সমস্ত ইস্রায়েলের উপর দাউদকে রাজা করা হয়

1048 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 শমূয়েল 5:1–3

1 ইস্রায়েলের সব গোষ্ঠী হিব্রোণে দাউদের কাছে এসে বলল, “আমরা আপনারই রক্তমাংস। 2 অতীতে, শৌল যখন আমাদের উপর রাজা ছিলেন, আপনিই তো ইস্রায়েলের সামরিক অভিযানে তাদের নেতৃত্ব দিতেন। সদাপ্রভু আপনাকে বললেন, ‘তুমি আমার প্রজা ইস্রায়েলের পালক হবে, ও তুমিই তাদের শাসক হবে।’ ”

3 ইস্রায়েলের প্রাচীনেরা সবাই যখন হিব্রোণে রাজা দাউদের কাছে এলেন, রাজা তখন সদাপ্রভুকে সাক্ষী রেখে হিব্রোণে তাদের সাথে একটি চুক্তি করলেন, ও তারা দাউদকে ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত করলেন।

1 বংশাবলি 13:1–4

1 দাউদ তাঁর কর্মকর্তা, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিদের মধ্যে এক একজনের সাথে শলাপরামর্শ করলেন। 2 পরে তিনি ইস্রায়েলের সমগ্র জনসমাবেশকে উদ্দেশ্য করে বললেন, “যদি তোমাদের ভালো বোধ হয় ও যদি তা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা হয়, তবে এসো, আমরা দূর দূর পর্যন্ত ইস্রায়েলের সমস্ত এলাকায় বসবাসকারী আমাদের অবশিষ্ট লোকজনের কাছে, এবং তাদের নগরগুলিতে ও সেখানকার চারণক্ষেত্রগুলিতে যারা তাদের সাথে আছেন, সেই যাজক ও লেবীয়দের কাছে খবর পাঠিয়ে দিই, যেন তারা এসে আমাদের সাথে মিলিত হন। 3 এসো, আমাদের ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি নিজেদের কাছে ফিরিয়ে আনি, কারণ শৌলের রাজত্বকালে আমরা সেটির কোনও খোঁজখবর নিইনি।” 4 সমগ্র জনসমাবেশ এতে একমত হল, কারণ সব লোকজনের কাছে একথাটি ঠিক বলে মনে হল।

গীত 139

সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

1 হে সদাপ্রভু, তুমি আমার অনুসন্ধান করেছ,

আর তুমি আমাকে জানো।

2 তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি;

দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।

3 তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি;

আমার চলার সব পথ তোমার পরিচিত।

4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই

তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।

5 তুমি আমাকে সামনে ও পিছনে ঘিরে রেখেছ,

এবং আমার উপর তোমার হাত রেখেছ।

6 এই জ্ঞান আমার কাছে খুব আশ্চর্যজনক,

এত উঁচু যে তা আমার বোধের অগম্য।

7 আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব?

আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?

8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ;

যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।

9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই,

যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,

10 এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে,

তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।

11 যদি আমি বলি, “নিশ্চয় অন্ধকার আমাকে আচ্ছন্ন করবে

আর আলো আমার চারিদিকে অন্ধকারে পরিণত হবে,”

12 এমনকি, আঁধারও তোমার কাছে অন্ধকার নয়;

রাত্রিও দিনের আলোর মতো উজ্জ্বল,

কারণ অন্ধকার তোমার কাছে আলোর সমান।

13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;

এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,

14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;

তোমার সব কাজকর্ম বিস্ময়কর

তা আমি যথার্থভাবে জানি।

15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না,

যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম,

যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।

16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;

আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল

জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।

17 হে ঈশ্বর, তোমার ভাবনাগুলি আমার কাছে কত মূল্যবান!

সেগুলির সমষ্টি কী বিপুল!

18 যদি আমি সেগুলি গুনতে যেতাম,

তবে সেগুলি বালুকণার চেয়েও সংখ্যায় বেশি হত,

যখন আমি জেগে উঠি, তখনও তুমি আমার সঙ্গে আছ।

19 হে ঈশ্বর, যদি তুমি দুষ্টদের ধ্বংস করতে!

আমার কাছ থেকে দূর হও, তোমরা যারা রক্তপিপাসু!

20 তোমার সম্বন্ধে তারা মন্দ উদ্দেশ্য নিয়ে কথা বলে,

তোমার বিপক্ষরা তোমার নামের অপব্যবহার করে।

21 হে সদাপ্রভু, আমি কি তাদের ঘৃণা করি না যারা তোমাকে ঘৃণা করে?

এবং তাদের কি অবজ্ঞা করি না যারা তোমার বিপক্ষে বিদ্রোহ করে?

22 তাদের জন্য কেবল আমার ঘৃণাই রয়েছে;

আমি তাদের আমার শত্রু বলেই গণ্য করি।

23 হে ঈশ্বর, তুমি আমার অনুসন্ধান করো আর আমার হৃদয়ের কথা জানো;

আমাকে পরীক্ষা করো আর জানো আমার উদ্বেগের ভাবনা।

24 দেখো, আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কি না,

আর আমাকে অনন্ত জীবনের পথে চালাও।

1 বংশাবলি 12:23–40

23 সদাপ্রভুর বলা কথানুসারে শৌলের রাজ্য দাউদের হাতে তুলে দেওয়ার জন্য যারা হিব্রোণে তাঁর কাছে এসেছিল, যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সেই লোকজনের সংখ্যা এইরকম:

24 যিহূদা বংশ থেকে, ঢাল ও বর্শাধারী—যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 6,800 জন;

25 শিমিয়োন বংশ থেকে, যুদ্ধের জন্য প্রস্তুত যোদ্ধা: 7,100 জন;

26 লেবীয় গোষ্ঠী থেকে: 4,600 জন; 27 যাদের মধ্যে ছিলেন হারোণ-কুলের নেতা যিহোয়াদা, ও তাঁর সাথে থাকা 3,700 জন, 28 এবং সাদোক বলে এক সাহসী অল্পবয়স্ক যোদ্ধা, ও তাঁর সাথে থাকা তাঁর পরিবারভুক্ত বাইশ জন কর্মকর্তা;

29 শৌলের বংশ, সেই বিন্যামীন বংশ থেকে: 3,000 জন, যে বংশের অধিকাংশ লোক তখনও পর্যন্ত শৌলের পরিবারের প্রতি অনুগতই থেকে গেল;

30 ইফ্রয়িম বংশ থেকে, সেইসব সাহসী যোদ্ধা, যারা তাদের বংশে বিখ্যাত ছিল: 20,800 জন;

31 মনঃশির অর্ধেক বংশ থেকে, দাউদকে রাজা করার জন্য যাদের নাম নির্দিষ্ট করে আসতে বলা হল, তারা: 18,000 জন;

32 ইষাখর বংশ থেকে, সেইসব লোক, যাদের সময়কালের জ্ঞান ছিল ও যারা জানত ইস্রায়েলকে ঠিক কী করতে হবে, তারা: 200 জন প্রধান, ও তাদের অধীনে থাকা তাদের সব আত্মীয়স্বজন;

33 সবূলূন বংশ থেকে, সব ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহারে পারদর্শী যুদ্ধের জন্য প্রস্তুত অভিজ্ঞ যোদ্ধা, যারা অখণ্ড আনুগত্য সমেত দাউদকে সাহায্য করতে পারতেন, এমন: 50,000 জন;

34 নপ্তালি বংশ থেকে: 1,000 জন কর্মকর্তা, ও তাদের সাথে থাকা 37,000 জন ঢাল ও বর্শা বহনকারী লোক;

35 দান বংশ থেকে, যুদ্ধের জন্য প্রস্তুত: 28,600 জন;

36 আশের বংশ থেকে, যুদ্ধের জন্য প্রস্তুত অভিজ্ঞ সৈন্য: 40,000 জন;

37 এবং জর্ডন নদীর পূর্বদিক থেকে, অর্থাৎ রূবেণ ও গাদের পূর্ণ ও মনঃশির অর্ধেক বংশ থেকে, সব ধরনের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত লোক: 1,20,000 জন।

38 এরা সবাই এমন সব দক্ষ যোদ্ধা, যারা স্বেচ্ছায় সৈন্যদলে নাম লিখিয়েছিল।

দাউদকে গোটা ইস্রায়েলের উপর রাজা করার বিষয়ে পুরোপুরি মনস্থির করেই তারা হিব্রোণে এসেছিল। ইস্রায়েলীদের মধ্যে অবশিষ্ট লোকজনও দাউদকে রাজা করার বিষয়ে একমত হল। 39 এইসব লোকজন তিন দিন দাউদের সঙ্গে থেকে ভোজনপান করল, কারণ তাদের পরিবারগুলিই তাদের জন্য ভোজনপানের আয়োজন করল। 40 এছাড়াও, সুদূর সেই ইষাখর, সবূলূন ও নপ্তালি থেকে তাদের প্রতিবেশীরাও গাধা, উট, খচ্চর ও বলদের পিঠে চাপিয়ে খাদ্যসম্ভার এনেছিল। সেখানে ময়দা, ডুমুরের চাক, কিশমিশের চাক, দ্রাক্ষারস, জলপাই তেল, গবাদি পশু ও মেষের পালের যথেচ্ছ জোগান ছিল, কারণ ইস্রায়েলে আনন্দের হাট বসেছিল।

2 শমূয়েল 23:8–12

8 দাউদের বলবান যোদ্ধাদের নাম এইরকম:

তখমোনীয় যোশেব-বশেবৎ, তিনি তিনজনের মধ্যে প্রধান ছিলেন; তিনি 800 জনের বিরুদ্ধে তাঁর বর্শা উত্তোলন করলেন, ও একবারেই তাদের মেরে ফেলেছিলেন।

9 তাঁর পরবর্তীজন ছিলেন অহোহীয় দোদয়ের ছেলে ইলিয়াসর। ফিলিস্তিনীরা যখন পস-দম্মীমে যুদ্ধ করার জন্য সমবেত হল, তখন যারা তাদের বিদ্রুপ করার জন্য দাউদের কাছে ছিলেন, সেই তিনজন বলবান যোদ্ধার মধ্যে তিনিও একজন। পরে ইস্রায়েলীরা পিছিয়ে এসেছিল, 10 কিন্তু ইলীয়াসর ততক্ষণ পর্যন্ত মাটি কামড়ে দাঁড়িয়ে থেকে ফিলিস্তিনীদের যন্ত্রণা করে গেলেন, যতক্ষণ না তাঁর হাত অবশ হয়ে তরোয়ালে জমে গেল। সেদিন সদাপ্রভু মহাবিজয় এনে দিলেন। সৈন্যসামন্তরা ইলিয়াসরের কাছে ফিরে গেল, কিন্তু শুধু মৃতদেহটির সাজপোশাক খুলে ফেলার জন্যই।

11 তাঁর পরবর্তীজন ছিলেন হরারীয় আগির ছেলে শম্ম। মসুর ক্ষেতের কাছে একটি স্থানে যখন ফিলিস্তিনীরা সমবেত হল, তখন ইস্রায়েলী সৈন্যসামন্তরা তাদের কাছ থেকে পালিয়ে গেল। 12 কিন্তু শম্ম ক্ষেতের মাঝখানে মাটি কামড়ে দাঁড়িয়ে গেলেন। তিনি সেটি রক্ষা করলেন ও ফিলিস্তিনীদের আঘাত করে মেরে ফেলেছিলেন, এবং সদাপ্রভু এক মহাবিজয় এনে দিলেন।

1 বংশাবলি 11:20–47

20 যোয়াবের ভাই অবীশয় সেই তিনজনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিনশো জন লোকের বিরুদ্ধে বর্শা উঠিয়ে তাদের হত্যা করলেন, এবং এভাবেই সেই তিনজনের মতো বিখ্যাত হয়ে গেলেন। 21 তিনি সেই তিনজনকে ছাপিয়ে দ্বিগুণ সমাদরের পাত্র হলেন এবং সেই তিনজনের মধ্যে গণ্য না হয়েও তিনি তাদের সেনাপতি হয়ে গেলেন।

22 কব্‌সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন। 23 এছাড়াও তিনি এমন এক মিশরীয়কে মেরে ফেলেছিলেন, যে উচ্চতায় 2.3 মিটার লম্বা ছিল। যদিও সেই মিশরীয়র হাতে তাঁতির দণ্ডের মতো একটি বর্শা ছিল, তবু বনায় একটি মুগুর হাতে নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তিনি সেই মিশরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তার বর্শা দিয়েই তাকে হত্যা করলেন। 24 যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন। 25 সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।

26 বলবান যোদ্ধারা হলেন:

যোয়াবের ভাই অসাহেল,

বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন,

27 হরোরীয় শম্মোৎ,

পলোনীয় হেলস,

28 তকোয়ের অধিবাসী ইক্কেশের ছেলে ঈরা,

অনাথোতের অধিবাসী অবীয়েষর,

29 হূশাতীয় সিব্বখয়,

অহোহীয় ঈলয়,

30 নটোফাতীয় মহরয়,

নটোফাতীয় বানার ছেলে হেলদ,

31 বিন্যামীনের গিবিয়ার অধিবাসী রীবয়ের ছেলে ইথয়,

পিরিয়াথোনীয় বনায়,

32 গাশের সরু গিরিখাতের অধিবাসী হূরয়,

অর্বতীয় অবীয়েল,

33 বাহরূমীয় অস্‌মাবৎ,

শালবোনীয় ইলিয়হবা,

34 গিষোণীয় হাষেমের ছেলেরা,

হরারীয় সাগির ছেলে যোনাথন,

35 হরারীয় সাখরের ছেলে অহীয়াম,

ঊরের ছেলে ইলীফাল,

36 মখেরাতীয় হেফর,

পলোনীয় অহিয়,

37 কর্মিলীয় হিষ্রো,

ইষবোয়ের ছেলে নারয়,

38 নাথনের ভাই যোয়েল,

হগ্রির ছেলে মিভর,

39 অম্মোনীয় সেলক,

সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্র বহনকারী বেরোতীয় নহরয়,

40 যিত্রীয় ঈরা,

যিত্রীয় গারেব,

41 হিত্তীয় ঊরিয়,

অহলয়ের ছেলে সাবদ,

42 রূবেণীয় শীষার ছেলে সেই অদীনা, যিনি রূবেণীয়দের একজন প্রধান ছিলেন, এবং তাঁর সাথে ছিলেন সেই ত্রিশজন,

43 মাখার ছেলে হানান,

মিত্নীয় যোশাফট,

44 অষ্টরোতীয় উষিয়,

অরোয়েরীয় হোথমের দুই ছেলে শাম ও যিয়ীয়েল,

45 সিম্রির ছেলে যিদীয়েল,

তাঁর ভাই তীষীয় যোহা,

46 মহবীয় ইলীয়েল,

ইলনামের দুই ছেলে যিরীবয় ও যোশবিয়,

মোয়াবীয় যিৎমা,

47 ইলীয়েল, ওবেদ ও মসোবায়ীয় যাসীয়েল।

2 শমূয়েল 5:4–10

4 দাউদ যখন রাজা হলেন তখন তাঁর বয়স তিরিশ বছর, ও তিনি চল্লিশ বছর রাজত্ব করলেন। 5 হিব্রোণে যিহূদার উপর তিনি সাত বছর ছয় মাস রাজত্ব করলেন, এবং জেরুশালেমে ইস্রায়েল ও যিহূদার উপর তিনি তেত্রিশ বছর রাজত্ব করলেন।

6 রাজামশাই ও তাঁর লোকজন সেই যিবূষীয়দের আক্রমণ করার জন্য জেরুশালেমের দিকে যুদ্ধযাত্রা করলেন, যারা সেখানে বসবাস করত। যিবূষীয়রা দাউদকে বলল, “আপনি এখানে ঢুকতে পারবেন না; এমনকি অন্ধ ও খঞ্জ লোকরাও আপনাকে তাড়িয়ে দেবে।” 7 তা সত্ত্বেও, দাউদ সিয়োনের দুর্গটি দখল করলেন—যেটি হল দাউদ-নগর।

8 সেদিন দাউদ বললেন, “যে কেউ যিবূষীয়দের অধিকার করবে, তাকে সেইসব ‘খঞ্জ ও অন্ধের’ কাছে পৌঁছানোর জন্য জল-সুড়ঙ্গপথ ব্যবহার করতে হবে, যারা দাউদের শত্রুবিশেষ।” এজন্যই তারা বলে, “ ‘অন্ধ ও খঞ্জেরা’ প্রাসাদে প্রবেশ করবে না।”

9 দাউদ পরে দুর্গটিকেই নিজের বাসস্থান বানিয়ে সেটির নাম দিলেন দাউদ-নগর। তিনি ভিতরের দিকে চাতাল থেকে সেটির চারপাশ ঘিরে দিলেন। 10 তিনি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন, কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।

1 বংশাবলি 11:1–14

1 ইস্রায়েলীরা সবাই একসাথে হিব্রোণে দাউদের কাছে এসে বলল, “আমরা আপনার রক্ত-সম্পর্কের আত্মীয়। 2 অতীতে, এমনকি শৌল যখন রাজা ছিলেন, আপনিই তো ইস্রায়েলের সামরিক অভিযানে তাদের নেতৃত্ব দিতেন। আপনার ঈশ্বর সদাপ্রভুও আপনাকে বললেন, ‘তুমি আমার প্রজা ইস্রায়েলের পালক হবে, ও তুমিই তাদের শাসক হবে।’ ”

3 ইস্রায়েলের প্রাচীনেরা সবাই যখন হিব্রোণে রাজা দাউদের কাছে এলেন, তিনি তখন সদাপ্রভুকে সাক্ষী রেখে হিব্রোণে তাদের সাথে একটি চুক্তি করলেন, এবং শমূয়েলের মাধ্যমে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে তারা দাউদকে ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত করলেন।

4 দাউদ ও ইস্রায়েলীরা সবাই জেরুশালেমের (অর্থাৎ, যিবূষের) দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন। সেখানে বসবাসকারী যিবূষীয়েরা 5 দাউদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তা সত্ত্বেও, দাউদ সিয়োনের দুর্গটি দখল করে নিয়েছিলেন—যা হল কি না সেই দাউদ-নগর।

6 দাউদ বললেন, “যে কেউ যিবূষীয়দের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেবে, তাকে প্রধান সেনাপতি করা হবে।” সরূয়ার ছেলে যোয়াবই প্রথমে উঠে গেলেন, আর তাই তিনিই প্রধান সেনাপতি হলেন।

7 দাউদ পরে সেই দুর্গে বসবাস করতে শুরু করলেন, আর তাই সেটি দাউদ-নগর নামে পরিচিত হল। 8 দুর্গটি মাঝখানে রেখে তিনি মণ্ডপ থেকে শুরু করে চারপাশে প্রাচীর গড়ে দিয়ে নগরটি গেঁথে তুলেছিলেন, অন্যদিকে যোয়াব নগরের বাদবাকি অংশ মেরামত করলেন। 9 আর দাউদ উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠেছিলেন, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।

10 এরাই দাউদের বলবান যোদ্ধাদের মধ্যে প্রধান ছিলেন—তারা ইস্রায়েলের সব মানুষজনকে সাথে নিয়ে সদাপ্রভুর করা প্রতিজ্ঞানুসারে গোটা দেশের উপর তাঁর রাজপদ সুস্থির করার জন্য সাহায্যের মজবুত হাত বাড়িয়ে দিলেন— 11 দাউদের বলবান যোদ্ধাদের তালিকাটি এইরকম:

হকমোনীয়দের মধ্যে একজন, সেই যাশবিয়াম ছিলেন কর্মকর্তাদের মধ্যে প্রধান; তিনি সেই তিনশো জনের বিরুদ্ধে তাঁর বর্শা উঠিয়েছিলেন, যাদের তিনি সম্মুখসমরে একবারেই হত্যা করলেন।

12 তাঁর পরের জন ছিলেন তিনজন বলবান যোদ্ধাদের মধ্যে একজন, অহোহীয় দোদয়ের ছেলে সেই ইলিয়াসর। 13 ফিলিস্তিনীরা যখন পস-দম্মীমে যুদ্ধ করার জন্য সমবেত হল, তখন তিনি দাউদের সাথে সেখানেই ছিলেন। সেটি সেই স্থান, যেখানে যবে পরিপূর্ণ একটি ক্ষেত ছিল, এবং সৈন্যদল ফিলিস্তিনীদের কাছ থেকে পালিয়ে গেল। 14 কিন্তু তারা সেই ক্ষেতের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। তারা সেটি রক্ষা করলেন ও ফিলিস্তিনীদের আঘাত করলেন, এবং সদাপ্রভু এক মহাবিজয় সম্পন্ন করলেন।

2 শমূয়েল 23:18–39

18 সরূয়ার ছেলে, যোয়াবের ভাই অবীশয় সেই তিনজনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিনশো জনের বিরুদ্ধে বর্শা তুলেছিলেন ও তাদের হত্যা করলেন, এবং এভাবেই তিনিও সেই তিনজনের মতো বিখ্যাত হয়ে গেলেন। 19 তাঁকে কি সেই তিনজনের তুলনায় বেশি সম্মান দেওয়া হয়নি? তিনিই তাদের সেনাপতি হলেন, যদিও তাঁকে তাদের মধ্যে ধরা হত না।

20 কব্‌সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন। 21 এক বিশালদেহী মিশরীয়কেও তিনি আঘাত করে মেরে ফেলেছিলেন। যদিও সেই মিশরীয়র হাতে ছিল একটি বর্শা, বনায় একটি মুগুর নিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সেই মিশরীয়র হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে সেটি দিয়েই তাকে হত্যা করলেন। 22 যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন। 23 সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।

24 সেই ত্রিশজনের মধ্যে ছিলেন:

যোয়াবের ভাই অসাহেল,

বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন,

25 হরোদীয় শম্ম,

হরোদীয় ইলীকা,

26 পল্‌টীয় হেলস,

তকোয়ের অধিবাসী ইক্কেশের ছেলে ঈরা,

27 অনাথোতের অধিবাসী অবীয়েষর,

হূশাতীয় সিব্বখয়,

28 অহোহীয় সল্‌মন,

নটোফাতীয় মহরয়,

29 নটোফাতীয় বানার ছেলে হেলদ,

বিন্যামীন প্রদেশে অবস্থিত গিবিয়ার অধিবাসী রীবয়ের ছেলে ইত্তয়,

30 পিরিয়াথোনীয় বনায়,

গাশ গিরিখাতের অধিবাসী হিদ্দয়,

31 অর্বতীয় অবি-য়লবোন,

বাহরূমীয় অস্‌মাবৎ,

32 শালবোনীয় ইলিয়হবা,

যাশেনের ছেলেরা,

যোনাথন, 33 যিনি ছিলেন হরারীয় শম্মর ছেলে,

হরারীয় সাররের ছেলে অহীয়াম,

34 মাখাতীয় অহসবায়ের ছেলে ইলীফেলট,

গীলোনীয় অহীথোফলের ছেলে ইলিয়াম,

35 কর্মিলীয় হিষ্রয়,

অর্বীয় পারয়,

36 সোবার অধিবাসী নাথনের ছেলে যিগাল,

হগ্রির ছেলে গাদীয় বানী,

37 অম্মোনীয় সেলক,

সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্র বহনকারী বেরোতীয় নহরয়,

38 যিত্রীয় ঈরা,

যিত্রীয় গারেব

39 এবং হিত্তীয় ঊরিয়।

সবসুদ্ধ মোট সাঁইত্রিশজন ছিল।