শৌলের বংশের প্রতি দাউদের দয়া

শৌলের বংশের প্রতি দাউদের দয়া। অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ।

1040 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 শমূয়েল 9–10

1 দাউদ জিজ্ঞাসা করলেন, “শৌলের বংশে এমন কেউ কি অবশিষ্ট আছে, যার প্রতি আমি যোনাথনের খাতিরে দয়া দেখাতে পারি?”

2 সীব নামে শৌলের এক পারিবারিক দাস ছিল। তাকে দাউদের সামনে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠানো হল, এবং রাজামশাই তাকে বললেন, “তুমিই কি সীব?”

“আপনার দাস তাই বটে,” সে উত্তর দিয়েছিল।

3 রাজামশাই জিজ্ঞাসা করলেন: “শৌলের বংশে আর কি কেউ জীবিত নেই, যার প্রতি আমি ঐশ্বরিক দয়া দেখাতে পারি?”

সীব রাজাকে উত্তর দিয়েছিল, “যোনাথনের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন; তিনি দুই পায়েই খঞ্জ।”

4 “সে কোথায়?” রাজামশাই জিজ্ঞাসা করলেন।

সীব উত্তর দিয়েছিল, “তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসায় আছেন।”

5 তখন রাজা দাউদ লো-দবারে লোক পাঠিয়ে তাঁকে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসা থেকে আনিয়েছিলেন।

6 শৌলের নাতি ও যোনাথনের ছেলে মফীবোশৎ দাউদের কাছে এসে তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন।

দাউদ বললেন, “মফীবোশৎ!”

“এই তো আমি, আপনার দাস,” তিনি উত্তর দিলেন।

7 “ভয় পেয়ো না,” দাউদ তাঁকে বললেন, “কারণ নিঃসন্দেহে তোমার বাবা যোনাথনের খাতিরে আমি তোমার প্রতি দয়া দেখাব। তোমার বাবামহ শৌলের সব জমি আমি তোমাকে ফিরিয়ে দেব, ও তুমি সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবে।”

8 মফীবোশৎ নতজানু হয়ে বললেন, “আপনার দাস এমন কে, যে আপনি আমার মতো এক মরা কুকুরকে দয়া দেখাচ্ছেন?”

9 তখন রাজামশাই শৌলের সেবক সীবকে ডেকে পাঠিয়ে তাকে বললেন, “আমি তোমার মনিবের নাতিকে সেসবকিছু দিয়েছি, যা শৌল ও তাঁর পরিবারের অধিকারে ছিল। 10 তুমি ও তোমার ছেলেরা ও তোমার দাসেরা তাঁর জমি চাষ করবে এবং ফসল নিয়ে আসবে, যেন তোমার মনিবের নাতির কাছে খাদ্যের জোগান থাকে। তোমার মনিবের নাতি মফীবোশৎ অবশ্য সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবেন।” (সেই সীবের পনেরোজন ছেলে ও কুড়ি জন দাস ছিল।)

11 তখন সীব রাজামশাইকে বলল, “আমার প্রভু মহারাজ তাঁর দাসকে যা যা আদেশ দিয়েছেন, আপনার দাস তাই করবে।” অতএব মফীবোশৎ একজন রাজপুত্রের মতোই দাউদের টেবিলে বসে ভোজনপান করতে লাগলেন।

12 মফীবোশতের এক শিশুছেলে ছিল, যার নাম মীখা, ও সীবের পরিবারের সবাই মফীবোশতের দাস-দাসী ছিল। 13 মফীবোশৎ জেরুশালেমে বসবাস করতেন, কারণ তিনি সবসময় রাজার টেবিলেই বসে ভোজনপান করতেন; তিনি দু-পায়েই খঞ্জ ছিলেন।

10:1 কালক্রমে, অম্মোনীয়দের রাজা মারা গেলেন, ও তাঁর ছেলে হানূন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। 2 দাউদ ভেবেছিলেন, “আমি নাহশের ছেলে হানূনের প্রতি সহানুভূতি দেখাব, ঠিক যেভাবে তাঁর বাবা আমার প্রতি দয়া দেখিয়েছিলেন।” অতএব দাউদ হানূনের বাবার প্রতি তাঁর সহানুভূতি প্রকাশ করার জন্য একদল লোককে তাঁর প্রতিনিধি করে পাঠালেন।

দাউদের লোকজন যখন অম্মোনীয়দের দেশে এসেছিল, 3 অম্মোনীয় সৈন্যদলের সেনাপতিরা তাদের মনিব হানূনকে বলল, “আপনি কি মনে করছেন যে দাউদ লোকজন পাঠিয়ে আপনার বাবাকে সম্মান জানাচ্ছেন? দাউদ কি নগরের খোঁজখবর নিয়ে চরবৃত্তি করে এটি ধ্বংস করে দেওয়ার জন্যই আপনার কাছে তাদের পাঠাননি?” 4 তাই হানূন দাউদের পাঠানো লোকজনকে ধরে, তাদের দাড়ির অর্ধেকটা করে কেটে দিয়ে, তাদের কাপড়চোপড়ও নিতম্বদেশ পর্যন্ত ছিঁড়ে দিয়ে তাদের ফেরত পাঠালেন।

5 দাউদকে যখন একথা বলা হল, তিনি তখন সেই লোকদের সাথে দেখা করার জন্য কয়েকজন দূত পাঠালেন, কারণ তারা অত্যন্ত লজ্জিত হয়েছিল। রাজামশাই বললেন, “যতদিন না তোমাদের চুল-দাড়ি না বড়ো হচ্ছে, ততদিন তোমরা যিরীহোতেই থাকো, পরে তোমরা এখানে ফিরে এসো।”

6 অম্মোনীয়রা যখন বুঝেছিল যে তারা দাউদের দৃষ্টিতে আপত্তিকর হয়ে গিয়েছে, তখন তারা বৈৎ-রহোব ও সোবা থেকে 20,000 অরামীয় পদাতিক সৈন্য, তথা মাখার রাজার কাছ থেকে এক হাজার জন, ও টোব থেকে 12 হাজার জন লোক ভাড়া করল।

7 একথা শুনতে পেয়ে, দাউদ লড়াকু লোকবিশিষ্ট সমস্ত সৈন্যদল সমেত যোয়াবকে সেখানে পাঠিয়ে দিলেন। 8 অম্মোনীয়রা বেরিয়ে এসে তাদের নগরের প্রবেশদ্বারে সৈন্যদল সাজিয়ে রেখেছিল, আবার সোবা ও রহোবের অরামীয়রা এবং টোব ও মাখার লোকজনও খোলা মাঠে আলাদা করে গিয়ে দাঁড়িয়েছিল।

9 যোয়াব দেখেছিলেন যে তাঁর আগে পিছে সৈন্যদল সাজিয়ে রাখা হয়েছে; তাই তিনি ইস্রায়েলের সেরা কয়েকজন সৈন্য বেছে নিয়ে অরামীয়দের বিরুদ্ধে তাদের মোতায়েন করলেন। 10 বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের কর্তৃত্বাধীন করে রেখেছিলেন, এবং তারা অম্মোনীয়দের বিরুদ্ধে মোতায়েন হল। 11 যোয়াব বললেন, “অরামীয়রা যদি আমার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, তবে তোমরা আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে; কিন্তু অম্মোনীয়রা যদি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, তবে আমি তোমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসব। 12 শক্তিশালী হও, এসো—আমরা আমাদের জাতির ও আমাদের ঈশ্বরের নগরগুলির জন্য বীরের মতো লড়াই করি। সদাপ্রভুই তাঁর দৃষ্টিতে যা ভালো বোধ হয়, তাই করবেন।”

13 পরে যোয়াব ও তাঁর সৈন্যদল অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন, ও তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল। 14 অম্মোনীয়রা যখন বুঝতে পেরেছিল যে অরামীয়রা পালিয়ে যাচ্ছে, তখন তারাও অবীশয়ের সামনে থেকে পালিয়ে গেল ও নগরের ভিতরে ঢুকে পড়ল। তখন যোয়াব অম্মোনীয়দের ছেড়ে জেরুশালেমে ফিরে এলেন।

15 অরামীয়রা যখন দেখেছিল যে তারা ইস্রায়েলীদের সামনে ছত্রভঙ্গ হয়েছে, তখন তারা আবার দল বেঁধেছিল। 16 হদদেষর ইউফ্রেটিস নদীর ওপার থেকে অরামীয়দের আনিয়েছিলেন; তারা হেলমে গেল, ও হদদেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের নেতৃত্বে ছিলেন।

17 দাউদকে যখন একথা বলা হল, তিনি সমস্ত ইস্রায়েলকে একত্রিত করলেন, জর্ডন নদী পার হলেন ও হেলমে গেলেন। অরামীয়রা দাউদের সামনে তাদের সৈন্যদল সাজিয়ে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করল। 18 কিন্তু তারা ইস্রায়েলের সামনে থেকে পালিয়ে গেল, ও দাউদ তাদের মধ্যে 700 সারথি এবং 40,000 পদাতিক সৈন্যকে হত্যা করলেন। এছাড়াও তিনি তাদের সৈন্যদলের সেনাপতি শোবককেও আঘাত করলেন, ও তিনি সেখানে মারা গেলেন। 19 যখন হদদেষরের দাসানুদাস সব রাজা দেখেছিলেন যে ইস্রায়েলের কাছে তারা ছত্রভঙ্গ হয়েছেন, তখন তারা ইস্রায়েলীদের সঙ্গে শান্তিচুক্তি করলেন ও তাদের বশীভূত হলেন।

তাই অরামীয়রা আর কখনও অম্মোনীয়দের সাহায্য করার সাহস পায়নি।

গীত 20

প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

1 সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন;

যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।

2 তিনি পবিত্রস্থান থেকে তোমাকে সাহায্য করবেন,

আর সিয়োন থেকে তোমাকে শক্তি জোগাবেন।

3 তিনি তোমার সমস্ত বলি স্মরণে রাখবেন

ও তোমার হোমবলি গ্রহণ করবেন।

4 তিনি তোমার হৃদয়ের সমস্ত অভিলাষ পূর্ণ করবেন,

এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন।

5 তোমার জয়ে আমরা আনন্দগান করব

আর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব।

সদাপ্রভু তোমার সমস্ত নিবেদন মঞ্জুর করুন।

6 এখন আমি জানি:

যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন।

তিনি নিজের ডান হাতের বিজয়ী শক্তিতে

স্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।

7 কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে,

কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আস্থা রাখি।

8 তাদের নতজানু করা হবে ও পতন ঘটবে;

কিন্তু আমরা উঠে দাঁড়াব ও দৃঢ়ভাবে দাঁড়াব।

9 হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো!

যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিয়ো!