দাউদ নোবে অহীমেলকের কাছে পালিয়ে যান

1060 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 শমূয়েল 21:1–9

1 দাউদ নোবে যাজক অহীমেলকের কাছে চলে গেলেন। তাঁর দেখা পেয়ে অহীমেলক ভয়ে কম্পিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি একা কেন? আপনার সঙ্গে আর কেউ নেই কেন?”

2 দাউদ যাজক অহীমেলককে উত্তর দিলেন, “রাজামশাই একটি কাজের দায়িত্বভার দিয়ে আমাকে পাঠিয়েছেন এবং আমায় বলেছেন, ‘আমি তোমায় যে কাজের দায়িত্বভার দিয়ে পাঠাচ্ছি সেই বিষয়ে যেন কেউ কিছু জানতে না পারে।’ আর আমার লোকজন! আমি তাদের বলে দিয়েছি তারা যেন নির্দিষ্ট এক স্থানে এসে আমার সঙ্গে দেখা করে। 3 তবে এখন, আপনার হাতে কী আছে? আমাকে পাঁচ টুকরো রুটি, বা যা খুঁজে পাচ্ছেন, তাই দিন।”

4 কিন্তু যাজকমশাই দাউদকে উত্তর দিলেন, “আমার হাতে তো সাধারণ কোনও রুটি নেই; অবশ্য, এখানে কয়েকটি পবিত্র রুটি আছে—যদি লোকেরা স্ত্রীলোকদের সংস্পর্শ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে তবেই এগুলি তারা খেতে পারবে।”

5 দাউদ যাজককে উত্তর দিলেন, “যথারীতি আমি যখন কাজে বের হয়েছি তখন থেকেই আমরা স্ত্রীলোকদের সংস্পর্শ থেকে দূরে সরে আছি। কাজের দায়িত্বভার পবিত্র না থাকাকালীনও আমার লোকজনের দেহ শুচিশুদ্ধই থাকে। তবে আজ তা আরও কত না বেশি শুচিশুদ্ধ হয়ে আছে!” 6 কাজেই যাজকমশাই তাঁকে সেই পবিত্র রুটিগুলি দিলেন, যেহেতু সেখানে সেই দর্শন-রুটি ছাড়া আর কোনও রুটি ছিল না, যা সদাপ্রভুর সামনে থেকে সরিয়ে দিয়ে সেদিন সেটির বদলে গরম রুটি রাখা হয়েছিল।

7 ইত্যবসরে শৌলের দাসদের মধ্যে একজন সদাপ্রভুর সামনে আটকে গিয়ে সেখানে থেকে গিয়েছিল: সে হল ইদোমীয় দোয়েগ, শৌলের প্রধান রাখাল।

8 দাউদ অহীমেলককে জিজ্ঞাসা করলেন, “আপনার কাছে এখানে কি কোনও বর্শা বা তরোয়াল নেই? আমি আমার তরোয়াল বা অন্য কোনও অস্ত্র নিয়ে আসিনি, কারণ মহারাজের কাজটি জরুরি ছিল।”

9 যাজকমশাই উত্তর দিলেন, “আপনি এলা উপত্যকায় যাকে হত্যা করেছিলেন, সেই ফিলিস্তিনী গলিয়াতের তরোয়ালটি এখানে আছে; এফোদের পিছনে সেটি কাপড়ে মোড়া অবস্থায় রাখা আছে। আপনি চাইলে সেটি নিতে পারেন; সেটি ছাড়া এখানে আর অন্য কোনও তরোয়াল নেই।”

দাউদ বললেন, “সেটির মতো আর কিছুই হতে পারে না; আমাকে সেটিই এনে দিন।”

দাউদ গাতের রাজা আখীশের কাছে পালিয়ে যান

1 শমূয়েল 21:10–15

10 সেদিন দাউদ শৌলের কাছ থেকে পালিয়ে গিয়ে গাতের রাজা আখীশের কাছে উপস্থিত হলেন। 11 কিন্তু আখীশের দাসেরা তাঁকে বলল, “এই কি দেশের রাজা দাউদ নয়? এরই বিষয়ে কি লোকেরা নাচতে নাচতে গেয়ে ওঠেনি:

“ ‘শৌল মারলেন হাজার হাজার,

আর দাউদ মারলেন অযুত অযুত’?”

12 দাউদ সেকথা মনে রেখেছিলেন আর গাতের রাজা আখীশকে দেখে খুব ভয় পেয়ে গেলেন। 13 তাই তাদের উপস্থিতিতে তিনি পাগল হওয়ার ভান করলেন; আর তাদের কাছে থাকার সময় তিনি পাগলের মতো সদর-দরজার কপাটে আঁকিবুকি কাটছিলেন ও তাঁর দাড়ির উপর লালা ঝরাচ্ছিলেন।

14 আখীশ তাঁর দাসদের বললেন, “লোকটির দিকে তাকাও দেখি! এ তো পাগল! একে আমার কাছে এনেছ কেন? 15 আমার কাছে কি পাগলের অভাব আছে যে তোমরা আমার সামনে পাগলামি করার জন্য একে নিয়ে এসেছ? এ লোকটি আমার বাড়িতে আসবে নাকি?”

গীত 56

সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর: “সুদূর ওক বৃক্ষের উপর ঘুঘু।” যখন ফিলিস্তিনীরা গাত নগরে দাউদকে বন্দি করেছিল।

1 হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,

কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে;

সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।

2 আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে;

তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।

3 যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।

4 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—

আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।

সামান্য মানুষ আমার কী করতে পারে?

5 সারাদিন তারা আমার কথা বিকৃত করে;

তাদের সমস্ত পরিকল্পনা আমার পক্ষে ক্ষতিসাধক।

6 তারা ষড়যন্ত্র করে, তারা ওৎ পেতে থাকে,

আমার জীবন নেওয়ার জন্য,

তারা আমার পদক্ষেপের উপর লক্ষ্য রাখে।

7 তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না;

হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সবাইকে নিপাত করো।

8 আমার বিলাপ লিপিবদ্ধ করে;

তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো—

তা কি তোমার লিপিতে লেখা নেই?

9 যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করব

তখন আমার শত্রুরা পিছু ফিরবে।

এতে আমি জানব যে ঈশ্বর আমার পক্ষে আছেন।

10 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি,

সদাপ্রভুতে, আমি যার বাক্যের প্রশংসা করি—

11 ঈশ্বরে আমি আস্থা রাখি আর ভীত হই না।

মানুষ আমার কী করতে পারে?

12 হে ঈশ্বর, তোমার প্রতি আমার শপথ পূর্ণ করতে আমি বাধ্য;

আমি তোমার কাছে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব।

13 কারণ মৃত্যুর কবল থেকে তুমি আমাকে উদ্ধার করেছ

এবং হোঁচট খাওয়া থেকে আমার পা সাবধানে রেখেছ,

যেন জীবনের আলোতে

আমি ঈশ্বরের সামনে চলতে পারি।

গীত 34

দাউদের গীত। যখন তিনি অবীমেলকের সামনে পাগলামির ভান করেছিলেন তখন অবীমেলক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর দাউদ চলে গিয়েছিলেন।

1 আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব;

তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।

2 আমি সদাপ্রভুতে গর্ব করব;

যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।

3 আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো;

এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।

4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন;

আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।

5 যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়;

তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।

6 এই দুঃখী ডাকল, আর সদাপ্রভু শুনলেন;

তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।

7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার;

তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।

8 আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়;

ধন্য সেই ব্যক্তি যে তাঁতে আশ্রয় নেয়।

9 হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো,

কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।

10 সিংহও দুর্বল ও ক্ষুধার্ত হয়,

কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না।

11 এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো;

আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।

12 তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে

এবং বিস্তর ভালো দিন দেখতে চায়,

13 তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো

এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।

14 মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো;

শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।

15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,

এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;

16 কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে,

তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।

17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,

কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;

20 তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন,

তাদের মধ্যে একটিও ভাঙে না।

21 দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে;

ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে।

22 সদাপ্রভু তাঁর দাসদের মুক্ত করবেন;

যারা তাঁর শরণাগত, তাদের কেউই দোষী সাব্যস্ত হবে না।