ইলীহূ বলেন, দুঃখকষ্ট ঈশ্বরের কাছ থেকে আসে

ইলীহূ, যিনি এতক্ষণ নীরব ছিলেন, বিতর্কে যোগ দেন। তিনি দেখান যে ঈশ্বর প্রজ্ঞাপূর্ণ উদ্দেশ্যে দুঃখকষ্ট পাঠান, যদিও আমরা সেই উদ্দেশ্যগুলি খুঁজে বের করতে পারি না, এবং মানুষের কর্তব্য হল তাঁর বশীভূত হওয়া।

2130 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইয়োব 32–33

1 অতএব এই তিনজন ইয়োবকে আর কোনও উত্তর দিলেন না, যেহেতু তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক বলে মনে করেছিলেন। 2 কিন্তু রামের পরিবারভুক্ত বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপরে খুব ক্রুদ্ধ হলেন, যেহেতু ইয়োব ঈশ্বরের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন। 3 তিনি ইয়োবের তিন বন্ধুর উপরেও ক্রুদ্ধ হলেন, যেহেতু তারা কোনোভাবেই ইয়োবকে মিথ্যা প্রমাণিত করতে পারেননি, তবুও তাঁর উপরে দোষারোপ করেছিলেন। 4 এদিকে ইলীহূ ইয়োবের সাথে কথা বলার আগে অপেক্ষা করছিলেন, যেহেতু তারা সবাই বয়সে তাঁর চেয়ে বড়ো ছিলেন। 5 কিন্তু তিনি যখন দেখলেন যে সেই তিনজনের বলার আর কিছুই নেই, তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন।

6 অতএব বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বললেন:

“আমি বয়সে তরুণ,

ও আপনারা প্রবীণ;

তাই আমার ভয় হয়েছিল,

আমি যা জানি তা আপনাদের বলার সাহস পাইনি।

7 আমি ভেবেছিলাম, ‘বয়সই কথা বলুক;

পরিণত বছরগুলিই প্রজ্ঞা শিক্ষা দিক।’

8 কিন্তু একজন ব্যক্তির মধ্যে উপস্থিত আত্মা,

সর্বশক্তিমানের শ্বাসই তাদের বুদ্ধি-বিবেচনা দান করে।

9 যারা বয়সে প্রাচীন তারাই যে শুধু জ্ঞানবান, তা নয়,

বয়স্করাই যে শুধু যা সমুচিত তা বোঝেন, এরকম নয়।

10 “তাই আমি বলছি: আমার কথা শুনুন;

আমি যা জানি তা আমিও আপনাদের বলব।

11 আপনারা যখন কথা বলছিলেন, আমি তখন অপেক্ষা করেছিলাম,

আমি আপনাদের যুক্তি শুনছিলাম;

আপনারা যখন শব্দ খুঁজছিলেন,

12 আমি তখন গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলাম।

কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবকে ভ্রান্ত প্রমাণ করতে পারেননি;

আপনাদের মধ্যে কেউই তাঁর যুক্তির উত্তর দিতে পারেননি।

13 বলবেন না, ‘আমরা প্রজ্ঞা খুঁজে পেয়েছি;

মানুষ নয়, ঈশ্বরই তাঁকে মিথ্যা প্রমাণিত করুন।’

14 কিন্তু ইয়োব আমার বিরুদ্ধে তাঁর শব্দগুলি বিন্যাস সহকারে সাজাননি,

ও আপনাদের যুক্তি দিয়ে আমিও তাঁকে উত্তর দেব না।

15 “তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন ও তাদের আর কিছুই বলার ছিল না;

তাদের শব্দ হারিয়ে গিয়েছিল।

16 আমি কি অপেক্ষা করব, এখন তারা যখন নীরব হয়ে আছেন,

এখন তারা যখন সেখানে নিরুত্তর অবস্থায় দাঁড়িয়ে আছেন?

17 আমারও কিছু বলার আছে;

আমি যা জানি তা আমিও বলব।

18 যেহেতু আমি কথায় পরিপূর্ণ,

ও আমার অন্তরাত্মা আমাকে বাধ্য করছে;

19 ভিতর থেকে আমি বোতলে ভরা দ্রাক্ষারস,

দ্রাক্ষারসে ভরা নতুন মশকের মতো, যা ফেটে পড়তে চলেছে।

20 আমাকে কথা বলতে ও উপশম পেতে হবে;

ঠোঁট খুলে আমাকে উত্তর দিতে হবে।

21 আমি কোনও পক্ষপাতিত্ব দেখাব না,

কাউকে তোষামোদও করব না;

22 যেহেতু আমি যদি তোষামোদিতে পারদর্শী হতাম,

তবে আমার নির্মাতা অচিরেই আমাকে নিয়ে চলে যেতেন।

33:1 “কিন্তু এখন, হে ইয়োব, আমার কথা শুনুন;

আমি যা কিছু বলি, তাতে মনোযোগ দিন।

2 আমি আমার মুখ খুলতে যাচ্ছি;

আমার কথা আমার জিভের ডগায় লেগে আছে।

3 আমার কথা এক ন্যায়পরায়ণ অন্তর থেকে বেরিয়ে আসে;

আমি যা জানি আমার ঠোঁট সততাপূর্বক তাই বলে।

4 ঈশ্বরের আত্মা আমাকে সৃষ্টি করেছেন;

সর্বশক্তিমানের শ্বাস আমায় জীবন দান করেছে।

5 যদি পারেন তবে আমার কথার উত্তর দিন;

উঠে দাঁড়ান ও আমার সামনে আপনার মামলার যুক্তি সাজান।

6 ঈশ্বরের দৃষ্টিতে আপনি যেমন আমিও তেমনই;

আমিও মাটির এক টুকরো।

7 আমাকে ভয় করতে হবে না,

বা আমার হাতও আপনার উপরে ভারী হবে না।

8 “কিন্তু আপনি আমার কানে কানে বলেছেন—

সেকথা আমি শুনেছি—

9 ‘আমি শুচিশুদ্ধ, আমি কোনও অন্যায় করিনি;

আমি নির্মল ও পাপমুক্ত।

10 তবুও ঈশ্বর আমার মধ্যে দোষ খুঁজে পেয়েছেন;

তিনি আমাকে তাঁর শত্রু বলে গণ্য করেছেন।

11 তিনি আমার পায়ে বেড়ি পড়িয়েছেন;

তিনি আমার সব পথের উপরে সজাগ দৃষ্টি রাখেন।’

12 “কিন্তু আমি আপনাকে বলছি, এ বিষয়ে আপনি নির্ভুল নন,

যেহেতু ঈশ্বর যে কোনো নশ্বর মানুষের চেয়ে মহান।

13 আপনি কেন তাঁর কাছে অভিযোগ জানাচ্ছেন

যে তিনি কারোর কথার উত্তর দেন না?

14 যেহেতু ঈশ্বর তো কথা বলেন—এখন একভাবে, তো তখন অন্যভাবে—

যদিও কেউই তা হৃদয়ঙ্গম করে না।

15 স্বপ্নে, রাতে আসা দর্শনে,

যখন মানুষ গভীর ঘুমে মগ্ন থাকে

তাদের বিছানায় তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে,

16 তখন হয়তো তিনি তাদের কানে কানে কথা বলেন

ও সতর্কবার্তা দিয়ে তাদের আতঙ্কিত করে তোলেন,

17 যেন তিনি তাদের অন্যায়াচরণ থেকে ফিরিয়ে আনতে পারেন

ও অহংকার থেকে তাদের দূরে সরিয়ে রাখতে পারেন,

18 যেন খাত থেকে তাদের প্রাণ,

তরোয়ালের আঘাত থেকে তাদের জীবন রক্ষা করতে পারেন।

19 “অথবা কেউ হয়তো অস্থিতে অবিরত যন্ত্রণা নিয়ে

বিছানায় ব্যথায় কাতরাতে কাতরাতে শাস্তি পায়,

20 তাদের কাছে খাবার বিরক্তিকর বলে মনে হয়

ও তাদের প্রাণ সুস্বাদু আহারও ঘৃণা করে।

21 তাদের শরীর ক্ষয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়,

ও তাদের অস্থি, যা এক সময় অদৃশ্য ছিল, তা এখন বেরিয়ে পড়েছে।

22 তারা খাতের কাছে এগিয়ে যায়,

ও তাদের জীবন মৃত্যুদূতদের নিকটবর্তী হয়।

23 তবুও যদি তাদের পাশে থেকে একথা বলার জন্য এক স্বর্গদূতকে,

হাজার জনের মধ্যে থেকে একজন দূতকে পাঠানো হয়,

যে কীভাবে ন্যায়পরায়ণ হওয়া যায়,

24 ও তিনি সেই লোকটির প্রতি অনুগ্রহকারী হয়ে ঈশ্বরকে বলেন,

‘খাদে নেমে যাওয়ার হাত থেকে তাদের রেহাই দাও;

আমি তাদের জন্য মুক্তিপণ খুঁজে পেয়েছি—

25 তাদের শরীর এক শিশুর মতো সতেজ হয়ে যাক;

তারা তাদের যৌবনের দিনগুলিতে ফিরে যাক।’

26 তখন সেই লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবে ও তাঁর অনুগ্রহ লাভ করবে,

তারা ঈশ্বরের মুখদর্শন করবে ও আনন্দে চিৎকার করবে;

তিনি তাদের আবার পূর্ণ মঙ্গলের দশায় ফিরিয়ে আনবেন।

27 আর তারা অন্যদের কাছে গিয়ে বলবে,

‘আমি পাপ করেছি, আমি সত্য বিকৃত করেছি,

কিন্তু আমার যা প্রাপ্য আমি তা পাইনি।

28 ঈশ্বর আমাকে খাদে যাওয়া থেকে রক্ষা করেছেন,

ও আমি জীবনের আলো উপভোগ করার জন্য বেঁচে থাকব।’

29 “ঈশ্বর একজন লোকের সঙ্গে এসব কিছু করেন—

দু-বার, এমনকি তিনবারও করেন—

30 খাত থেকে তাদের ফিরিয়ে আনার জন্য,

যেন তাদের উপরে জীবনের আলো উদ্ভাসিত হয়।

31 “হে ইয়োব, মনোযোগ দিন, ও আমার কথা শুনুন;

নীরব থাকুন, ও আমাকে বলতে দিন।

32 আপনার যদি কিছু বলার থাকে, তবে আমাকে উত্তর দিন;

কথা বলুন, কারণ আমি আপনাকে সমর্থন করতে চাই।

33 কিন্তু যদি না থাকে, তবে আমার কথা শুনুন;

নীরব থাকুন, ও আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।”