দশম যাত্রা: আলূশ থেকে রফীদীম
জলের জন্য অসন্তোষ প্রকাশ এবং অমালেকের সঙ্গে যুদ্ধ
লোকেরা জলের জন্য অসন্তোষ প্রকাশ করে এবং অমালেকের সঙ্গে যুদ্ধ হয়।
1491 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
14 আলূশ ত্যাগ করে তারা রফীদীমে ছাউনি স্থাপন করল, যেখানে লোকদের পান করার জন্য জল ছিল না।
1 সমগ্র ইস্রায়েলী জনসমাজ সদাপ্রভুর আদেশানুসারে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে করতে সীন মরুভূমি থেকে বের হয়ে এল। তারা রফীদীমে শিবির স্থাপন করল, কিন্তু সেখানে লোকজনের জন্য পানীয় জল ছিল না। 2 তাই তারা মোশির সঙ্গে ঝগড়া-বিবাদ করে বলল, “আমাদের পানীয় জল দাও।”
মোশি উত্তর দিলেন, “তোমরা কেন আমার সঙ্গে ঝগড়া-বিবাদ করছ? তোমরা কেন সদাপ্রভুর পরীক্ষা নিচ্ছ?”
3 কিন্তু লোকেরা সেখানে জলের জন্য তৃষ্ণার্ত হল এবং তারা মোশির বিরুদ্ধে অভিযোগ জানাল। তারা বলল, “কেন তুমি আমাদের ও আমাদের সন্তানসন্ততিকে এবং আমাদের গৃহপালিত পশুপালকে তৃষ্ণার্ত হয়ে মরে যাওয়ার জন্য মিশর থেকে বের করে এখানে নিয়ে এসেছ?”
4 তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “এই লোকদের নিয়ে আমি কী করব? তারা তো প্রায় আমাকে পাথর মারার জন্য তৈরিই হয়ে আছে।”
5 সদাপ্রভু মোশিকে উত্তর দিলেন, “লোকদের সামনে চলে যাও। ইস্রায়েলের কয়েকজন প্রাচীনকে তোমার সাথে নাও ও তোমার সেই ছড়িটি হাতে তুলে নাও, যেটি দিয়ে তুমি নীলনদে আঘাত করেছিলে, এবং যাও। 6 আমি সেখানে তোমার সামনে হোরেবে শিলাপাথরের পাশে গিয়ে দাঁড়াব। সেই শিলাপাথরে আঘাত করো, এবং লোকজনের জন্য সেখান থেকে পানীয় জল বেরিয়ে আসবে।” অতএব মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে তা করলেন। 7 আর তিনি সেই স্থানটির নাম দিলেন মঃসা ও মরীবা কারণ ইস্রায়েলীরা ঝগড়া-বিবাদ করেছিল এবং তারা এই বলে সদাপ্রভুর পরীক্ষা নিয়েছিল, “সদাপ্রভু আমাদের মাঝে আছেন কি নেই?”
8 অমালেকীয়রা রফীদীমে এসে ইস্রায়েলীদের আক্রমণ করল। 9 মোশি যিহোশূয়কে বললেন, “আমাদের কয়েকজন লোককে মনোনীত করো এবং অমালেকীয়দের সাথে যুদ্ধ করতে যাও। আগামীকাল আমি ঈশ্বরের সেই ছড়িটি হাতে নিয়ে পাহাড়ের উপরে দাঁড়াব।”
10 অতএব যিহোশূয় মোশির আদেশানুসারে অমালেকীয়দের সাথে যুদ্ধ করলেন, এবং মোশি, হারোণ ও হূর পাহাড়ের উপরে চলে গেলেন। 11 যতক্ষণ মোশি তাঁর হাত দুটি উপরে উঠিয়ে রেখেছিলেন, ইস্রায়েলীরা জিতছিল, কিন্তু যখনই তিনি তাঁর হাত দুটি নিচে নামাচ্ছিলেন, অমালেকীয়রা জিতছিল। 12 মোশির হাত দুটি যখন অবসন্ন হয়ে গেল, তখন তাঁরা একটি পাথর নিলেন ও সেটি তাঁর নিচে রেখে দিলেন এবং তিনি সেটির উপর বসে পড়লেন। হারোণ ও হূর তাঁর হাত দুটি—একজন একদিকে, অন্যজন অন্যদিকে—তুলে ধরে রাখলেন, যেন সূর্যাস্ত পর্যন্ত তাঁর হাত দুটি অবিচলিত থাকে। 13 অতএব যিহোশূয় তরোয়াল দিয়ে অমালেকীয় সৈন্যদলকে পরাস্ত করলেন।
14 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “স্মরণযোগ্য করে রাখার জন্য এটি একটি গোটানো চামড়ার পুঁথিতে লিখে রাখো এবং নিশ্চিত কোরো যেন যিহোশূয় তা শোনে, কারণ আকাশের নিচ থেকে অমালেকের নাম আমি পুরোপুরি মুছে ফেলব।”
15 মোশি একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সেটির নাম রাখলেন “সদাপ্রভু আমার নিশান।” 16 তিনি বললেন, “যেহেতু সদাপ্রভুর সিংহাসনের বিরুদ্ধে হাত উঠেছিল, তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সদাপ্রভু অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন।”
একাদশ যাত্রা: রফীদীম থেকে সীনয়
বিধান প্রদান
15 রফীদীম ত্যাগ করে তারা সীনয় মরুভূমিতে ছাউনি স্থাপন করল।
1 ইস্রায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় মাসের প্রথম দিনে—ঠিক সেদিনই—তারা সীনয় মরুভূমিতে এসেছিল। 2 রফীদীম থেকে যাত্রা শুরু করার পর, তারা সীনয় মরুভূমিতে প্রবেশ করল, এবং পর্বতের সামনের দিকে ইস্রায়েল সেখানে মরুভূমিতে শিবির স্থাপন করল।
3 পরে মোশি ঈশ্বরের কাছে উঠে গেলেন এবং সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডাক দিয়ে বললেন, “যাকোবের বংশধরদের কাছে এবং ইস্রায়েলের লোকজনের কাছে তোমাকে একথাই বলতে হবে: 4 ‘তোমরা নিজেরাই তো দেখেছ আমি মিশরের প্রতি কী করেছিলাম, এবং কীভাবে আমি তোমাদের ঈগলের ডানায় তুলে বহন করেছিলাম ও তোমাদের নিজের কাছে এনেছিলাম। 5 এখন তোমরা যদি পুরোপুরি আমার বাধ্য হও ও আমার নিয়ম পালন করো, তবে সব জাতির মধ্যে তোমরাই আমার নিজস্ব সম্পত্তি হবে। যদিও সমগ্র পৃথিবীই আমার, 6 তোমরা আমার জন্য যাজকদের এক রাজ্য এবং পবিত্র এক জাতি হবে।’ ইস্রায়েলীদের কাছে তোমাকে এইসব কথা বলতে হবে।”
7 অতএব মোশি ফিরে গেলেন এবং লোকদের প্রাচীনদের ডেকে পাঠালেন ও সদাপ্রভু তাঁকে যা যা বলার আদেশ দিয়েছিলেন সেসব কথা তাঁদের সামনে পেশ করলেন। 8 লোকজন সবাই একসঙ্গে উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা সেসবকিছু করব।” অতএব মোশি তাদের উত্তর সদাপ্রভুর কাছে ফিরিয়ে দিলেন।
9 সদাপ্রভু মোশিকে বললেন, “আমি এক ঘন মেঘে তোমার কাছে আসতে চলেছি, যেন লোকেরা শোনে যে আমি তোমার সঙ্গে কথা বলছি এবং তারা সবসময় তোমার উপর তাদের আস্থা স্থাপন করে।” লোকেরা কী বলেছিল তা তখন মোশি সদাপ্রভুকে বললেন।
10 আর সদাপ্রভু মোশিকে বললেন, “লোকদের কাছে যাও এবং আজ ও আগামীকাল তাদের পবিত্র করো। তারা তাদের জামাকাপড় ধুয়ে নিক 11 ও তৃতীয় দিনের জন্য প্রস্তুত থাকুক, কারণ সেদিনই সব লোকের চোখের সামনে সদাপ্রভু সীনয় পর্বতে নেমে আসবেন। 12 পর্বতের চারপাশে লোকদের জন্য সীমানা নির্দিষ্ট করে দাও ও তাদের বলো, ‘সাবধান, তোমরা কেউ যেন পর্বতের কাছে না যাও বা এর পাদদেশ স্পর্শ না করো। যে কেউ পর্বত স্পর্শ করবে তাকে মেরে ফেলতে হবে। 13 তাদের পাথর ছুঁড়ে বা তির নিক্ষেপ করে হত্যা করতে হবে; তাদের উপর যেন কোনও হাত না পড়ে। কোনও মানুষ বা পশুকে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে না।’ একমাত্র যখন শিঙার সুদীর্ঘ শব্দ শোনা যাবে, তখনই তারা পর্বতের কাছে আসতে পারবে।”
14 পর্বত থেকে মোশি নিচে ইস্রায়েলীদের কাছে নেমে আসার পর, তিনি তাদের পবিত্র করলেন, এবং তারা তাদের জামাকাপড় ধুয়ে নিল। 15 পরে তিনি লোকদের বললেন, “তৃতীয় দিনের জন্য তোমরা নিজেদের প্রস্তুত করো। যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকো।”
16 তৃতীয় দিন সকালবেলায় বজ্রপাত হল ও বিদ্যুৎ চমকাল, একইসাথে ঘন মেঘে পর্বত ঢেকে গেল ও খুব জোরে শিঙার শব্দ শোনা গেল। শিবিরের মধ্যে প্রত্যেকে কেঁপে উঠল। 17 তখন মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য নেতৃত্ব দিয়ে লোকদের শিবির থেকে বের করে আনলেন, এবং তারা পর্বতের পাদদেশে এসে দাঁড়াল। 18 সীনয় পর্বত ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু অগ্নিবেষ্টিত হয়ে পর্বতের উপর নেমে এলেন। অগ্নিকুণ্ড থেকে ওঠা ধোঁয়ার মতো সেই ধোঁয়া গলগল করে সেখান থেকে উপরে উঠে গেল, এবং সমগ্র পর্বত থরথর করে কেঁপে উঠল। 19 শিঙার শব্দ ক্রমশ জোরালো হল, মোশি কথা বললেন এবং ঈশ্বরের কণ্ঠস্বর তাঁকে উত্তর দিল।
20 সদাপ্রভু সীনয় পর্বতের চূড়ায় নেমে এলেন এবং মোশিকে পর্বতের চূড়ায় ডেকে নিলেন। অতএব মোশি উপরে উঠে গেলেন 21 এবং সদাপ্রভু তাঁকে বললেন, “নিচে নেমে যাও ও লোকদের সাবধান করে দাও, পাছে তারা জোর করে সদাপ্রভুকে দেখতে যায় ও তাদের মধ্যে অনেকে প্রাণ হারায়। 22 এমনকি যারা সদাপ্রভুর নিকটবর্তী হয়, সেই যাজকরাও যেন নিজেদের পবিত্র করে, তা না হলে সদাপ্রভু তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
23 মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারবে না, কারণ তুমি নিজেই আমাদের সাবধান করে দিয়েছ, ‘পর্বতের চারপাশে সীমানা নির্দিষ্ট করে রাখো এবং সেটিকে পবিত্রতায় পৃথক করে রাখো।’ ”
24 সদাপ্রভু উত্তর দিলেন, “নিচে নেমে যাও এবং হারোণকে তোমার সঙ্গে নিয়ে উপরে উঠে এসো। কিন্তু যাজকেরা ও লোকেরা যেন জোর করে সদাপ্রভুর কাছে উঠে আসার চেষ্টা না করে, তা না হলে তিনি তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
25 অতএব মোশি নিচে লোকদের কাছে নেমে গেলেন এবং তাদের এসব কথা বললেন।