ইলীফস বলেন, ইয়োব নিজের পাপের জন্য কষ্ট ভোগ করছেন

ইয়োব ও তাঁর বন্ধুদের মধ্যে প্রথম বিতর্ক, যার সূচনা করেন ইলীফস। তিনি দাবি করেন যে ইয়োবের দুঃখকষ্ট তাঁর পাপের শাস্তি।

2130 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইয়োব 4–5

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:

2 “যদি কেউ তোমার সাথে কথা বলতে চায়, তুমি কি অধৈর্য হবে?

কিন্তু কে কথা না বলে থাকতে পারে?

3 ভাবো দেখি, তুমি কীভাবে অনেককে শিক্ষা দিয়েছ,

দুর্বল হাত তুমি কীভাবে শক্ত করেছ।

4 তোমার কথা হোঁচট খাওয়া লোকদের সাহায্য করেছে;

কম্পমান জানুগুলি তুমি শক্ত করেছ।

5 কিন্তু এখন দুঃখকষ্ট তোমার কাছে এসেছে, আর তুমি হতাশ হয়েছ;

তা তোমায় আঘাত করেছে, আর তুমি আতঙ্কিত হয়েছ।

6 তোমার ধর্মনিষ্ঠা কি তোমার প্রত্যয় নয়

আর তোমার অনিন্দনীয় পথই কি তোমার প্রত্যাশা নয়?

7 “এখন বিবেচনা করো: কে নির্দোষ হয়েও বিনষ্ট হয়েছে?

কোথাও কি কোনও ন্যায়পরায়ণ লোক ধ্বংস হয়েছে?

8 আমি লক্ষ্য করেছি, যারা অনিষ্ট চাষ করে

আর যারা অস্থিরতা বোনে, তারা তাই কাটে।

9 ঈশ্বরের নিঃশ্বাসে তারা বিনষ্ট হয়;

তাঁর ক্রোধের বিস্ফোরণে তারা বিলীন হয়ে যায়।

10 সিংহেরা গর্জন ও হুঙ্কার করতে পারে,

তবুও মহাশক্তিশালী সিংহদেরও দাঁত ভেঙে যায়।

11 শিকারের অভাবে সিংহ বিনষ্ট হয়,

সিংহী শাবকেরা ছত্রভঙ্গ হয়।

12 “গোপনে একটি কথা আমার কাছে পৌঁছাল,

সেকথার ফিস্‌ফিসানি আমার কানে বাজল।

13 রাতের অশান্তিকর স্বপ্নের মধ্যে,

যখন মানুষ গভীর নিদ্রায় মগ্ন থাকে,

14 ভয় ও কাঁপুনি আমায় গ্রাস করল

আমার সব অস্থি কেঁপে উঠল।

15 এক আত্মা আমার সামনে দিয়ে ধীরে বয়ে গেল,

আর আমার শরীরের লোম খাড়া হল।

16 তা থেমে গেল,

কিন্তু আমি বলতে পারিনি সেটি কী।

আমার চোখের সামনে দাঁড়িয়েছিল এক অবয়ব,

আর আমি মৃদু এক স্বর শুনলাম:

17 ‘মরণশীল মানুষ কি ঈশ্বরের চেয়েও বেশি ধার্মিক হতে পারে?

এক সবল মানুষও কি তার নির্মাতার চেয়েও বেশি পবিত্র হতে পারে?

18 ঈশ্বর যদি তাঁর দাসেদের বিশ্বাস না করেন,

তিনি যদি তাঁর স্বর্গদূতদেরও দোষারোপ করেন,

19 তবে মাটির বাড়িতে বসবাসকারী সেই মানুষদের,

যাদের উৎপত্তি সেই ধুলোতে,

এক পতঙ্গের চেয়েও সহজে যারা নিষ্পিষ্ট হয়! তাদের কী হবে?

20 ভোর থেকে গোধূলি বেলা পর্যন্ত তারা চূর্ণবিচূর্ণ হয়;

লোকচক্ষুর অন্তরালে, তারা চিরতরে বিনষ্ট হয়।

21 তাদের তাঁবুর দড়াদড়ি কি উপড়ে ফেলা হয় না,

যেন বিনা বিজ্ঞতায় তারা মারা যায়?’

5:1 “ডাকতে চাইলে ডাকো, কিন্তু কে তোমায় উত্তর দেবে?

পবিত্রজনেদের মধ্যে তুমি কার শরণাপন্ন হবে?

2 বিরক্তিভাব মূর্খকে হত্যা করে,

আর হিংসা সরল লোককে বধ করে।

3 আমি স্বয়ং এক মূর্খকে মূল বিস্তার করতে দেখেছি,

কিন্তু হঠাৎ তার বাড়ি অভিশপ্ত হয়ে গেল।

4 তার সন্তানেরা নিরাপত্তাহীন হল,

রক্ষক বিনা কাছারিতে নিষ্পেষিত হল।

5 ক্ষুধার্ত লোক তার ফসল খেয়ে ফেলে,

কাঁটাঝোপ থেকেও সেগুলি তুলে নেয়,

আর তৃষ্ণার্তরা তার সম্পত্তির জন্য আকাঙ্ক্ষিত হয়।

6 কারণ মাটি থেকে কষ্ট উৎপন্ন হয় না,

জমি থেকেও অনিষ্ট অঙ্কুরিত হয় না।

7 তবুও মানুষ অসুবিধা ভোগ করার জন্যই জন্মায়,

ঠিক যেভাবে অগ্নিস্ফুলিঙ্গ উপরের দিকে উঠে যায়।

8 “কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঈশ্বরের কাছে আবেদন জানাতাম;

তাঁর কাছেই আমার উদ্দেশ্য ব্যক্ত করতাম।

9 তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না,

এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।

10 তিনি ধরণীতে বৃষ্টির জোগান দেন;

তিনি গ্রামাঞ্চলে জল পাঠান।

11 সহজসরল লোককে তিনি উন্নত করেন,

আর শোকার্তদের নিরাপত্তা দেন।

12 ধূর্তদের পরিকল্পনা তিনি ব্যর্থ করেন,

যেন তাদের হাত কোনও সাফল্য লাভ না করে।

13 জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,

আর শঠের ফন্দি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়।

14 দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে,

মধ্যাহ্নে তারা রাতের মতো হাতড়ে বেড়ায়।

15 অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন;

তিনি তাদের শক্তিশালীদের খপ্পর থেকে রক্ষা করেন।

16 তাই দরিদ্র আশায় বুক বাঁধে,

আর অবিচার নিজের মুখে কুলুপ আঁটে।

17 “ধন্য সেই জন যাকে ঈশ্বর সংশোধন করেন;

তাই সর্বশক্তিমানের শাস্তি তুচ্ছজ্ঞান কোরো না।

18 কারণ তিনি আঘাত দেন, কিন্তু শুশ্রুষাও করেন;

তিনি ক্ষতিগ্রস্ত করেন, কিন্তু তাঁর হাত সুস্থও করে তোলে।

19 ছয়টি বিপর্যয় থেকে তিনি তোমাকে রক্ষা করবেন;

সপ্তমটিতেও কোনও অনিষ্ট তোমাকে স্পর্শ করবে না।

20 দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে,

আর যুদ্ধের সময় তরোয়ালের আঘাত থেকে রক্ষা করবেন।

21 জিভের কশাঘাত থেকে তুমি সুরক্ষিত থাকবে,

আর বিনাশকালেও ভয় পাবে না।

22 ধ্বংস ও দুর্ভিক্ষ দেখে তুমি হাসবে,

আর বুনো পশুদেরও ভয় পাবে না।

23 কারণ জমির পাথরগুলির সঙ্গে তুমি চুক্তিবদ্ধ হবে,

আর বুনো পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে।

24 তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপদ;

তুমি তোমার সম্পত্তির পরিমাণ যাচাই করবে ও দেখবে একটিও হারায়নি।

25 তুমি জানবে যে তোমার সন্তানেরা অসংখ্য হবে,

ও তোমার বংশধরেরা মাটির ঘাসের মতো হবে।

26 পূর্ণ প্রাণশক্তি নিয়ে তুমি কবরে যাবে,

যেভাবে শস্যের আঁটিগুলি যথাসময়ে সংগৃহীত হয়।

27 “আমরা এর পরীক্ষা করেছি, আর তা সত্যি।

তাই একথা শোনো ও নিজের জীবনে প্রয়োগ করো।”