্য খবর দিয়েছিলেন তাঁর জন্যই হামন ওটি তৈরি করেছিল।”

রাজা বললেন, “ওটির উপরে ওকেই ফাঁসি দাও।” 10 কাজেই মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসিকাঠ হামন তৈরি করেছিল সেখানেই তাকে ফাঁসি দেওয়া হল। এরপর রাজার রাগ পড়ল।

8:1 সেদিনই রাজা অহশ্বেরশ ইহুদিদের শত্রু হামনের সম্পত্তি রানি ইষ্টেরকে দিলেন। এবং মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ ইষ্টের জানিয়েছিলেন তাঁর সঙ্গে মর্দখয়ের সম্পর্ক। 2 রাজা তাঁর স্বাক্ষর দেওয়ার যে আংটিটি হামনের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন সেটি নিজের হাত থেকে খুলে মর্দখয়কে দিলেন। আর ইষ্টের তাঁকে হামনের সম্পত্তির উপর নিযুক্ত করলেন।

3 ইষ্টের রাজার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে আবার তাঁর কাছে মিনতি জানালেন। ইহুদিদের বিরুদ্ধে অগাগীয় হামন যে দুষ্ট পরিকল্পনা করেছিল তা বন্ধ করার জন্য তিনি রাজাকে অনুরোধ করলেন। 4 তখন রাজা তাঁর সোনার রাজদণ্ডটি ইষ্টেরের দিকে বাড়িয়ে দিলেন আর ইষ্টের উঠে রাজার সামনে দাঁড়ালেন।

5 ইষ্টের বললেন, “মহারাজের যদি ভালো মনে হয়, তিনি যদি আমাকে দয়ার চোখে দেখেন এবং যদি ভাবেন যে, কাজটি করা ন্যায্য আর যদি তিনি আমার উপর খুশি হয়ে থাকেন, তবে মহারাজের সমস্ত রাজ্যের ইহুদিদের ধ্বংস করবার জন্য পরিকল্পনা করে অগাগীয় হম্মদাথার ছেলে হামন যে চিঠি লিখেছিল তা বাতিল করার জন্য একটি আদেশ লেখা হোক। 6 কারণ আমার লোকদের বিপর্যয় দেখে আমি কি করে সহ্য করব? আমার পরিবারের ধ্বংস দেখে আমি কি করে সহ্য করব?”

7 রাজা অহশ্বেরশ রানি ইষ্টেরকে ও ইহুদি মর্দখয়কে বললেন, “যেহেতু হামন ইহুদিদের আক্রমণ করেছিল, আমি তার সম্পত্তি ইষ্টেরকে দিয়েছি আর লোকেরা তাকে ফাঁসিকাঠে ফাঁসি দিয়েছে। 8 এখন যেভাবে তোমাদের ভালো মনে হয় সেই ইহুদিদের পক্ষে রাজার নামে আরেকটি আদেশ লিখে রাজার স্বাক্ষর করা আংটি দিয়ে সিলমোহর করো রাজার নাম করে লেখা এবং রাজার আংটি দিয়ে সিলমোহর করা কোনও আদেশ বাতিল করা যায় না।”

9 তৃতীয় মাসে, সীবন মাসে তেইশ দিনের দিন—সঙ্গে সঙ্গে রাজার কার্যনির্বাহকদের ডাকা হল। মর্দখয়ের সমস্ত আদেশ অনুসারে হিন্দুস্থান থেকে কূশ দেশ পর্যন্ত 127-টি রাজ্যের ইহুদিদের, রাজ্যের শাসক, কর্মকর্তা ও উঁচু পদের কর্মকর্তাদের কাছে চিঠি লেখা হল। এই চিঠিগুলো প্রত্যেকটি রাজ্যের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা এমনকি ইহুদিদের ভাষা অনুসারে লেখা হল। 10 মর্দখয় রাজা অহশ্বেরশের নামে চিঠিগুলি লিখে রাজার সাক্ষরের আংটি দিয়ে সিলমোহর করলেন এবং রাজার জোরে দৌড়ানো বিশেষ ঘোড়ায় করে সংবাদ বাহকদের দিয়ে চিঠিগুলি পাঠিয়ে দিলেন।

11 রাজার ফরমান প্রত্যেক নগরের ইহুদিদের একত্র হওয়ার ও নিজেদের রক্ষা করার অধিকার দিল। কোনও জাতির বা রাজ্যের লোকেরা ইহুদিদের ও তাদের স্ত্রীলোক ও ছেলেমেয়েদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস ও হত্যা করার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করারও অধিকার পেল। 12 রাজা অহশ্বেরশের সকল রাজ্যে ইহুদিদের জন্য যে দিনটি ঠিক করল তা হল অদর মাসে, মানে বারো মাসের তেরো দিনের দিন। 13 এই ফরমানের নকল প্রত্যেক রাজ্যের ও সমস্ত জাতির কাছে পাঠিয়ে দেওয়া হল যেন ইহুদিরা সেদিনে তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত থাকতে পারে।

14 রাজার বিশেষ ঘোড়ায় চড়ে সংবাদবাহকেরা রাজার আদেশে তাড়াতাড়ি বের হয়ে গেল। এবং শূশনের দুর্গেও সেই আদেশ জানানো হল।

15 মর্দখয় মসিনা সুতার বেগুনি পোশাকের উপর নীল ও সাদা রংয়ের রাজপোশাক পরে এবং সোনার একটি বড়ো মুকুট মাথায় দিয়ে রাজার সামনে থেকে বের হয়ে গেলেন। শূশন নগরের লোকেরা আনন্দ করল। 16 ইহুদিদের জন্য সময়টি ছিল প্রসন্নতার, আনন্দের, আমোদের ও সম্মানের। 17 প্রত্যেকটি রাজ্যে ও নগরে যেখানে যেখানে রাজার ফরমান গেল সেখানকার ইহুদিদের মধ্যে প্রসন্নতা, আমোদ, ভোজ ও আনন্দের দিন হল। আর অন্যান্য জাতির অনেক লোক ইহুদি হয়ে গেল, কারণ তারা ইহুদিদের থেকে তাদের ত্রাস জন্মেছিল।