গিদিয়োন ইস্রায়েলের বিচার করেন
1245 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
7 মিদিয়নের কারণে ইস্রায়েলীরা যখন সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, 8 তখন তিনি তাদের কাছে একজন ভাববাদীকে পাঠিয়ে দিলেন, যিনি বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমি মিশর থেকে, ক্রীতদাসত্বের দেশ থেকে তোমাদের বের করে এনেছি। 9 মিশরীয়দের হাত থেকে আমি তোমাদের উদ্ধার করেছি। আর আমি তোমাদের সব উপদ্রবকারীর হাত থেকে তোমাদের মুক্ত করেছি; তোমাদের সামনে থেকে আমি তাদের বিতাড়িত করেছি ও তাদের দেশটি তোমাদের দিয়েছি। 10 আমি তোমাদের বলেছি, ‘আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু; যাদের দেশে তোমরা বসবাস করছ, সেই ইমোরীয়দের দেবতাদের আরাধনা তোমরা কোরো না।’ কিন্তু তোমরা আমার কথা শোনোনি।”
11 সদাপ্রভুর দূত অবীয়েষ্রীয় যোয়াশের অধিকারভুক্ত অফ্রায় এক ওক গাছের তলায় এসে বসলেন। যোয়াশের ছেলে গিদিয়োন তখন সেখানে মিদিয়নীয়দের দৃষ্টির আড়ালে সরিয়ে রাখার জন্য এক আঙুর মাড়াই-কলে দাঁড়িয়ে গম মাড়াই করছিলেন। 12 সদাপ্রভুর দূত গিদিয়োনের কাছে আবির্ভূত হয়ে বললেন, “হে বলবান যোদ্ধা, সদাপ্রভু তোমার সহবর্তী।”
13 “হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন,” গিদিয়োন উত্তর দিলেন, “কিন্তু সদাপ্রভু যদি আমাদের সহবর্তী হন, তবে আমাদের প্রতি কেন এসব কিছু ঘটল? তাঁর সেইসব অলৌকিক কাজকর্ম কোথায় গেল, যেগুলির বিষয়ে আমাদের পূর্বপুরুষরা আমাদের বলে শোনাতেন, ‘সদাপ্রভু কি আমাদের মিশর থেকে বের করে আনেননি?’ কিন্তু এখন সদাপ্রভু আমাদের পরিত্যাগ করেছেন এবং মিদিয়নের হাতে আমাদের সমর্পণ করে দিয়েছেন।”
14 সদাপ্রভু তাঁর দিকে ফিরে বললেন, “তোমার নিজস্ব শক্তিতেই তুমি যাও এবং মিদিয়নের হাত থেকে ইস্রায়েলকে রক্ষা করো। আমিই কি তোমাকে পাঠাচ্ছি না?”
15 “হে আমার প্রভু, আমায় ক্ষমা করুন,” গিদিয়োন উত্তর দিলেন, “আমি কীভাবে ইস্রায়েলকে রক্ষা করব? আমার বংশই মনঃশি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে দুর্বল, এবং আমার পরিবারে আমিই সবচেয়ে নগণ্য।”
16 সদাপ্রভু উত্তর দিলেন, “আমি তোমার সহবর্তী হব, এবং তুমি মিদিয়নীয়দের সবাইকে আঘাত করবে, একজনকেও জীবিত রাখবে না।”
17 গিদিয়োন উত্তর দিলেন, “এখন আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করেছি, তবে আমাকে এমন এক চিহ্ন দেখান যে সত্যি আপনিই আমার সঙ্গে কথা বলছেন। 18 আমি যতক্ষণ না ফিরে আসছি ও আমার নৈবেদ্য এনে আপনার কাছে উৎসর্গ করছি, ততক্ষণ দয়া করে এখান থেকে চলে যাবেন না।”
আর সদাপ্রভু বললেন, “তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।”
19 গিদিয়োন তাঁবুর ভিতরে গিয়ে একটি কচি পাঁঠার মাংস রান্না করলেন, এবং এক ঐফা ময়দা দিয়ে খামিরবিহীন রুটি তৈরি করলেন। একটি ডালিতে মাংস ও একটি পাত্রে ঝোল রেখে, তিনি সেগুলি বাইরে এনে ওক গাছের তলায় সেগুলি তাঁর উদ্দেশে উৎসর্গ করলেন।
20 ঈশ্বরের দূত তাঁকে বললেন, “মাংস ও খামিরবিহীন রুটিগুলি নিয়ে সেগুলি এই পাষাণ-পাথরের উপরে রাখো, এবং ঝোল ঢেলে দাও।” আর গিদিয়োন সেরকমই করলেন। 21 পরে সদাপ্রভুর দূত তাঁর হাতে ধরা লাঠিটির ডগা দিয়ে সেই মাংস ও খামিরবিহীন রুটি স্পর্শ করলেন। পাষাণ-পাথর থেকে আগুন বের হয়ে দাউদাউ করে জ্বলে উঠল এবং সেই মাংস ও রুটি গ্রাস করল। আর সদাপ্রভুর দূত অদৃশ্য হয়ে গেলেন। 22 গিদিয়োন যখন উপলব্ধি করলেন যে উনি সদাপ্রভুর দূত, তখন তিনি চিৎকার করে বললেন, “হায়, সার্বভৌম সদাপ্রভু! আমি যে মুখোমুখি সদাপ্রভুর দূতকে দেখলাম!”
23 কিন্তু সদাপ্রভু তাঁকে বললেন, “শান্তি বজায় রাখো! ভয় পেয়ো না। তুমি মরবে না।”
24 অতএব গিদিয়োন সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সেটির নাম দিলেন “সদাপ্রভু শান্তি।” আজও পর্যন্ত অবীয়েষ্রীয়দের অফ্রায় সেটি দাঁড়িয়ে আছে।
25 সেরাতেই সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “তোমার বাবার পশুপাল থেকে সেই দ্বিতীয় বলদটি নাও, যেটির বয়স সাত বছর। বায়ালদেবের উদ্দেশে তোমার বাবার দ্বারা নির্মিত বেদিটি ভেঙে ফেলো এবং সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটি কেটে নামাও। 26 তারপর পাহাড়-চূড়ায় তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঠিক ধরনের এক যজ্ঞবেদি নির্মাণ করো। কেটে ফেলা আশেরা-খুঁটির কাঠ ব্যবহার করে, দ্বিতীয় বলদটিকে এক হোমবলিরূপে উৎসর্গ করো।”
27 গিদিয়োন তাঁর দাসদের মধ্যে থেকে দশজনকে সঙ্গে নিলেন এবং সদাপ্রভুর বলা কথা অনুসারে সবকিছু করলেন। কিন্তু পরিবারকে এবং নগরবাসী অন্যান্য লোকদের ভয় করার কারণে তিনি সে কাজটি দিনে না করে রাতে করলেন।
28 সকালবেলায় নগরবাসীরা উঠে দেখল যে বায়ালদেবের বেদিটি ভেঙে ফেলা হয়েছে ও সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামানো হয়েছে এবং সেই নবনির্মিত বেদির উপর দ্বিতীয় বলদটি উৎসর্গ করা হয়েছে!
29 তারা পরস্পরকে জিজ্ঞাসা করল, “কে এ কাজ করেছে?”
ভালো করে যখন তারা তদন্ত করল, তখন তাদের বলা হল, “যোয়াশের ছেলে গিদিয়োন এ কাজ করেছে।”
30 নগরবাসীরা যোয়াশের কাছে দাবি জানাল, “তোমার ছেলেকে বের করে আনো। তাকে মরতে হবে, কারণ সে বায়ালদেবের বেদি ভেঙে ফেলেছে এবং সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামিয়েছে।”
31 কিন্তু যোয়াশ তাঁর চারপাশে দাঁড়িয়ে থাকা বৈরিতাবিশিষ্ট জনতাকে বললেন, “তোমরা কি বায়ালদেবের পক্ষে দাঁড়িয়ে ওকালতি করতে এসেছ? তোমরা কি তাকে রক্ষা করার চেষ্টা করছ? যে কেউ বায়ালদেবের হয়ে লড়াই করবে, কাল সকালে তাদের মেরে ফেলা হবে! বায়াল যদি সত্যিই দেবতা হয়, তবে কেউ তার বেদি ভেঙে ফেললে সে নিজেই নিজেকে রক্ষা করতে পারবে।” 32 তাই যেহেতু গিদিয়োন বায়ালদেবের বেদি ভেঙে ফেললেন, তাই সেদিন তারা এই বলে তাঁর নাম দিল “যিরুব্বায়াল,” যে “বায়ালদেবই তার সঙ্গে বিবাদ করুন।”
33 ইত্যবসরে মিদিয়নীয়, অমালেকীয় এবং অন্যান্য প্রাচ্যদেশীয় লোকেরা সবাই সৈন্যবাহিনী একত্রিত করল এবং জর্ডন নদী পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির স্থাপন করল। 34 তখন সদাপ্রভুর আত্মা গিদিয়োনের উপর নেমে এলেন, এবং শিঙা বাজিয়ে তিনি অবীয়েষ্রীয়দের তাঁর অনুগামী হওয়ার জন্য ডাক দিলেন। 35 মনঃশি গোষ্ঠীভুক্ত এলাকার সর্বত্র তিনি দূত পাঠালেন, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হওয়ার আহ্বান জানালেন, এবং আশের, সবূলূন ও নপ্তালি গোষ্ঠীভুক্ত লোকদের কাছেও পাঠালেন, আর তারাও তাঁর সঙ্গে দেখা করতে গেল।
36 গিদিয়োন ঈশ্বরকে বললেন, “তোমার প্রতিজ্ঞানুসারে, তুমি যদি আমার হাত দিয়েই ইস্রায়েলকে রক্ষা করতে চাও— 37 তবে দেখো, আমি খামারে পশমের একটি টুকরো রাখব। সেই পশমের টুকরোতেই যদি শিশির পড়ে এবং সমগ্র মাঠ শুকনো থাকে, তবেই আমি বুঝব যে আমার হাত দিয়ে তুমি ইস্রায়েলকে রক্ষা করবে, যেমনটি কি না তুমি বলেছিলে।” 38 আর ঠিক তাই ঘটল। পরদিন ভোরবেলায় গিদিয়োন ঘুম থেকে উঠলেন; তিনি সেই পশমের টুকরোটি নিংড়ালেন এবং নিংড়ে সেই শিশিরটুকু বের করলেন—তাতে একবাটি জল হল।
39 তখন গিদিয়োন ঈশ্বরকে বললেন, “আমার উপর ক্রুদ্ধ হোয়ো না। আমাকে আর একটিমাত্র অনুরোধ জানাতে দাও। পশম নিয়ে আমাকে আর একটি পরীক্ষা করার অনুমতি দাও, কিন্তু এবার পশমের টুকরোটিকে শুকনো করে রাখো এবং মাঠে যেন শিশির ছড়িয়ে থাকে।” 40 সেরাতে ঈশ্বর সেরকমই করলেন। শুধু পশমের টুকরোটি শুকনো ছিল; সমগ্র মাঠ শিশিরে ছেয়ে ছিল।
7:1 যিরুব্বায়াল (অর্থাৎ, গিদিয়োন) ও তাঁর লোকজন ভোরবেলায় উঠে হারোদ নামক জলের উৎসের কাছে শিবির স্থাপন করলেন। মিদিয়ন-শিবির স্থাপিত হল তাদের উত্তর দিকে, মোরি পাহাড়ের কাছাকাছি অবস্থিত উপত্যকায়। 2 সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “তোমার লোকজনের সংখ্যা খুব বেশি হয়ে গিয়েছে। আমি তাদের হাতে মিদিয়নকে সমর্পণ করতে পারব না, পাছে ইস্রায়েল আমার বিরুদ্ধে অহংকার করে বলে যে, ‘আমার নিজস্ব শক্তিতেই আমি রক্ষা পেলাম।’ 3 এখন সৈন্যদলের কাছে ঘোষণা করে দাও, ‘যে কেউ ভয়ে কম্পিত হচ্ছে, সে পিছু ফিরে গিলিয়দ পর্বত থেকে প্রস্থান করুক।’ ” অতএব 22,000 লোক চলে গেল, আর 10,000 লোক অবশিষ্ট থাকল।
4 কিন্তু সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “এখনও অনেক বেশি লোক আছে। তাদের নিয়ে তুমি জলের উৎসের কাছে নেমে যাও, এবং সেখানে আমি পরীক্ষা করার মাধ্যমে তোমার জন্য তাদের সংখ্যা হ্রাস করব। আমি যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে না,’ তবে সে যাবে না।”
5 অতএব গিদিয়োন লোকদের নিয়ে জলের উৎসের কাছে নেমে গেলেন। সেখানে সদাপ্রভু তাঁকে বললেন, “যারা তাদের জিভ দিয়ে কুকুরের মতো চেটে চেটে জলপান করে, তাদের কাছ থেকে যারা নতজানু হয়ে জলপান করে, তাদের পৃথক করে দাও।” 6 তাদের মধ্যে 300 জন কুকুরের মতো চেটে চেটে অঞ্জলি ভরে জলপান করল। বাকি সবাই জলপান করার জন্য নতজানু হল।
7 সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “যে 300 জন লোক চেটে চেটে জলপান করেছে, তাদের দ্বারাই আমি তোমাদের রক্ষা করব এবং মিদিয়নীয়দের তোমাদের হাতে সমর্পণ করব। অন্য সবাই ঘরে ফিরে যাক।” 8 অতএব গিদিয়োন অন্য সব ইস্রায়েলীকে ঘরে পাঠিয়ে দিলেন কিন্তু 300 জনকে রেখে দিলেন, যারা অন্যান্য লোকদের রসদপত্র ও শিঙাগুলি হস্তগত করল।
ইত্যবসরে মিদিয়ন তাঁর নিচের দিকে অবস্থিত উপত্যকায় শিবির স্থাপন করেছিল। 9 সেরাতে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “ওঠো, শিবিরের দিকে নেমে যাও, কারণ আমি সেটি তোমার হাতেই সমর্পণ করতে যাচ্ছি। 10 আক্রমণ করতে যদি তোমার ভয় হয়, তবে তোমার দাস ফুরাকে সঙ্গে নিয়ে শিবিরের দিকে নেমে যাও 11 এবং তারা কী বলছে তা শোনো। তারপর, শিবির আক্রমণ করার জন্য তুমি উৎসাহিত হবে।” অতএব গিদিয়োন ও তাঁর দাস ফুরা শিবিরের উপকন্ঠে নেমে গেলেন। 12 মিদিয়নীয়, অমালেকীয় ও প্রাচ্যদেশীয় অন্যান্য সব জাতি পঙ্গপালের ঘন ঝাঁকের মতো উপত্যকা জুড়ে শিবির স্থাপন করে বসেছিল। তাদের উটগুলিও সমুদ্রতীরের বালুকণার মতো অসংখ্য ছিল।
13 একজন লোক তার বন্ধুকে যখন তার স্বপ্নের কথা বলে শোনাচ্ছিল, ঠিক তখনই গিদিয়োন সেখানে পৌঁছালেন। “আমি এক স্বপ্ন দেখেছি,” সে বলছিল। “মিদিয়নীয় শিবিরের মধ্যে গোলাকার যবের একটি রুটি গড়িয়ে এসে পড়ল। সেটি তাঁবুর গায়ে এত জোরে আঘাত করল যে তাঁবুটি উল্টে গিয়ে ধসে পড়ল।”
14 তার বন্ধু উত্তরে বলল, “এ আর কিছুই নয়, কিন্তু ইস্রায়েলী যোয়াশের ছেলে গিদিয়োনের তরোয়াল। ঈশ্বর মিদিয়নীয়দের এবং সমগ্র শিবিরকে তার হাতে সমর্পণ করে দিয়েছেন।”
15 গিদিয়োন যখন সেই স্বপ্নের ও সেটির ব্যাখ্যা শুনলেন, তখন তিনি নতজানু হয়ে আরাধনা করলেন। তিনি ইস্রায়েল-শিবিরে ফিরে গিয়ে সবাইকে ডেকে বললেন, “ওঠো! সদাপ্রভু মিদিয়নীয় শিবির তোমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন।” 16 সেই 300 জন লোককে তিনটি দলে বিভক্ত করে তিনি তাদের সবার হাতে শিঙা ও খালি ঘট তুলে দিলেন; আর ঘটের মধ্যে মশাল দিলেন।
17 “আমার দিকে লক্ষ্য রাখো,” তিনি তাদের বললেন। “আমি যা যা করি, তোমরাও তাই কোরো। আমি যখন শিবিরের কিনারায় যাব, তোমরাও হুবহু আমার মতো কোরো। 18 আমি ও যারা আমার সঙ্গে আছে—আমরা যখন আমাদের শিঙাগুলি বাজাব, তখন তোমরাও শিবিরের চারিদিক থেকে শিঙা বাজিয়ো এবং চিৎকার করে বোলো, ‘সদাপ্রভুর জন্য এবং গিদিয়োনের জন্য।’ ”
19 রাতের মধ্যম প্রহরের শুরুতে, ঠিক যখন পাহারাদারদের পালা-বদল হল, তারপরেই গিদিয়োন ও তাঁর সঙ্গে থাকা একশো জন লোক শিবিরের কিনারায় পৌঁছে গেলেন। তাঁরা শিঙা বাজালেন এবং তাঁদের হাতে ধরা ঘটগুলি ভেঙে ফেললেন। 20 তিনটি দলই শিঙা বাজালো ও ঘট ভেঙে ফেলল। তারা তাদের বাঁ হাতে মশাল নিয়ে ও ডান হাতে বাজানোর উপযোগী শিঙা ধরে, চিৎকার করে উঠল, “সদাপ্রভুর ও গিদিয়োনের তরোয়াল!” 21 প্রত্যেকে যখন শিবির ঘিরে ধরে নিজের নিজের অবস্থান নিল, তখন মিদিয়নীয়রা ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালালো।
22 300-টি শিঙা যখন বেজে উঠল, তখন সদাপ্রভু শিবিরের সর্বত্র লোকদের পরস্পরের বিরুদ্ধে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে উসকানি দিলেন। সৈন্যদল টব্বতের কাছাকাছি অবস্থিত আবেল-মহোলার সীমানা পর্যন্ত গিয়ে, সরোরার দিকে বেথ-শিট্টায় পালিয়ে গেল। 23 নপ্তালি, আশের ও মনঃশি গোষ্ঠীভুক্ত এলাকা থেকে ইস্রায়েলীদের ডেকে আনা হল, এবং তারা মিদিয়নীয়দের পশ্চাদ্ধাবন করল। 24 গিদিয়োন এই বলে ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের সর্বত্র দূত পাঠালেন, “মিদিয়নীয়দের বিরুদ্ধে নেমে এসো এবং তাদের সামনের দিকে বেথ-বারা পর্যন্ত বিস্তৃত জর্ডন নদীর জলসেচিত এলাকাটি দখল করো।”
তখন ইফ্রয়িমের সব লোকজনকে ডেকে আনা হল এবং তারা বেথ-বারা পর্যন্ত বিস্তৃত জর্ডন নদীর জলসেচিত এলাকাটি দখল করল। 25 তারা ওরেব ও সেব, এই দুই মিদিয়নীয় নেতাকে বন্দি করল। তারা ওরেবকে ওরেব নামক পর্বতে ও সেবকে সেব নামক আঙুর মাড়াই-কলের কাছে হত্যা করল। তারা মিদিয়নীয়দের পশ্চাদ্ধাবন করল এবং ওরেবের ও সেবের মুণ্ডু দুটি গিদিয়োনের কাছে নিয়ে এল; তিনি তখন জর্ডন নদীতীরে দাঁড়িয়েছিলেন।