ভাববাদিনী দবোরা ইস্রায়েলের বিচার করেন

উত্তরাঞ্চলের ইস্রায়েলীদের কনানীয়দের সেবা করতে বাধ্য করা হয়, আর ভাববাদিনী দবোরা বিচারক হন।

1305 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

বিচারকর্তৃগণ 4

1 এহূদ মারা যাওয়ার পর ইস্রায়েলীরা আবার সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করল। 2 তাই সদাপ্রভু তাদের কনানের রাজা সেই যাবীনের হাতে সমর্পণ করে দিলেন, যিনি হাৎসোরে রাজত্ব করতেন। তাঁর সৈন্যদলের সেনাপতি সীষরা হরোশৎ-হগ্গোয়ীমের অধিবাসী ছিলেন। 3 যেহেতু তাঁর কাছে 900-টি লৌহরথ ছিল এবং তিনি কুড়ি বছর ধরে ইস্রায়েলীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিলেন, তাই ইস্রায়েলীরা সাহায্য পাওয়ার আশায় সদাপ্রভুর কাছে কেঁদেছিল।

4 সেই সময় লপ্পীদোতের স্ত্রী দবোরা—একজন মহিলা ভাববাদী, ইস্রায়েলীদের নেতৃত্ব দিচ্ছিলেন। 5 ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে রামা ও বেথেলের মাঝখানে অবস্থিত দবোরার খেজুর গাছের তলায় বসে তিনি বিচারকাজ চালাতেন, এবং ইস্রায়েলীরা তাদের দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য সেখানে তাঁর কাছে যেত। 6 তিনি কেদশ-নপ্তালি থেকে অবীনোয়মের ছেলে বারককে ডেকে পাঠালেন এবং তাঁকে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তোমাকে এই আদেশ দিয়েছেন: ‘যাও, নপ্তালি ও সবূলূন গোষ্ঠীভুক্ত 10,000 লোক সঙ্গে নাও এবং তাবোর পর্বত পর্যন্ত তাদের নেতৃত্ব দিয়ে যাও। 7 আমি যাবীনের সৈন্যদলের সেনাপতি সীষরাকে এবং তার রথ ও তার সৈন্যবাহিনীকে কীশোন নদীর কাছে পরিচালনা দিয়ে নিয়ে যাব এবং তাকে তোমার হাতে সমর্পণ করব।’ ”

8 বারক তাঁকে বললেন, “আপনি যদি আমার সঙ্গে যান, তবেই আমি যাব; কিন্তু আপনি যদি আমার সঙ্গে না যান, তবে আমি যাব না।”

9 “আমি নিশ্চয় তোমার সঙ্গে যাব,” দবোরা বললেন। “কিন্তু এ যাত্রায় তুমি সম্মান লাভ করবে না, কারণ সদাপ্রভু সীষরাকে একজন স্ত্রীলোকের হাতে সমর্পণ করবেন।” অতএব দবোরা বারকের সঙ্গে কেদশে চলে গেলেন। 10 বারক সেখানে সবূলূন ও নপ্তালি গোষ্ঠীভুক্ত লোকদের ডেকে পাঠালেন, এবং 10,000 লোক তাঁর নেতৃত্বাধীন হয়ে তাঁর সঙ্গে গেল। দবোরাও তাঁর সঙ্গে গেলেন।

11 ইত্যবসরে মোশির শ্যালক, কেনীয় হেবর হোববের বংশধর অন্যান্য কেনীয়দের থেকে পৃথক হয়ে কেদশের নিকটবর্তী সানন্নীমের বিশাল সেই গাছটির কাছে তাঁর তাঁবু খাটিয়েছিলেন।

12 সীষরাকে যখন বলা হল যে অবীনোয়মের ছেলে বারক তাবোর পর্বতে উঠেছে, 13 তখন সীষরা হরোশৎ-হাগ্গোয়ীম থেকে তাঁর সব লোকজনকে ও তাঁর 900-টি লৌহরথ কীশোন নদীতীরে ডেকে আনালেন।

14 তখন দবোরা বারককে বললেন, “যাও! সদাপ্রভু আজই তোমার হাতে সীষরাকে সমর্পণ করেছেন। সদাপ্রভু কি তোমার অগ্রগামী হননি?” অতএব বারক তাঁর 10,000 জন অনুচরকে সঙ্গে নিয়ে তাবোর পর্বত থেকে নেমে এলেন। 15 বারক এগিয়ে যেতে না যেতেই সদাপ্রভু সীষরাকে এবং তাঁর সব রথ ও সৈন্যবাহিনীকে তরোয়ালের আঘাতে ছত্রভঙ্গ করে দিলেন, এবং সীষরা তাঁর রথ থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে গেলেন।

16 বারক হরোশৎ-হাগ্গোয়ীম পর্যন্ত সেইসব রথ ও সৈন্যদলের পশ্চাদ্ধাবন করলেন এবং সীষরার সৈন্যবাহিনী তরোয়াল দ্বারা পতিত হল; একজনও অবশিষ্ট রইল না। 17 এদিকে, সীষরা পায়ে হেঁটে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর কাছে পালিয়ে গেলেন, কারণ হাৎসোরের রাজা যাবীনের সঙ্গে কেনীয় হেবরের পরিবারের এক মৈত্রীর সম্পর্ক ছিল।

18 যায়েল সীষরার সঙ্গে দেখা করার জন্য বাইরে এসে তাঁকে বললেন, “হে আমার প্রভু, ভিতরে আসুন। ভয় পাবেন না।” অতএব সীষরা যায়েলের তাঁবুতে প্রবেশ করলেন, এবং তিনি একটি কম্বল দিয়ে সীষরাকে ঢেকে দিলেন।

19 “আমার পিপাসা পেয়েছে,” সীষরা বললেন। “দয়া করে আমাকে একটু জল দাও।” যায়েল তখন দুধ-ভর্তি একটি মশক খুলে তাঁকে খানিকটা দুধ পান করতে দিলেন, এবং আবার তাঁকে ঢেকে দিলেন।

20 “তুমি তাঁবুর দরজায় দাঁড়িয়ে থাকো,” তিনি যায়েলকে বললেন। “কেউ যদি এসে তোমায় জিজ্ঞাসা করে, ‘এখানে কি কেউ আছে?’ তবে বোলো, ‘না, কেউ নেই।’ ”

21 কিন্তু হেবরের স্ত্রী যায়েল একটি তাঁবু-খুটা ও একটি হাতুড়ি তুলে নিয়ে নিঃশব্দে তাঁর কাছে গেলেন। ক্লান্ত সীষরা গভীর ঘুমে নিদ্রাগত হয়ে পড়েছিলেন। যায়েল সেই খুঁটিটি সীষরার রগে এমনভাবে বিঁধিয়ে দিলেন যে সেটি মাটিতে গেঁথে গেল, ও তিনি মারা গেলেন।

22 ঠিক তখনই বারক সীষরার পশ্চাদ্ধাবন করতে করতে সেখানে উপস্থিত হলেন এবং যায়েল তাঁর সঙ্গে দেখা করার জন্য বাইরে গেলেন। “আসুন,” যায়েল বললেন, “আপনি যে লোকটির খোঁজ করছেন, তাকে আমি দেখিয়ে দিচ্ছি।” অতএব বারক তাঁর সঙ্গে তাঁবুতে প্রবেশ করলেন, এবং সেখানে সীষরা রগে তাঁবু-খুটা বিদ্ধ অবস্থায় মরে পড়েছিলেন।

23 সেদিন ঈশ্বর কনানের রাজা যাবীনকে ইস্রায়েলীদের সামনে অবনমিত করলেন। 24 আর ইস্রায়েলীরা কনানের রাজা যাবীনকে ধ্বংস না করা পর্যন্ত তাদের হাত তাঁর বিরুদ্ধে ক্রমাগত কঠোর থেকে কঠোরতর হতেই থাকল।

দবোরা ও বারকের গান 1285 খ্রিস্টপূর্ব

বিচারকর্তৃগণ 5

1 সেদিন দবোরা এবং অবীনোয়মের ছেলে বারক এই গানটি গাইলেন:

2 “ইস্রায়েলের নেতারা যখন নেতৃত্বভার হাতে নিলেন,

প্রজারা যখন স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করল—

সদাপ্রভুর প্রশংসা করো!

3 “হে রাজারা, একথা শোনো! হে শাসকেরা, কর্ণপাত করো!

আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান গাইব;

গানে গানে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করব।

4 “হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকে চলে গেলে,

ইদোমের দেশ থেকে কুচকাওয়াজ করলে,

পৃথিবী কম্পিত হল, আকাশমণ্ডলও বর্ষণ করল,

মেঘমালা জলধারা ঢেলে দিল।

5 পর্বতগুলি সীনয়ের সেই সদাপ্রভুর সামনে কম্পিত হল,

ইস্রায়েলের ঈশ্বর সেই সদাপ্রভুর সামনেই হল।

6 “অনাতের পুত্র শম্‌গরের সময়ে,

রাজপথগুলি যায়েলের সময়ে পরিত্যক্ত হল;

ভ্রমণকারীরা ঘুরপথে যেত।

7 ইস্রায়েলের গ্রামবাসীরা যুদ্ধ করতে চায়নি;

তারা ক্ষান্ত ছিল, যতদিন না আমি, দবোরা উঠে দাঁড়ালাম,

যতদিন না আমি, ইস্রায়েলের এক মাতৃস্থানীয়া উঠে দাঁড়ালাম।

8 ঈশ্বর নতুন নেতৃবৃন্দ মনোনীত করলেন

যুদ্ধ যখন নগর-প্রবেশদ্বারে ঘনিয়ে এল,

কিন্তু একটিও ঢাল অথবা বর্শা দেখা গেল না,

ইস্রায়েলে হাজার চল্লিশ সেই সেনানীর হাতে।

9 আমার হৃদয় ইস্রায়েলী নেতৃবৃন্দের প্রতি আসক্ত হল,

জনতার মধ্যে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের প্রতি।

সদাপ্রভুর প্রশংসা করো!

10 “তোমরা যারা সাদা গাধার পিঠে চেপে যাও,

জিন কম্বলের উপর বসে থাকো,

আর তোমরা যারা পথযাত্রা করো,

বিবেচনা করো 11 জলসেচনের স্থানে সেই গায়কদের রব।

তারা সদাপ্রভুর বিজয় বর্ণনা করে,

ইস্রায়েলের গ্রামবাসীদের বিজয়।

“তখন সদাপ্রভুর প্রজাসকল

নগরদ্বারে নেমে গেল।

12 ‘জাগো, জাগো হে দবোরা!

জাগো, জাগো, গানে মুখরিত হও!

হে বারক, ওঠো!

হে অবীনোয়মের পুত্র, বন্দি করো তোমার বন্দিদের।’

13 “পরিষদবর্গের অবশিষ্টাংশ নেমে এল;

সদাপ্রভুর প্রজারা আমার কাছে বিক্রমীদের বিরুদ্ধাচারী হয়ে নেমে এল।

14 কেউ ইফ্রয়িম থেকে এল, যাদের মূল অমালেকেতে ছিল;

বিন্যামীন তোমার অনুগামীদের সহবর্তী ছিল।

অধিনায়কেরা মাখীর থেকে নেমে এলেন,

সেই রণ-দণ্ডধারীরা সবূলূন থেকে এলেন।

15 ইষাখরের নেতারা দবোরার সঙ্গী ছিলেন;

হ্যাঁ, ইষাখর বারকেরও সঙ্গী ছিল,

তাঁর আদেশে তাঁরা উপত্যকায় সবেগে ছুটে গেলেন।

রূবেণের জেলাগুলিতে

খুব অন্তর অনুসন্ধান হল।

16 কেন তোমরা মেষ-খোঁয়াড়ের মাঝে বসে রইলে

শুধু মেষপালকদের বাঁশির সুর শুনবে বলে?

রূবেণের জেলাগুলিতে

খুব অন্তর অনুসন্ধান হল।

17 গিলিয়দ জর্ডনের ওপারে থেকে গেল।

আর দান, কেনই বা সে জাহাজের পাশে গড়িমসি করল?

আশের সমুদ্র উপকূলে থেকে গেল

আর তার সেই উপসাগরে বসবাস করল।

18 সবূলূন-প্রজারা নিজ জীবনের ঝুঁকি নিল;

নপ্তালিও তাদের দেখাদেখি সোপানক্ষেত্রে তা করল।

19 “রাজারা এলেন, যুদ্ধ করলেন,

কনানের রাজারা যুদ্ধ করলেন।

তানকে, মগিদ্দোর নদীতীরে,

তারা রুপোর কোনো লুন্ঠিত জিনিসপত্র নেয়নি।

20 আকাশমণ্ডল থেকে নক্ষত্রেরা যুদ্ধ করল,

তাদের কক্ষপথ থেকে সীষরার বিরুদ্ধে তারা যুদ্ধ করল।

21 কীশোন নদী তাদের ভাসিয়ে দিল,

যুগবাহিত সেই নদী, সেই কীশোন নদী।

হে আমার প্রাণ, এগিয়ে যাও; বলীয়ান হও!

22 তখন অশ্ব-ক্ষুরের বজ্রনিনাদ হল—

তাঁর সবল ঘোড়ার জোরে ছোটার শব্দ।

23 সদাপ্রভুর দূত বললেন ‘মেরোসকে অভিশাপ দাও।’

‘তার প্রজাদের দারুণ অভিশাপ দাও,

কারণ তারা সদাপ্রভুকে সাহায্য করতে আসেনি,

সদাপ্রভুকে বলশালীদের বিরুদ্ধে সাহায্য করতে।’

24 “নারীকুলে যায়েল পরমধন্যা,

কেনীয় হেবরের স্ত্রী,

তাঁবু-নিবাসী নারীকুলে পরমধন্যা।

25 সীষরা জল চেয়েছিলেন, আর তিনি তাঁকে দুধ দিলেন;

অভিজাতদের জন্য উপযুক্ত পাত্রে তিনি দধি এনে দিলেন।

26 তিনি তাঁবু-খুটা হাতে তুলে নিলেন,

ডান হাতে শ্রমিকদের হাতুড়ি নিলেন।

তিনি সীষরাকে আঘাত করলেন, তাঁর মাথা চূর্ণ করলেন,

তিনি তাঁর রগ চুরমার ও বিদ্ধ করলেন।

27 তিনি যায়েলের পদাবনত হলেন,

পতিত হলেন;

যেখানে তিনি পদাবনত হলেন,

সেখানেই মরে পতিত হয়ে রইলেন।

28 “খোলা জানালা দিয়ে সীষরার মা তাকিয়েছিলেন;

জাফরির পিছন থেকে তিনি চিৎকার করেছিলেন,

‘তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে?

কেন তার রথের ঘর্ঘর-ধ্বনি বিলম্বিত?’

29 তাঁর জ্ঞানবতী সহচরীরা তাঁকে উত্তর দিল;

তিনি নিজেও আপনমনে কথা বললেন,

30 ‘ওরা কি লুন্ঠিত জিনিসপত্র পায়নি? ভাগাভাগি কি করেনি?

প্রত্যেক পুরুষের জন্য একটি বা দুটি করে রমণী,

সীষরার জন্য লুন্ঠিত রঙিন পোশাক,

দোরোখা রঙিন পোশাক,

আমার গ্রীবার জন্য উচ্চমানের দোরোখা পোশাক—

লুন্ঠিত জিনিসপত্ররূপে এসবই?’

31 “হে সদাপ্রভু, তোমার সব শত্রু এভাবেই বিনষ্ট হোক!

কিন্তু যারা তোমায় ভালোবাসে তারা সব সেই সূর্যের মতো হোক

যখন তা সপ্রতাপে উদিত হয়।”

পরে চল্লিশ বছর দেশে শান্তি বজায় ছিল।