ফিলিপী থেকে থিষলনিকায়

ফিলিপী থেকে অ্যাম্ফিপলি ও অ্যাপল্লোনিয়া হয়ে থিষলনিকায়, যেখানে যাসোন তাঁদের বিরোধিতা করেন।

50 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রেরিত 17:1–9

1 তাঁরা পরে অ্যাম্ফিপলি ও অ্যাপল্লোনিয়ার মধ্য দিয়ে যাত্রা করে থিষলনিকায় পৌঁছালেন। সেখানে একটি ইহুদি সমাজভবন ছিল। 2 পৌল তাঁর প্রথা অনুসারে সমাজভবনে গেলেন এবং তিনটি বিশ্রামদিনে যুক্তিসহ তাদের কাছে শাস্ত্রব্যাখ্যা করলেন। 3 তিনি তাদের কাছে প্রমাণ করে দেখালেন যে, খ্রীষ্টের কষ্টভোগ করা ও মৃতলোক থেকে উত্থাপিত হওয়ার প্রয়োজন ছিল। তিনি বললেন, “এই যে যীশুর কথা আমি তোমাদের কাছে প্রচার করছি, তিনিই সেই মশীহ।” 4 এতে কয়েকজন ইহুদি বিশ্বাস করে পৌল ও সীলের সঙ্গে যোগ দিল। সেই সঙ্গে বহুসংখ্যক ঈশ্বরভয়শীল গ্রিক ও বেশ কিছু বিশিষ্ট মহিলাও তাঁদের সঙ্গে যোগ দিলেন।

5 কিন্তু ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে উঠল। তাই তাঁরা বাজার-চত্বর থেকে কিছু খারাপ চরিত্রের লোককে একত্র করে একটি দল গঠন করল এবং তারা নগরে দাঙ্গাহাঙ্গামা শুরু করে দিল। তারা পৌল ও সীলের সন্ধানে যাসোনের বাড়ির দিকে ছুটে গেল, যেন তাদের সেই জনসাধারণের সামনে নিয়ে আসা যায়। 6 কিন্তু তারা যখন তাঁদের খুঁজে পেল না, তারা যাসোন ও অন্য কয়েকজন বিশ্বাসীকে নগরের প্রশাসকদের কাছে টেনে নিয়ে গেল। তারা চিৎকার করে বলল, “এই লোকেরা সমস্ত জগৎ ওলট-পালট করে দিয়ে এখন এখানে এসে উপস্থিত হয়েছে, 7 আর যাসোন তার বাড়িতে এদের আতিথ্য করেছে। এরা সবাই কৈসরের শাসন অস্বীকার করে, বলে যে যীশু নামে আর একজন রাজা আছেন।” 8 তারা যখন একথা শুনল, সেই জনসাধারণ ও নগর-প্রশাসকেরা উত্তেজিত হয়ে উঠল। 9 তখন যাসোন ও অন্যান্যদের কাছে জামিন আদায় করে, তাঁদের ছেড়ে দেওয়া হল।

পৌল গালাতীয়দের কাছে লেখেন 51 খ্রিস্টাব্দ

ইহুদি রীতিনীতি চাপিয়ে দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে এই কথা প্রমাণ করার জন্য পৌল গালাতীয়দের কাছে তাঁর চিঠি লেখেন যে, খ্রীষ্টে বিশ্বাসই ছিল তাদের পরিত্রাণের কারণ, আচারসংক্রান্ত বিধানের প্রতি তাদের অসম্পূর্ণ আনুগত্য নয়।

পৌল গালাতীয়দের শুভেচ্ছা জানান

পৌল তাঁর প্রেরিতপদের পক্ষে যুক্তি দেন এবং ভাইদের শুভেচ্ছা জানান।

গালাতীয় 1:1–5

1 পৌল, একজন প্রেরিতশিষ্য—মানুষের কাছ থেকে বা কোনো মানুষের দ্বারা প্রেরিত নয়, কিন্তু যীশু খ্রীষ্টের দ্বারা ও যিনি তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত— 2 এবং আমার সঙ্গী সমস্ত ভাই,

আমরা গালাতিয়ার সকল মণ্ডলীকে এই পত্র লিখছি:

3 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন। 4 তিনি আমাদের সমস্ত পাপের জন্য নিজের জীবন দিয়েছেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুযায়ী বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। 5 চিরকাল তাঁর মহিমা হোক। আমেন।

তাঁর সুসমাচার ত্যাগ করার জন্য গালাতীয়দের তিরস্কার

পৌল তাঁর সুসমাচার থেকে সরে যাওয়ার জন্য গালাতীয়দের তিরস্কার করেন।

গালাতীয় 1:6–10

6 আমি আশ্চর্য বোধ করছি যে, যিনি তোমাদের খ্রীষ্টের অনুগ্রহে আহ্বান করেছেন, তাঁকে তোমরা এত শীঘ্র ছেড়ে দিয়ে, অন্য এক সুসমাচারের দিকে ঝুঁকে পড়েছ— 7 যা আসলে কোনো সুসমাচারই নয়। স্পষ্টত, কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে এবং খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করছে। 8 কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূতও প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। 9 যেমন আমরা এর আগে বলেছি, তেমনই আমি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনও সুসমাচার কেউ যদি প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।

10 আমি কি এখন মানুষের সমর্থন পেতে চাইছি, না ঈশ্বরের? অথবা, আমি কি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি? আমি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম, আমি খ্রীষ্টের একজন দাস হতাম না।

পৌলের প্রেরিতপদ ঈশ্বরের কাছ থেকে এসেছে

ভ্রান্ত শিক্ষকদের উত্তরে পৌল দৃঢ়ভাবে বলেন যে তিনি ঈশ্বরের কাছ থেকে তাঁর প্রেরিতপদ পেয়েছেন, এবং তাঁর বিশ্বাস গ্রহণ, তাঁর অর্পিত দায়িত্ব ও তাঁর জীবনের সামগ্রিক গতিপথের কথা জানান।

গালাতীয় 1:11–2:10

11 ভাইবোনেরা, আমি তোমাদের জানাতে চাই, যে সুসমাচার আমি প্রচার করেছি, তা মানবসৃষ্ট কোনো বিষয় নয়। 12 কোনো মানুষের কাছে আমি তা পাইনি, কিংবা শিক্ষাও পাইনি; বরং যীশু খ্রীষ্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন।

13 কারণ ইহুদি ধর্মে আমার অতীত জীবনের কথা তোমরা তো শুনেছ। ঈশ্বরের মণ্ডলীকে আমি কী মারাত্মকরূপে অত্যাচার ও ধ্বংস করার চেষ্টা করতাম। 14 আমি ইহুদি ধর্মশিক্ষায় আমার সমবয়সি অনেক ইহুদিকে ছাড়িয়ে গিয়েছিলাম এবং আমার পূর্বপুরুষদের রীতিনীতি পালন করায় আমি ছিলাম খুব আগ্রহী। 15 কিন্তু ঈশ্বর, যিনি মাতৃগর্ভ থেকে আমাকে পৃথক করেছেন এবং তাঁর অনুগ্রহে আমাকে আহ্বান করেছেন, 16 তিনি যখন তাঁর পুত্রকে আমার মধ্যে প্রকাশ করতে ইচ্ছা করলেন, যেন আমি অইহুদি জাতিদের কাছে তাঁকে প্রচার করি, তখন আমি এক মুহূর্তের জন্যও কোনো মানুষের সঙ্গে পরামর্শ করিনি, 17 এমনকি যাঁরা আমার আগে প্রেরিত হয়েছিলেন আমি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেরুশালেমেও গেলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরবে চলে গেলাম ও পরে দামাস্কাসে ফিরে এলাম।

18 এরপর, তিন বছর পরে, পিতরের সঙ্গে দেখা করার জন্য আমি জেরুশালেমে গেলাম ও পনেরো দিন তাঁর সঙ্গে কাটালাম। 19 সেখানে অন্য প্রেরিতশিষ্যদের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না, কেবলমাত্র প্রভুর ভাই যাকোব ছিলেন। 20 ঈশ্বরের সাক্ষাতে আমি তোমাদের আশ্বস্ত করে বলছি, আমি তোমাদের কাছে যা লিখছি, তা মিথ্যা নয়।

21 তারপর আমি সিরিয়া ও কিলিকিয়া প্রদেশে গেলাম। 22 আমি খ্রীষ্টে স্থিত যিহূদিয়ার মণ্ডলীগুলির কাছে ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম। 23 তারা কেবলমাত্র এই সংবাদ পেয়েছিল, “আগে যে লোকটি আমাদের উপর অত্যাচার করত, সে এখন সেই বিশ্বাসের কথা প্রচার করছে, যা সে আগে ধ্বংস করতে চেয়েছিল।” 24 আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগল।

2:1 চোদ্দো বছর পরে, আমি আবার জেরুশালেমে গেলাম; এসময় সঙ্গে ছিলেন বার্ণবা। আমি তীতকেও সঙ্গে নিলাম। 2 ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হওয়ার আগে আমি সেখানে গিয়েছিলাম ও যে সুসমাচার আমি অইহুদি জাতিদের কাছে প্রচার করি, তা তাঁদের সামনে বললাম। কিন্তু এ কাজ আমি গোপনে, যাঁদের নেতৃস্থানীয় বলে আমার মনে হয়েছিল, তাঁদের কাছে করলাম, কারণ ভয় হচ্ছিল, আমি হয়তো অনর্থক পরিশ্রম করেছি বা করছি। 3 এমনকি, আমার সঙ্গী তীত, যিনি জাতিতে গ্রিক ছিলেন, তাঁকেও সুন্নত করতে বাধ্য করা হয়নি। 4 কারণ খ্রীষ্ট যীশুতে আমরা যে স্বাধীনতা ভোগ করি, তার উপরে গুপ্তচরবৃত্তির জন্য ও আমাদের ক্রীতদাসে পরিণত করার জন্য কয়েকজন ভণ্ড ভাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল। 5 আমরা এক মুহূর্তের জন্যও তাদের বশ্যতাস্বীকার করলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের জন্য রক্ষা করতে পারি।

6 আর যাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল—তারা যেই হোন না কেন, আমার কিছু আসে-যায় না; ঈশ্বর বাহ্যিক রূপ দেখে বিচার করেন না—সেই ব্যক্তিরা আমার বার্তার সঙ্গে অতিরিক্ত কিছুই যোগ করেননি। 7 এর বিপরীতে, তারা দেখলেন যে, পিতরকে যেমন ইহুদিদের কাছে, তেমনই আমাকে অইহুদি জাতিদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। 8 কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তিনি অইহুদি জাতিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য আমার পরিচর্যাতেও সক্রিয় ছিলেন। 9 যাকোব, পিতর ও যোহন—যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন—তাঁরা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্ণবার হাতে হাত মিলিয়ে সহকর্মীরূপে আমাদের গ্রহণ করলেন। তাঁরা সম্মত হলেন যে, অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাঁদের উচিত ইহুদিদের কাছে যাওয়া। 10 তাঁরা শুধু চাইলেন, আমরা যেন নিয়ত দরিদ্রদের কথা স্মরণে রাখি, যে কাজ করার জন্য আমিও আগ্রহী ছিলাম।

ইহুদি রীতিনীতি চাপিয়ে দেওয়ার জন্য পৌল পিতরকে তিরস্কার করেন

ইহুদি রীতিনীতি চাপিয়ে দেওয়ার জন্য পৌল পিতরকে তিরস্কার করেন। তিনি বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত হওয়ার মতবাদ সমর্থন করেন। তিনি যুক্তি দেন যে, খ্রীষ্টধর্ম গ্রহণকারী ইহুদিরা যদি নিশ্চিত হয়ে থাকে যে আচারসংক্রান্ত বিধান পরিত্রাণ আনতে পারে না, তবে অইহুদি জাতির লোকেরা তা পালন করবে বলে আশা করা, অথবা সেই বিধান তাদের জন্য বাধ্যতামূলক হওয়া অসম্ভব।

গালাতীয় 2:11–21

11 পিতর যখন আন্তিয়খে এলেন, আমি মুখের উপর তাঁর প্রতিবাদ করলাম, কারণ স্পষ্টতই তিনি উচিত কাজ করেননি। 12 যাকোবের কাছ থেকে কিছু লোক আসার আগে তিনি অইহুদিদের সঙ্গে আহার করতেন; কিন্তু তারা উপস্থিত হলে তিনি পিছিয়ে গেলেন ও অইহুদিদের কাছ থেকে নিজেকে পৃথক করতে লাগলেন, কারণ যারা সুন্নতপ্রাপ্ত ছিল, তিনি তাদের ভয় পেতেন। 13 অন্য সব ইহুদিরাও তাঁর এই ভণ্ডামিতে যোগ দিল, এমনকি, তাঁদের ভণ্ড আচরণে বার্ণবাও ভুল পথে পা বাড়িয়েছিলেন।

14 আমি যখন দেখলাম, তাঁরা সুসমাচারের সত্য অনুযায়ী কাজ করছেন না, আমি তাঁদের সকলের সামনে পিতরকে বললাম, “তুমি একজন ইহুদি, তবুও তুমি ইহুদির মতো নয় বরং একজন অইহুদির মতো জীবনযাপন করছ। তাহলে, এ কী রকম যে, তুমি অইহুদিদের বাধ্য করছ ইহুদি রীতিনীতি পালন করতে?

15 “আমরা, যারা জন্মসূত্রে ইহুদি, কিন্তু ‘অইহুদি পাপী’ নই, 16 আমরা জানি যে, বিধান পালন করে কোনো মানুষ নির্দোষ প্রতিপন্ন হয় না, কিন্তু হয় যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা। তাই আমরাও খ্রীষ্ট যীশুতে আমাদের বিশ্বাস স্থাপন করেছি, যেন আমরা খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে পারি, বিধান পালনের দ্বারা নয়, কারণ বিধান পালনের দ্বারা কেউই নির্দোষ প্রতিপন্ন হবে না।

17 “যদি খ্রীষ্টে নির্দোষ বলে গণ্য হওয়ার প্রচেষ্টায় আমরাও যদি পাপী বলে প্রতিপন্ন হয়ে থাকি, তবে কি ধরে নিতে হবে যে খ্রীষ্ট পাপের সহায়ক? অবশ্যই নয়! 18 যদি আমি যা ধ্বংস করেছি, তাই আবার তৈরি করি, আমি নিজেকে আইনভঙ্গকারী বলেই প্রমাণ করি।

19 “কারণ বিধানের মাধ্যমে বিধানের প্রতি আমি মৃত্যুবরণ করেছি, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। 20 আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন। 21 আমি ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্য করতে পারি না, কারণ যদি বিধান দ্বারা ধার্মিকতা লাভ করা যায়, তাহলে বৃথাই খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন!”