ইলীহূ বলেন, দুঃখকষ্ট ঈশ্বরের কাছ থেকে আসে (continued)
ইলীহূ, যিনি এতক্ষণ নীরব ছিলেন, বিতর্কে যোগ দেন। তিনি দেখান যে ঈশ্বর প্রজ্ঞাপূর্ণ উদ্দেশ্যে দুঃখকষ্ট পাঠান, যদিও আমরা সেই উদ্দেশ্যগুলি খুঁজে বের করতে পারি না, এবং মানুষের কর্তব্য হল তাঁর বশীভূত হওয়া।
2130 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 ইলীহূ আরও বললেন;
2 “আপনি আমার প্রতি আরও একটু ধৈর্য ধরুন ও আমি আপনাকে দেখিয়ে দেব
যে ঈশ্বরের হয়ে আরও অনেক কিছু বলার আছে।
3 আমি বহুদূর থেকে আমার জ্ঞান লাভ করেছি;
আমি আমার সৃষ্টিকর্তার উপরে ন্যায়পরায়ণতা আরোপ করব।
4 নিশ্চিত হতে পারেন যে আমার কথা মিথ্যা নয়;
নিখুঁত জ্ঞানবিশিষ্ট একজন আপনার সহবর্তী।
5 “ঈশ্বর পরাক্রমী, কিন্তু তিনি কাউকে অবজ্ঞা করেন না;
তিনি পরাক্রমী, ও তাঁর অভীষ্টে অটল।
6 তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন না
কিন্তু নিপীড়িতদের তাদের অধিকার দান করেন।
7 তিনি ধার্মিকদের উপর থেকে তাঁর দৃষ্টি সরিয়ে নেন না;
রাজাদের সঙ্গে তিনি তাদের সিংহাসনে বসান
ও চিরকাল তাদের মহিমান্বিত করেন।
8 কিন্তু লোকেরা যদি শিকলে বাঁধা পড়ে,
দুঃখের দড়ি দিয়ে তাদের কষে বাঁধা হয়,
9 ঈশ্বর তখন তাদের বলে দেন যে তারা কী করেছে—
যে তারা অহংকারভরে পাপ করেছে।
10 তিনি তাদের সংশোধনমূলক কথা শুনতে বাধ্য করেন
ও তাদের দুষ্টতার বিষয়ে তাদের মন ফিরানোর আদেশ দেন।
11 তারা যদি তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করে,
তবে তারা তাদের জীবনের বাকি দিনগুলি সমৃদ্ধিতে
ও তাদের বছরগুলি সন্তোষযুক্ত হয়ে কাটাবে।
12 কিন্তু যদি তারা তাঁর কথা না শোনে,
তবে তারা তরোয়ালের আঘাতে ধ্বংস হবে
ও জ্ঞানের অভাবে মারা যাবে।
13 “অধার্মিকেরা অন্তরে অসন্তোষ পুষে রাখে;
এমনকি যখন তিনি তাদের শিকলে বাঁধেন, তখনও তারা সাহায্যের আশায় আর্তনাদ করে না।
14 যৌবনকালেই তারা মারা যায়
মন্দিরের দেবদাসদের মধ্যেই তাদের মৃত্যু হয়।
15 কিন্তু যারা কষ্টভোগ করে, কষ্ট চলাকালীনই তিনি তাদের উদ্ধার করেন;
তাদের দুঃখের মধ্যেই তিনি তাদের সাথে কথা বলেন।
16 “ঈশ্বর আপনাকে যন্ত্রণার মুখ থেকে বের করে
বিধিনিষেধ-মুক্ত এক প্রশস্ত স্থানে,
পছন্দসই খাদ্যদ্রব্যে সুসজ্জিত আপনার টেবিলের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এনেছেন।
17 কিন্তু এখন আপনি দুষ্টদের উপযুক্ত বিচারে বিচারিত হতে যাচ্ছেন;
বিচার ও ন্যায় আপনাকে ধরে ফেলেছে।
18 সাবধান, কেউ যেন ধন দ্বারা আপনাকে প্রলুব্ধ করতে না পারে;
বিপুল পরিমাণ ঘুস যেন আপনাকে বিপথগামী করে না তোলে।
19 আপনার ধনসম্পদ বা আপনার সব মহৎ প্রচেষ্টাও কি
আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, যেন আপনি যন্ত্রণাভোগ না করেন?
20 সেরাতের জন্য অপেক্ষা করবেন না,
যখন লোকজনকে তাদের ঘর থেকে টেনে বের করা হয়।
21 সাবধান, অনিষ্টের দিকে ফিরে যাবেন না,
আপনি তো দুঃখের পরিবর্তে সেটিকেই মনোনীত করেছেন।
22 “ঈশ্বর তাঁর পরাক্রমে উন্নত।
তাঁর মতো শিক্ষক আর কে আছে?
23 কে তাঁর গন্তব্যপথ নিরূপিত করেছে,
বা তাঁকে বলেছে, ‘তুমি অন্যায় করেছ’?
24 মনে রাখবেন, তাঁর সেই কাজের উচ্চপ্রশংসা করতে হবে,
যাঁর প্রশংসা লোকেরা গানের মাধ্যমে করেছিল।
25 সমগ্র মানবজাতি তা দেখেছে;
নশ্বর মানুষও দূর থেকে সেদিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকেছে।
26 ঈশ্বর কত মহান—আমাদের বোধশক্তির ঊর্ধ্বে!
তাঁর বছর-সংখ্যার খোঁজ পাওয়া যায় না।
27 “তিনি জলবিন্দু টেনে নেন,
ও তা বৃষ্টিরূপে পরিশুদ্ধ করে জলধারায় ফিরিয়ে দেন;
28 মেঘরাশি তাদের আর্দ্রতা ঢেলে দেয়
ও প্রচুর বৃষ্টি মানবজাতির উপরে বর্ষিত হয়।
29 কে বুঝতে পারে কীভাবে তিনি মেঘরাশি ছড়িয়ে দেন,
কীভাবে তিনি তাঁর শামিয়ানা থেকে বজ্রধ্বনি করেন?
30 দেখুন কীভাবে তিনি তাঁর চারপাশে বিজলি নিক্ষেপ করেন,
সমুদ্রগর্ভকে স্নান করান।
31 এভাবেই তিনি জাতিদের নিয়ন্ত্রণ করেন
ও প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য জোগান।
32 তাঁর হাত তিনি বিজলিতে পরিপূর্ণ করেন
ও তাকে লক্ষ্যে আঘাত হানার আদেশ দেন।
33 তাঁর বজ্রধ্বনি আসন্ন ঝড়ের সংকেত দেয়;
এমনকি পশুপালও সেটির আগমনবার্তা দেয়।
37:1 “এতে আমার হৃদয় চূর্ণ হচ্ছে
ও স্বস্থান থেকে লাফিয়ে উঠছে।
2 শুনুন! তাঁর কণ্ঠস্বরের গর্জন শুনুন,
সেই হুংকার শুনুন যা তাঁর মুখ থেকে বের হয়।
3 সমগ্র আকাশের নিচে তিনি তাঁর বিজলি ছেড়ে দেন
ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তা পাঠিয়ে দেন।
4 তারপরে আসে তাঁর গর্জনের শব্দ;
তাঁর সৌম্য স্বর দিয়ে তিনি বজ্রধ্বনি করেন।
তাঁর স্বর যখন প্রতিধ্বনিত হয়,
তখন তিনি কিছুই আটকে রাখেন না।
5 ঈশ্বরের কণ্ঠস্বর অবিশ্বাস্যভাবে বজ্রধ্বনি করে;
তিনি এমন সব মহৎ কাজ করেন যা আমাদের বোধের অগম্য।
6 তিনি তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও,’
ও বৃষ্টিধারাকে বলেন, ‘প্রবল বর্ষণে পরিণত হও।’
7 যেন তাঁর নির্মিত সবাই তাঁর কাজকর্ম জানতে পারে,
তিনি সব মানুষজনকে তাদের পরিশ্রম থেকে অব্যাহতি দেন।
8 পশুরা আশ্রয়স্থলে প্রবেশ করে;
তারা নিজেদের গুহার মধ্যে থেকে যায়।
9 প্রবল ঝড় তার কক্ষ থেকে ধেয়ে আসে,
শীত আসে ঝোড়ো হাওয়ার প্রভাবে।
10 ঈশ্বরের শ্বাস বরফ উৎপন্ন করে,
ও প্রশস্ত জলরাশি হিমায়িত হয়ে যায়।
11 মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন;
তাদের মাধ্যমে তিনি তাঁর বিজলি ছড়িয়ে দেন।
12 তাঁরই পরিচালনায় তারা
সমগ্র পৃথিবীর বুকে ঘুরপাক খেতে খেতে
তাঁর দেওয়া নির্দেশ পালন করে।
13 তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন,
বা তাঁর পৃথিবীকে জলসিক্ত করেন ও তাঁর প্রেম দেখান।
14 “হে ইয়োব, আপনি একথা শুনুন;
একটু থেমে ঈশ্বরের আশ্চর্য কাজকর্ম বিবেচনা করুন।
15 আপনি কি জানেন কীভাবে ঈশ্বর মেঘরাশি নিয়ন্ত্রণ করেন
ও তাঁর বিজলি চমকান?
16 আপনি কি জানেন কীভাবে মেঘরাশি শূন্যে ঝুলে থাকে,
যিনি নিখুঁত জ্ঞানবিশিষ্ট, তাঁর আশ্চর্য কাজগুলি জানেন কি?
17 দখিনা বাতাসের চাপে জমি যখন ধামাচাপা পড়ে যায়
তখন তো আপনি পোশাক গায়ে দিয়েও গরমে হাঁসফাঁস করেন,
18 আপনি কি তাঁর সঙ্গে মিলে সেই আকাশমণ্ডলের প্রসার ঘটাতে পারেন,
যা ঢালাই করা ব্রোঞ্জের আয়নার মতো নিরেট?
19 “আমাদের বলে দিন আমরা তাঁকে কী বলব;
আমাদের অজ্ঞতার কারণে আমরা আমাদের মামলাটি সাজাতে পারছি না।
20 তাঁকে কি বলতে হবে যে আমি কথা বলতে চাই?
কেউ কি কবলিত হতে চাইবে?
21 এখন কেউ সূর্যের দিকে তাকাতে পারে না,
যেহেতু তখনই তা আকাশে উজ্জ্বল হয়
যখন বাতাস বয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়।
22 উত্তর দিক থেকে তিনি সোনালি ঔজ্জ্বল্য নিয়ে আসেন;
ঈশ্বর অসাধারণ মহিমা নিয়ে আসেন।
23 সেই সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে ও তিনি পরাক্রমে উন্নত;
তাঁর ন্যায়ে ও মহা ধার্মিকতায়, তিনি অত্যাচার করেন না।
24 তাই, লোকজন তাঁকে গভীর শ্রদ্ধা করে,
কারণ যারা অন্তরে জ্ঞানী, তাদের জন্য কি তাঁর মনে কদর নেই?”