ঐন-গদীতে দাউদ
1058 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
29 দাউদ সেখান থেকে চলে গিয়ে ঐন-গদীর ঘাঁটিতে বসবাস করতে শুরু করলেন।
24:1 ফিলিস্তিনীদের পশ্চাদ্ধাবন করে ফিরে আসার পর শৌলকে বলা হল, “দাউদ ঐন-গদীর মরুভূমিতে আছেন।” 2 অতএব শৌল সমস্ত ইস্রায়েল থেকে 3,000 দক্ষ যুবক সংগ্রহ করে দাউদ ও তাঁর লোকজনের খোঁজে জংলী ছাগলদের পাহাড়ের চুড়োয় উঠে গেলেন।
3 পথিমধ্যে তিনি মেষের খোঁয়াড়ে পৌঁছে গেলেন; সেখানে একটি গুহা ছিল, ও শৌল মলমূত্র ত্যাগ করার জন্য সেটির মধ্যে প্রবেশ করলেন। দাউদ ও তাঁর লোকজন গুহার একদম ভিতরের দিকে বসেছিলেন। 4 লোকেরা বলল, “সদাপ্রভু এই দিনটির বিষয়েই আপনাকে বললেন, ‘আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব, যেন তুমি তার প্রতি যা ইচ্ছা হয় তাই করতে পারো।’ ” তখন দাউদ সবার অলক্ষ্যে সেখানে ঢুকে শৌলের আলখাল্লার এক কোনা কেটে নিয়ে এলেন।
5 পরে, শৌলের পোশাকের এক কোনা কেটে নেওয়াতে দাউদ বিবেকের দংশনে বিদ্ধ হচ্ছিলেন। 6 তিনি তাঁর লোকজনকে বললেন, “সদাপ্রভু না করুন! আমি যেন আমার প্রভুর—সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে এরকম কাজ না করি, বা তাঁর উপর হাত না তুলি; কারণ তিনি তো সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।” 7 একথা বলে দাউদ তাঁর লোকজনকে জোরালো ভাষায় ধমক দিলেন ও শৌলকে আক্রমণ করার সুযোগই তাদের দেননি। শৌলও গুহা ছেড়ে বেরিয়ে গেলেন।
8 তখন দাউদ গুহা থেকে বেরিয়ে এসে শৌলকে ডেকে বললেন, “হে আমার প্রভু মহারাজ!” শৌল যখন পিছনে ফিরে তাকিয়েছিলেন, দাউদ তখন মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম জানিয়েছিলেন। 9 তিনি শৌলকে বললেন, “লোকে যখন আপনাকে বলে, ‘দাউদ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তখন আপনি তাদের কথা শোনেন কেন’? 10 আজ তো আপনি নিজের চোখেই দেখলেন কীভাবে সদাপ্রভু সেই গুহার মধ্যে আপনাকে আমার হাতে সমর্পণ করে দিয়েছিলেন। কয়েকজন তো আমাকে পীড়াপীড়িও করল যেন আমি আপনাকে হত্যা করি, কিন্তু আমি আপনাকে অব্যাহতি দিয়েছিলাম; আমি বললাম, ‘আমি আমার প্রভুর উপর হাত তুলব না, কারণ তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।’ 11 দেখুন, হে আমার বাবা, আমার হাতে আপনার পোশাকের এই কাটা টুকরোটি দেখুন! আমি আপনার পোশাকের কোনাটি কেটে নিয়েছিলাম কিন্তু আপনাকে হত্যা করিনি। দেখুন আমার হাতে এমন কিছু নেই যা দিয়ে বোঝা যায় আমি অপরাধ বা বিদ্রোহের দোষে দোষী। আমি আপনার বিরুদ্ধে কোনও অন্যায় করিনি, কিন্তু আপনি আমার প্রাণনাশ করার জন্য আমার পিছু পিছু তাড়া করে বেড়াচ্ছেন। 12 সদাপ্রভুই আপনার ও আমার বিচার করুন। সদাপ্রভুই আমার প্রতি করা আপনার অন্যায়ের প্রতিফল দিন, কিন্তু আমার হাত আপনাকে স্পর্শ করবে না। 13 প্রাচীন প্রবাদবাক্যে যেমন বলা হয়েছে, ‘পাষণ্ডরাই অনিষ্ট সাধন করে,’ তাই আমার হাত আপনাকে স্পর্শ করবে না।
14 “ইস্রায়েলের রাজা কার বিরুদ্ধে উঠে এসেছেন? আপনি কার পশ্চাদ্ধাবন করছেন? একটি মৃত কুকুরের? একটি মাছির? 15 সদাপ্রভুই যেন আমাদের বিচার করে আমাদের মধ্যে একজনের স্বপক্ষে সিদ্ধান্ত নেন। তিনিই যেন আমার উদ্দেশ্য বিবেচনা করে তা অনুমোদন করলেন; আপনার হাত থেকে আমাকে রক্ষা করে তিনি যেন আমার পক্ষসমর্থন করলেন।”
16 দাউদের কথা বলা শেষ হওয়ার পর শৌল জিজ্ঞাসা করলেন, “বাছা দাউদ, এ কি তোমার কণ্ঠস্বর?” একথা বলে তিনি সজোরে কেঁদে ফেলেছিলেন। 17 “তুমি আমার তুলনায় বেশি ধার্মিক,” তিনি বললেন। “তুমি আমার সঙ্গে সদয় ব্যবহার করলে, কিন্তু আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। 18 এইমাত্র তুমি আমাকে বলেছ, তুমি আমার প্রতি কত ভালো ব্যবহার করেছ; সদাপ্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছিলেন, কিন্তু তুমি আমাকে হত্যা করোনি। 19 যখন কেউ তার শত্রুকে হাতের নাগালে পায়, সে কি তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়? আজ আমার প্রতি তুমি যে ব্যবহার করেছ, সেজন্য সদাপ্রভু তোমাকে যেন যথাযথভাবে পুরস্কৃত করেন। 20 আমি জানি তুমি অবশ্যই রাজা হবে ও ইস্রায়েলের রাজত্ব তোমার হাতেই সুস্থির হবে। 21 এখন সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করো যে তুমি আমার বংশধরদের হত্যা করবে না বা আমার বাবার বংশ থেকে আমার নাম মুছে ফেলবে না।”
22 অতএব দাউদ শৌলের কাছে শপথ করলেন। পরে শৌল ঘরে ফিরে গেলেন, কিন্তু দাউদ ও তাঁর লোকজন ঘাঁটিতে চলে গেলেন।
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সেই সময়ে রচিত যখন তিনি শৌলের হাত থেকে পালিয়ে গুহায় লুকিয়েছিলেন। সুর “ধ্বংস কোরো না।”
1 আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,
কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।
যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায়
আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।
2 আমি পরাৎপর ঈশ্বরের কাছে প্রার্থনা করব,
ঈশ্বরের কাছে যিনি আমার প্রতি তাঁর সংকল্প পূর্ণ করেন।
3 যারা আমার পশ্চাদ্ধাবন করে তাদের তিরস্কার করে
তিনি স্বর্গ থেকে সাহায্য পাঠিয়ে আমাকে রক্ষা করেন;
ঈশ্বর তাঁর অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রেরণ করেন।
4 আমি সিংহদের মধ্যে রয়েছি;
ক্ষুধার্ত বন্যপশুদের মাঝে বসবাস করতে আমি বাধ্য হয়েছি—
মানুষ যাদের দাঁত বর্শা ও তির,
যাদের জিভ ধারালো তরোয়াল।
5 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও;
তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।
6 আমার শত্রুরা আমার জন্য এক ফাঁদ পেতেছে—
আমি হতাশায় নত হয়েছিলাম।
আমার চলার পথে তারা এক গর্ত খুঁড়েছিল—
কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেল।
7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল,
আমার হৃদয় অবিচল;
আমি গান গাইব ও সংগীত রচনা করব।
8 জেগে ওঠো, হে আমার প্রাণ!
জেগে ওঠো, বীণা ও সুরবাহার!
আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।
9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;
লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
10 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে;
তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।
11 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও;
তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর “ধ্বংস কোরো না।”
58:1 শাসকেরা, তোমরা কি সত্যিই ন্যায্যভাবে কথা বলো?
তোমরা কি সমতার সঙ্গে লোকেদের বিচার করো?
2 না, তোমাদের হৃদয়ে তোমরা অন্যায় পরিকল্পনা করো,
আর তোমাদের হাত দিয়ে তোমরা পৃথিবীতে হিংসা ছড়াও।
3 জন্ম থেকেই দুষ্টরা বিপথে যায়;
মাতৃগর্ভ থেকেই তারা বিপথগামী ও মিথ্যাবাদী।
4 সাপের বিষের মতোই তাদের বিষ,
ওরা কালসাপের মতো, যা শুনতে চায় না,
5 এবং সাপুড়েদের সুর উপেক্ষা করে
যতই তারা দক্ষতার সঙ্গে বাজাক না কেন।
6 হে ঈশ্বর, তাদের মুখের দাঁতগুলি ভেঙে দাও;
হে সদাপ্রভু, সেই সিংহদের বিষদাঁত উপড়ে ফেলো।
7 শুকনো জমিতে জলের মতো তারা যেন মিলিয়ে যায়;
তাদের অস্ত্রশস্ত্র তাদের হাতেই ব্যর্থ করে তোলো।
8 পথে চলার সময় তারা যেন শামুকের মতো গলে পাঁকে পরিণত হয়;
মৃতাবস্থায় জাত শিশুর মতো হোক যে কখনও সূর্যের মুখ দেখেনি।
9 ঈশ্বর, তরুণ কি প্রবীণ, সবাইকে উড়িয়ে নিয়ে যাবেন
কাঁটাগাছের আগুনের আঁচ তোমাদের পাত্রের গায়ে লাগার আগেই।
10 অন্যায়ের প্রতিকার দেখে ধার্মিকেরা উল্লসিত হবে।
দুষ্টদের রক্তে তারা তাদের পা ধুয়ে নেবে।
11 তখন সবাই বলবে,
“ধার্মিকেরা নিশ্চয় পুরস্কার পায়;
নিশ্চয় ঈশ্বর আছেন, যিনি জগতের বিচার করেন।”
দাউদের গীত। যখন তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন।
1 হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর,
আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি,
কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে
জলের জন্য ব্যাকুল হয়,
সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত,
আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।
2 তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি
এবং তোমার পরাক্রম ও মহিমা আমি দেখেছি।
3 আমার মুখ তোমার মহিমা করবে,
কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।
4 যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব,
এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।
5 সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব,
আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।
6 বিছানায় শুয়ে আমি তোমাকে স্মরণ করি;
রাত্রির প্রহরে আমি তোমার কথা চিন্তা করি।
7 তোমার ডানার ছায়ায় আমি গান করি
কারণ তুমিই আমার সহায়।
8 আমি তোমাকে আঁকড়ে ধরে থাকি
তোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।
9 যারা আমাকে হত্যা করতে চায় তাদের সর্বনাশ হবে,
তারা পৃথিবীর গভীরস্থানে নেমে যাবে।
10 তরোয়ালের কোপে তাদের মৃত্যু হবে,
এবং শিয়ালের খাবারে পরিণত হবে।
11 কিন্তু রাজা, ঈশ্বরে আনন্দ করবেন;
যারা সবাই ঈশ্বরে আস্থা রাখে তারা তাঁর স্তব করবে,
সেই সময় মিথ্যাবাদীদের কণ্ঠ রুদ্ধ করা হবে।