মিশরের বিরুদ্ধে যিহিষ্কেলের শেষ ভবিষ্যদ্বাণী
মিশরের বিরুদ্ধে শেষ ভবিষ্যদ্বাণী।
572 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
17 সাতাশ বছরের প্রথম মাসের প্রথম দিনে, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 18 “হে মানবসন্তান, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার সোরের বিরুদ্ধে যুদ্ধের সময় তার সৈন্যদলকে এত বেশি পরিশ্রম করিয়েছে যে; প্রত্যেকের মাথার চুল উঠে গিয়েছে ও কাঁধের ছালচামড়া উঠে গিয়েছে। তবুও সোরের বিরুদ্ধে সে যে যুদ্ধ চালিয়েছে তাতে তার বা তার সৈন্যদলের কোনো লাভ হয়নি। 19 এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে মিশর দেশটা দেব, আর সে তার ধনসম্পদ নিয়ে যাবে। তার সৈন্যদলের বেতনের জন্য সে সেই দেশ লুটপাট করবে। 20 সে ও তার সৈন্যদল আমার জন্য যে পরিশ্রম করেছে তার পুরস্কার হিসেবে আমি তাকে মিশর দেশটা দিয়েছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
21 “সেদিন আমি ইস্রায়েল জাতিকে শক্তিশালী করব, এবং তাদের মধ্যে কথা বলার জন্য আমি তোমার মুখ খুলে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”
30:1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, ভাববাণী বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘বিলাপ করো এবং বলো,
“হায়, সে কেমন দিন!”
3 কারণ সেদিনটি নিকটবর্তী,
সদাপ্রভুর দিনটি নিকটবর্তী,
সেটি মেঘে ঢাকা দিন,
জাতিদের শেষ সময়।
4 মিশরের উপর যুদ্ধ আসবে,
আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা।
যখন মিশরে লোকেরা মরে পড়ে থাকবে,
তার ধনসম্পদ নিয়ে যাওয়া হবে
তার ভিত্তি ধ্বংস হবে।
5 কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।
6 “ ‘সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘মিশরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে
এবং তার শক্তির গর্ব অকৃতকার্য হবে।
মিগ্দোল থেকে সিবেনী পর্যন্ত
লোকেরা তার মধ্যেই যুদ্ধে মারা পড়বে,
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
7 তারা জনশূন্য হবে
জনশূন্য দেশের মধ্যে
আর তাদের নগরগুলি পড়ে থাকবে
ধ্বংস হওয়া নগরগুলি মধ্যে।
8 তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু,
যখন আমি মিশরে আগুন লাগাব
এবং তার সমস্ত সাহায্যকারী চুরমার হয়ে যাবে।
9 “ ‘সেদিন নিশ্চিন্তে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিশরের শেষ দিনে কূশের যন্ত্রণা হবে, কারণ সেদিন তার উপরেও নিশ্চয় আসবে।
10 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাত দিয়ে
মিশরের মস্ত বড়ো দলকে আমি শেষ করে দেব।
11 সে এবং তার সৈন্যদলকে—জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর,
আনা হবে দেশকে ধ্বংস করার জন্য।
তারা মিশরের বিরুদ্ধে তাদের তরোয়াল ধরবে
আর নিহত লোকদের দিয়ে দেশ ভরিয়ে দেবে।
12 আমি নীলনদের স্রোত শুকিয়ে ফেলব
এবং মন্দ জাতির কাছে দেশটা বিক্রি করে দেব;
বিদেশিদের হাত দিয়ে
দেশ ও তার মধ্যেকার সবকিছুকে আমি ধ্বংস করব।
আমি সদাপ্রভু এই কথা বললাম।
13 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন
“ ‘আমি প্রতিমাগুলি ধ্বংস করব
এবং মেম্ফিস থেকে অবস্তু-প্রতিমাগুলি শেষ করে দেব।
মিশরে আর কোনও শাসনকর্তা থাকবে না,
এবং দেশের সর্বত্র আমি ভয় ছড়িয়ে দেব।
14 আমি মিশরের উপরের এলাকাটিকে পতিত জমি করে ফেলে রাখব,
সোয়নে আগুন লাগাব
এবং থিব্সকে শাস্তি দেব।
15 আমি মিশরের দুর্গ,
সীন নগরের উপর আমার ক্রোধ ঢেলে দেব,
এবং থিব্সের সমস্ত লোককে ছেঁটে ফেলে দেব।
16 আমি মিশরে আগুন লাগাব;
সীন নগর যন্ত্রণায় ছটফট করবে।
থিব্সের বিরুদ্ধে লোকেরা হঠাৎ আসবে;
মেম্ফিসের নিয়মিত যন্ত্রণায় থাকবে।
17 আবেন ও পী-বেশতের যুবকেরা
যুদ্ধে মারা যাবে,
এবং নগরগুলি নিজেরাই বন্দিদশায় যাবে।
18 তফন্হেষে দিনের বেলা অন্ধকার হয়ে যাবে
যখন আমি মিশরের জোয়াল ভাঙব;
সেখানে তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে।
সে মেঘে ঢেকে যাবে,
তার গ্রামগুলি বন্দিদশায় যাবে।
19 এইভাবে আমি মিশরকে শাস্তি দেব,
আর তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”