যিহিষ্কেলের দ্বিতীয় মন্দিরের দর্শন (continued)
574 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 “ ‘তোমরা যখন সম্পত্তি হিসেবে দেশের জমি ভাগ করে দেবে তখন 25,000 মাপকাঠি লম্বা ও 20,000 মাপকাঠি চওড়া একখণ্ড জমি সদাপ্রভুকে উপহার দেবে, সেই পুরো এলাকাটাই হবে পবিত্র। 2 এর মধ্যে, 500 মাপকাঠি লম্বা ও 500 মাপকাঠি চওড়া একটি অংশ উপাসনার স্থানের জন্য থাকবে, তার চারপাশে 50 মাপকাঠি খোলা জায়গা থাকবে। 3 সেই পুরো পবিত্র এলাকার মধ্য থেকে 25,000 মাপকাঠি লম্বা ও 10,000 মাপকাঠি চওড়া একটি অংশ মেপে রাখবে। এর মধ্যেই হবে উপাসনার স্থান, অর্থাৎ মহাপবিত্র স্থান। 4 এটি হবে দেশের পবিত্র অংশ যেটা যাজকদের জন্য, যারা উপাসনার স্থানের পরিচর্যা করে এবং সদাপ্রভুর সেবা করার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। এই জায়গাতেই হবে তাদের বাসস্থান এবং উপাসনার স্থানের পবিত্রস্থান। 5 আবার 25,000 মাপকাঠি লম্বা ও 10,000 মাপকাঠি চওড়া জায়গা সেই লেবীয়দের অধিকারে থাকবে, যারা মন্দিরে পরিচর্যা করে, তাদের অধিকারে এই নগর থাকবে যেখানে তারা বাস করবে।
6 “ ‘পবিত্র এলাকার পাশে 5,000 মাপকাঠি চওড়া ও 25,000 মাপকাঠি লম্বা একটি অংশ নগরের জন্য উপহার রূপে রাখতে হবে; এটি সমস্ত ইস্রায়েল কুলের জন্য হবে।
7 “ ‘পবিত্র এলাকা ও নগরের সীমানার উভয় পাশের জমি শাসনকর্তার হবে। শাসনকর্তার এই দুই জায়গা দেশের পশ্চিম প্রান্তের পশ্চিমে ও পূর্ব প্রান্তের পূর্বে এবং লম্বায় পশ্চিম সীমা থেকে পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত অংশ হবে। 8 এই জায়গা ইস্রায়েল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। এবং আমার শাসনকর্তারা আমার লোকদের উপর আর অত্যাচার করবে না কিন্তু ইস্রায়েল কুলকে তার নিজের নিজের বংশানুসারে দেশ দেবে।
9 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের শাসনকর্তারা! তোমাদের যথেষ্ট হয়েছে। এখন দৌরাত্ম্য ও নিপীড়ন করা ছেড়ে দিয়ে তোমরা যথাযথ ও ন্যায্য কাজ করো। আমার লোকদের অধিকারচ্যুত করা বন্ধ করো, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। 10 তোমরা ন্যায্য দাঁড়িপাল্লা, ন্যায্য ঐফা ও ন্যায্য বাৎ ব্যবহার করো। 11 ঐফা ও বাৎ-এর মাপ সমান হবে, এক বাৎ হোমরের দশ ভাগের এক ভাগ এবং এক ঐফা হোমরের দশ ভাগের এক ভাগ; এই দুটোই মাপা হবে হোমরের অনুসারে। 12 এক শেকলে থাকবে কুড়ি গেরা। কুড়ি শেকল, পঁচিশ শেকল ও পনেরো শেকলে এক মানি হবে।
13 “ ‘তোমরা এই বিশেষ উপহার উৎসর্গ করবে: গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ এবং যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ। 14 তেলের পরিমাণ মাপবার জন্য বাৎ-এর মাপ ব্যবহার করতে হবে যা এক কোর থেকে বাৎ-এর দশমাংশ। (দশ বাৎ-এর সমান এক হোমর আর এক হোমরের সমান এক কোর) 15 ইস্রায়েল দেশের মধ্যে ভালো জমিতে চরে এমন প্রতি দুশো মেষের মধ্যে একটি মেষ দেবে। লোকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এগুলি শস্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির জন্য ব্যবহার করা হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। 16 দেশের সব লোক ইস্রায়েলের শাসনকর্তাকে এই বিশেষ উপহার দেবে। 17 শাসনকর্তার কর্তব্য হবে অমাবস্যায় ও বিশ্রামবারে, সমস্ত উৎসবে হোমবলি, শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা। তিনি ইস্রায়েল কুলের পাপের প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলি, শস্য-নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন।
18 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি একটি নিখুঁত যুবা ষাঁড় নিয়ে উপাসনার স্থানকে শুচি করবে। 19 আর যাজক সেই পাপার্থক বলির রক্তের কিছুটা নিয়ে মন্দিরের চৌকাঠে, বেদির উপরের অংশের চার কোণে এবং ভিতরের উঠানের দ্বারের বাজুতে দেবে। 20 যারা ভুল করে বা অজ্ঞানতাবশত মন্দিরের বিরুদ্ধে কোনো পাপ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সপ্তম দিনে ওই একই কাজ করবে; অতএব তোমরা মন্দিরের জন্য প্রায়শ্চিত্ত করবে।
21 “ ‘প্রথম মাসের চোদ্দ দিনের দিন তোমরা নিস্তারপর্ব পালন করবে, এই পর্বটা সাত দিনের, সেই সময় তোমাদের তাড়ীশূন্য রুটি খেতে হবে। 22 সেদিন শাসনকর্তা তার নিজের ও ইস্রায়েল দেশের সব লোকদের জন্য পাপার্থক বলি হিসেবে একটি ষাঁড় উৎসর্গ করবে। 23 সেই পর্বের সাত দিনের প্রত্যেকদিন নিখুঁত সাতটা ষাঁড় ও সাতটা মেষ দিয়ে সদাপ্রভুর উদ্দেশে তাকে হোমার্থক বলি, এবং প্রতিদিন একটি পুরুষ ছাগল পাপার্থক বলি জন্য উৎসর্গ করবে। 24 তাকে শস্য-নৈবেদ্যের জন্য প্রতি ষাঁড়ের জন্য এক ঐফা ও প্রতি মেষের জন্য এক ঐফা, ও প্রতি ঐফার জন্য এক হিন জলপাই তেল উৎসর্গ করতে হবে।
25 “ ‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের পর্ব আরম্ভ হয় সেই সময় শাসনকর্তা পাপার্থক বলি, হোমার্থক বলি, শস্য-নৈবেদ্য এবং তেল উৎসর্গ করবে।
46:1 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ভিতরের উঠানের পূর্বমুখী দ্বার কাজের ছয় দিন বন্ধ থাকবে, কিন্তু বিশ্রামদিনে ও অমাবস্যার দিনে সেটি খোলা হবে। 2 শাসনকর্তা বাইরে থেকে দ্বারের বারান্দার পথ দিয়ে ঢুকে চৌকাঠের কাছে দাঁড়াবেন। যাজকেরা তাঁর হোমার্থক বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন। সে দ্বারে ঢুকবার মুখে উপাসনা করবেন এবং তারপর বের হয়ে যাবেন, কিন্তু সন্ধ্যা না হওয়া পর্যন্ত দ্বার বন্ধ করা যাবে না। 3 দেশের লোকেরা বিশ্রামবার ও অমাবস্যাতে সেই দ্বারের বাইরে সদাপ্রভুর উপাসনা করবে। 4 বিশ্রামদিনে শাসনকর্তাকে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গের জন্য ছয়টা পুরুষ মেষশাবক ও একটি মেষ আনতে হবে, সবগুলিই যেন নিখুঁত হয়। 5 শস্য-নৈবেদ্যরূপে মেষের জন্য এক ঐফা ও মেষশাবকের জন্য তার হাতে যতটা উঠবে এবং প্রতি ঐফার জন্য এক হিন জলপাই তেল। 6 অমাবস্যার দিনে তাকে একটি যুবা ষাঁড়, ছয়টা মেষশাবক ও একটি মেষ উৎসর্গ করতে হবে, সবগুলিই যেন নিখুঁত হয়। 7 শস্য-নৈবেদ্যরূপে সে ষাঁড়ের জন্য এক ঐফা, মেষের জন্য এক ঐফা ও মেষশাবকের জন্য তার হাতে যতটা উঠবে এবং প্রতি ঐফার জন্য এক হিন তেল দেবে। 8 শাসনকর্তা যখন আসবে, তখন দ্বারের বারান্দার পথ দিয়ে আসবে, এবং সেই একই পথ দিয়ে বের হয়ে আসতে হবে।
9 “ ‘নির্দিষ্ট সব পর্বের সময়ে দেশের লোকেরা যখন উপাসনার জন্য সদাপ্রভুর সামনে আসবে তখন যে কেউ উত্তরের দ্বার দিয়ে ঢুকবে সে দক্ষিণের দ্বার দিয়ে বের হয়ে যাবে আর যে দক্ষিণের দ্বার দিয়ে ঢুকবে সে উত্তরের দ্বার দিয়ে বের হয়ে যাবে। লোকে যে দ্বার দিয়ে ঢুকবে সেই দ্বার দিয়ে বেরিয়ে যাবে না, কিন্তু প্রত্যেককে ঢুকবার দ্বারের উল্টো দিকের দ্বার দিয়ে বের হয়ে যেতে হবে। 10 শাসনকর্তাকে লোকদের সঙ্গে ভিতরে যেতে হবে এবং বাইরে যাবার সময় লোকদের সঙ্গেই বের হয়ে যেতে হবে। 11 উৎসবে ও নির্দিষ্ট পর্বে, শস্য-নৈবেদ্য একটি ষাঁড়ের জন্য এক ঐফা, মেষের জন্য এক ঐফা ও মেষশাবকের জন্য তার হাতে যতটা উঠবে এবং প্রতি ঐফার জন্য এক হিন তেল দিতে হবে।
12 “ ‘শাসনকর্তা যখন সদাপ্রভুর উদ্দেশে নিজের ইচ্ছায় কোনও উৎসর্গ করতে চায়—সেটি হোমবলি অথবা মঙ্গলার্থক বলি—তখন তার জন্য পূর্বমুখী দ্বারটা খুলে দিতে হবে। বিশ্রামদিনের মতো করেই সে তার হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবে। তারপর সে বাইরে গেলে দ্বারটা বন্ধ করা হবে।
13 “ ‘প্রতিদিন তুমি সদাপ্রভুর উদ্দেশে হোমবলির জন্য একটি এক বছরের নিখুঁত মেষশাবক উৎসর্গ করবে; প্রতিদিন সকালে তোমাদের তা করতে হবে। 14 এছাড়া এর সঙ্গে রোজ সকালে তোমাদের শস্য-নৈবেদ্যের জিনিসও দিতে হবে, এতে থাকবে ঐফার ষষ্ঠাংশ এবং ময়দা ভিজানোর জন্য হিনের তৃতীয়াংশ তেল। সদাপ্রভুর উদ্দেশে এই শস্য-নৈবেদ্যের অনুষ্ঠান একটি স্থায়ী নির্দেশ। 15 এইভাবে প্রত্যেকদিন সকালে সেই মেষশাবক ও শস্য-নৈবেদ্য এবং তেল নিয়মিত হোমবলি জন্য যোগান দিতে হবে।
16 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যদি শাসনকর্তা তার সম্পত্তি থেকে তার কোনও ছেলেকে কোনও জায়গা দান করে, তবে তা তার বংশধরদেরও অধিকারে থাকবে; তারা সেই সম্পত্তির উত্তরাধিকারী হবে। 17 কিন্তু যদি সে তার সম্পত্তি থেকে তার কোনও দাসকে কোনও জায়গা দান করে, তবে তা মুক্তিবছর পর্যন্ত তার থাকবে; পরে সেটি আবার শাসনকর্তার দখলে আসবে। শাসনকর্তার সম্পত্তি কেবল তার ছেলেরাই পাবে; সেটি তাদেরই হবে। 18 লোকদের তাড়িয়ে দিয়ে শাসনকর্তা তাদের কোনও সম্পত্তিই দখল করতে পারবে না। সে কেবল তার নিজের সম্পত্তি থেকেই তার ছেলেদের দিতে পারবে, যাতে আমার লোকদের মধ্য থেকে কেউই তার সম্পত্তির মালিকানা না হারায়।’ ”
19 তারপর সেই ব্যক্তি দ্বারের পাশের ঢুকবার পথ দিয়ে যাজকদের উত্তরমুখী ঘরগুলির সামনে আনলেন, এবং পশ্চিমদিকে পিছনে একটি জায়গা দেখালেন। 20 তিনি আমাকে বললেন, “এটা সেই জায়গা যেখানে যাজকেরা দোষার্থক-নৈবেদ্য ও পাপার্থক বলি রান্না করবে এবং শস্য-নৈবেদ্য সেঁকে নেবে যেন সেই পবিত্র জিনিসগুলি বাইরের উঠানে আনতে না হয় এবং লোকেরা পবিত্র হয়ে যায়।”
21 তারপর তিনি আমাকে বাইরের উঠানে এনে তার চারটি কোনা ঘুরিয়ে নিয়ে আসলেন, আর আমি প্রত্যেকটা কোনায় আরেকটা করে ছোটো উঠান দেখতে পেলাম। 22 উঠানের চার কোনায় চল্লিশ হাত লম্বা ও ত্রিশ হাত চওড়া প্রাচীর দিয়ে ঘেরা উঠান ছিল আর সেগুলি একই মাপের ছিল। 23 সেই চারটি উঠানের প্রত্যেকটির ভিতরের চারপাশে দেয়ালের সঙ্গে লাগানো পাথরের তাক ছিল, যেখানে তার নিচে চারপাশে উনুন ছিল। 24 তখন তিনি আমাকে বললেন, “এগুলি হল রান্নাঘর যেখানে মন্দিরের পরিচারকেরা লোকদের উৎসর্গ করা বলি রান্না করবে।”