ভাগ 4: শলোমনের অন্যান্য ভবন ও জাঁকজমক
ঈশ্বর শলোমনকে দর্শন দেন
লেবাননের অরণ্য-প্রাসাদ নির্মাণ। ঈশ্বর শলোমনকে দর্শন দেন।
1004 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 তাঁর প্রাসাদের নির্মাণকাজ সম্পূর্ণ করতে অবশ্য শলোমনের তেরো বছর লেগে গেল। 2 লেবাননের অরণ্যে যে প্রাসাদটি তিনি নির্মাণ করলেন, সেটি দৈর্ঘ্যে ছিল প্রায় 45 মিটার, প্রস্থে প্রায় 23 মিটার ও উচ্চতায় 14 মিটার, এবং দেবদারু কাঠে তৈরি চারটি থাম দেবদারু কাঠেই তৈরি পরিচ্ছন্ন কড়িকাঠগুলি ধরে রেখেছিল। 3 কড়িকাঠের উপরের ছাদ তৈরি হল দেবদারু কাঠে এবং কড়িকাঠগুলি থামের উপর বসানো ছিল—এক এক সারিতে পনেরোটি করে মোট পঁয়তাল্লিশটি কড়িকাঠ ছিল। 4 সেটির জানালাগুলি উপরের দিকে মুখোমুখি তিন তিনটি করে রাখা হল। 5 সব দরজায় আয়তাকার চৌকাঠ ছিল; সামনের দিকে মুখোমুখি সেগুলি তিন তিনটি করে রাখা হল।
6 তিনি প্রায় 23 মিটার লম্বা ও 14 মিটার চওড়া এক স্তম্ভসারি তৈরি করলেন। সেটির সামনের দিকে একটি দ্বারমণ্ডপ ছিল, এবং সেটির সামনের দিকে ছিল কয়েকটি থাম ও একটি ঝুলবারান্দা।
7 তিনি সিংহাসন-দরবার, সেই বিচার-দরবারটি তৈরি করলেন, যেখানে বসে তিনি বিচার করতে যাচ্ছিলেন। সেটি তিনি মেঝে থেকে ছাদের ভিতর দিক পর্যন্ত দেবদারু কাঠ দিয়ে ঢেকে দিলেন। 8 যে প্রাসাদে তিনি থাকতে যাচ্ছিলেন, সেটি সেই একই নকশা অনুসারে বিচার-দরবারের পিছন দিকে তৈরি করা হল। শলোমন যাঁকে বিয়ে করলেন, ফরৌণের সেই মেয়ের জন্যও তিনি এই দরবারটির মতো একটি প্রাসাদ তৈরি করলেন।
9 এইসব ভবন, বাইরে থেকে শুরু করে বড়ো প্রাঙ্গণ পর্যন্ত, এবং ভিত্তি থেকে ছাঁচা পর্যন্ত, মাপ করে কাটা ও ভিতর ও বাইরের দিকে মসৃণ করা উন্নত মানের পাথরের চাঙড় দিয়ে তৈরি করা হল। 10 ভীত গাঁথা হল উন্নত মানের বড়ো বড়ো পাথর দিয়ে, যার কোনো কোনোটির মাপ ছিল প্রায় 4.5 মিটার, আবার কোনো কোনোটির মাপ ছিল প্রায় 3.6 মিটার। 11 উপরেও ছিল মাপ করে কাটা উন্নত মানের পাথর ও দেবদারু কাঠের কড়িকাঠ। 12 বড়ো প্রাঙ্গণটি ঘেরা ছিল তিন সারি পরিচ্ছন্ন পাথর ও দেবদারু কাঠের এক সারি পরিচ্ছন্ন কড়িকাঠ দিয়ে তৈরি এক প্রাচীর দিয়ে, ঠিক যেভাবে দ্বারমণ্ডপ সমেত সদাপ্রভুর মন্দিরের ভিতরদিকের প্রাঙ্গণটি তৈরি হল।
11 শলোমন যখন সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করার কাজ সমাপ্ত করে ফেলেছিলেন, এবং সদাপ্রভুর মন্দিরের ও তাঁর নিজের প্রাসাদ-সংক্রান্ত যেসব ভাবনা তাঁর মনে ছিল, তা যখন তিনি সফলতাপূর্বক সম্পন্ন করলেন, 12 তখন সদাপ্রভু রাতের বেলায় তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন:
“আমি তোমার প্রার্থনা শুনেছি এবং বলিদান উৎসর্গ করার জন্য এক মন্দিররূপে নিজের জন্য আমি এই স্থানটি মনোনীত করেছি।
13 “বৃষ্টি না পড়ার জন্য আমি যখন আকাশ রুদ্ধ করে দেব, বা দেশ ধ্বংস করে দেওয়ার জন্য যখন পঙ্গপালদের আদেশ দেব বা আমার প্রজাদের মাঝে এক মহামারি পাঠাব, 14 তখন যদি যারা আমার নামে পরিচিত, আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপপথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনব, ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব। 15 এখন এই স্থানে উৎসর্গ করা প্রার্থনার প্রতি আমার চোখ খোলা থাকবে ও আমার কানও সজাগ থাকবে। 16 আমি এই মন্দিরটিকে মনোনীত করেছি ও পবিত্রতায় পৃথকও করেছি, যেন চিরকাল সেখানে আমার নাম বজায় থাকে। আমার চোখ ও আমার অন্তর সবসময় সেখানে থাকবে।
17 “আর তোমায় বলছি, তোমার বাবা দাউদের মতো তুমিও যদি আমার সামনে বিশ্বস্ততাপূর্বক চলো, এবং আমি যা যা আদেশ দিয়েছি, সেসব করো ও আমার বিধিবিধান ও নিয়মকানুনগুলি পালন করো, 18 তবে ‘ইস্রায়েলকে শাসন করার জন্য তোমার বংশে কোনও উত্তরাধিকারীর অভাব হবে না,’ তোমার বাবা দাউদকে একথা বলার মাধ্যমে আমি তার সাথে যে নিয়ম স্থির করলাম, সেই নিয়মানুসারে আমি তোমার রাজসিংহাসন সুদৃঢ় করব।
19 “কিন্তু যদি তুমি সে পথ থেকে ফিরে গিয়ে সেইসব বিধিবিধান ও আদেশ অগ্রাহ্য করো, যেগুলি আমি তোমাকে দিয়েছিলাম এবং অন্যান্য দেবতাদের সেবা ও আরাধনা করতে থাকো, 20 তবে ইস্রায়েলকে আমি আমার সেই দেশ থেকে উৎখাত করে ছাড়ব, যেটি আমি তাদের দিয়েছিলাম, এবং এই মন্দিরটিকেও অগ্রাহ্য করব, আমার নামে যেটি আমি পবিত্রতায় পৃথক করে দিয়েছি। আমি এটিকে অন্যান্য সব জাতির কাছে নিন্দার ও বিদ্রুপের এক বস্তু করে তুলব। 21 এই মন্দিরটি ভাঙা ইটপাথরের এক স্তূপে পরিণত হবে। যারা যারা তখন এখান দিয়ে যাবে, তারা সবাই মর্মাহত হয়ে বলবে, ‘সদাপ্রভু কেন এই দেশের ও এই মন্দিরটির প্রতি এমনটি করলেন?’ 22 লোকেরা উত্তর দেবে, ‘যেহেতু তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সেই সদাপ্রভুকে পরিত্যাগ করল, যিনি মিশর থেকে তাদের বের করে এনেছিলেন, এবং যেহেতু তারা অন্যান্য দেবতাদের সাগ্রহে গ্রহণ করল, ও তাদের আরাধনা ও সেবা করল—তাইতো তিনি তাদের উপর এইসব দুর্বিপাক নিয়ে এসেছেন।’ ”
1 শলোমন যখন সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করার কাজ সমাপ্ত করলেন, এবং তাঁর যা যা করার বাসনা ছিল, সেসব অর্জন করে ফেলেছিলেন, 2 সদাপ্রভু তখন দ্বিতীয়বার তাঁর কাছে আবির্ভূত হলেন, যেভাবে একবার তিনি গিবিয়োনে তাঁর কাছে আবির্ভূত হলেন। 3 সদাপ্রভু তাঁকে বললেন:
“তুমি আমার কাছে যে প্রার্থনা ও মিনতি জানিয়েছ, আমি তা শুনেছি; আমার নাম চিরকালের জন্য তোমার নির্মাণ করা মন্দিরে স্থাপন করে আমি সেটি পবিত্র করে দিয়েছি। আমার চোখের দৃষ্টি ও আমার অন্তর সবসময় সেখানে থাকবে।
4 “আর তোমায় বলছি, তোমার বাবা দাউদের মতো তুমিও যদি আমার সামনে অন্তরের সততা ও ন্যায়পরায়ণতা সমেত বিশ্বস্ততাপূর্বক চলো, এবং আমি যা যা আদেশ দিয়েছি, সেসব করো ও আমার বিধিবিধান ও নিয়মকানুনগুলি পালন করো, 5 তবে চিরকালের জন্য আমি ইস্রায়েলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব, ঠিক যেমনটি আমি তোমার বাবা দাউদের কাছে এই কথা বলে প্রতিজ্ঞা করলাম, ‘ইস্রায়েলের সিংহাসনে তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য কোনও লোকের অভাব হবে না।’
6 “কিন্তু যদি তুমি বা তোমার বংশধররা আমার কাছ থেকে দূরে সরে যাও ও আমি তোমাকে যে যে আদেশ ও বিধিবিধান দিয়েছি, সেগুলি পালন না করো ও অন্যান্য দেবদেবীর সেবা ও আরাধনা করতে থাকো, 7 তবে আমি ইস্রায়েলকে যে দেশ দিয়েছি, সেই দেশ থেকে তাদের উৎখাত করব ও এই যে মন্দিরটি আমি আমার নামের উদ্দেশে পবিত্র করেছি, সেটিও অগ্রাহ্য করব। ইস্রায়েল তখন সব লোকজনের কাছে অবজ্ঞার ও উপহাসের এক পাত্রে পরিণত হবে। 8 এই মন্দিরটি ভাঙা ইটপাথরের এক স্তূপে পরিণত হবে। যারা যারা তখন এখান দিয়ে যাবে, তারা সবাই মর্মাহত হবে, টিটকিরি করবে ও বলবে, ‘সদাপ্রভু কেন এই দেশের ও এই মন্দিরটির প্রতি এমনটি করলেন?’ 9 লোকেরা উত্তর দেবে, ‘যেহেতু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করল, যিনি মিশর থেকে তাদের পূর্বপুরুষদের বের করে এনেছিলেন, এবং যেহেতু তারা অন্যান্য দেবতাদের সাগ্রহে গ্রহণ করল, ও তাদের আরাধনা ও সেবা করল—তাইতো তিনি তাদের উপর এইসব দুর্বিপাক নিয়ে এসেছেন।’ ”
শলোমনের দেশজয় ও অন্যান্য কর্মকাণ্ড 1001 খ্রিস্টপূর্ব
10 যে কুড়ি বছর ধরে শলোমন এই দুটি ভবন—সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ—নির্মাণ করলেন, তা পার হয়ে যাওয়ার পর 11 রাজা শলোমন গালীল প্রদেশের কুড়িটি নগর সোরের রাজা হীরমকে দিলেন, কারণ হীরম তাঁর চাহিদানুসারে যাবতীয় দেবদারু ও চিরহরিৎ কাঠ এবং সোনাদানা সরবরাহ করলেন। 12 কিন্তু যে নগরগুলি শলোমন হীরমকে দিলেন, তিনি যখন সেগুলি দেখতে গেলেন, তখন সেগুলি তাঁর খুব একটি পছন্দ হয়নি। 13 “ভাইটি, আপনি আমাকে এসব কী নগর দিয়েছেন?” তিনি জিজ্ঞাসা করলেন। আর তিনি সেগুলির নাম দিলেন কাবুল দেশ, আর এই নামটিই আজও পর্যন্ত রয়ে গিয়েছে। 14 ইত্যবসরে হীরম রাজামশাইকে একশো কুড়ি তালন্ত সোনা পাঠালেন।
1 সদাপ্রভুর মন্দির ও শলোমনের নিজের প্রাসাদটি নির্মাণ করতে তাঁর যে কুড়ি বছর লাগল, সেই সময়কাল শেষ হয়ে যাওয়ার পর 2 হীরম তাঁকে যে নগরগুলি দিলেন, তিনি সেগুলির পুনর্নির্মাণ করলেন, এবং সেখানে ইস্রায়েলীদের এক বসতি গড়ে দিলেন। 3 শলোমন পরে হমাৎ-সোবাতে গিয়ে সেটি অধিকার করলেন। 4 এছাড়াও তিনি মরুভূমিতে তামর নগরটি তৈরি করলেন এবং হমাতেও সবকটি ভাঁড়ার-নগর তৈরি করলেন। 5 সুরক্ষিত নগররূপে তিনি উপরের দিকের বেথ-হোরোণ ও নিচের দিকের বেথ-হোরোণ নগর দুটির পুনর্নির্মাণ করলেন, এবং সেগুলিতে দেয়াল, কয়েকটি দরজা ও খুঁটিও গড়ে দিলেন। 6 এছাড়াও বালৎ ও সেখানকার ভাঁড়ার-নগরগুলি, এবং তাঁর রথ ও ঘোড়াগুলির জন্য সবকটি নগর—জেরুশালেমে, লেবাননে ও তাঁর শাসিত গোটা এলাকা জুড়ে সর্বত্র যা যা তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেসব তিনি তৈরি করলেন।
7 হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যে থেকে কিছু লোক তখনও সেখানে অবশিষ্ট ছিল। (এইসব লোকেরা ইস্রায়েলী ছিল না) 8 এইসব লোকজনের যেসব বংশধর দেশে থেকে গেল—ইস্রায়েলীরা যাদের ধ্বংস করেননি—শলোমন বাধ্যতামূলকভাবে তাদের ক্রীতদাস-শ্রমিকরূপে কাজে লাগলেন, যে প্রথা আজও চলে আসছে। 9 কিন্তু শলোমন তাঁর কাজকর্ম করার জন্য ইস্রায়েলীদের কাউকে ক্রীতদাস করেননি; তারা তাঁর যোদ্ধা, সৈন্যসামন্তের সেনাপতি, এবং তাঁর রথ ও সারথিদের সেনাপতি হল। 10 এছাড়াও তারা রাজা শলোমনের প্রধান কর্মকর্তা—এমন 250 জন কর্মকর্তা হল, যারা লোকদের তত্ত্বাবধান করত।
11 ফরৌণের মেয়ের জন্য শলোমন যে প্রাসাদটি নির্মাণ করলেন, দাউদ-নগর থেকে তিনি তাঁকে সেখানে নিয়ে এলেন, কারণ তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দাউদের প্রাসাদে থাকবে না, কারণ যে যে স্থানে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক প্রবেশ করেছে, সেই সেই স্থান পবিত্র হয়ে গিয়েছে।”
24 শলোমন ফরৌণের মেয়ের জন্য যে প্রাসাদটি নির্মাণ করলেন, তিনি দাউদ-নগর থেকে সেখানে চলে আসার পর শলোমন সেখানে কয়েকটি উঁচু চাতালও নির্মাণ করে দিলেন।