ইহুদিদের পুনরুদ্ধারের জন্য কোরসের আদেশ

536 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ইষ্রা 1:1–4

1 পারস্যের রাজা কোরসের প্রথম বছরে যিরমিয়ের মাধ্যমে বলা সদাপ্রভুর বাক্য সফল করার জন্য সদাপ্রভু পারস্যের রাজা কোরসের অন্তরে এই ইচ্ছা দিলেন, যেন তাঁর সাম্রাজ্যে সর্বত্র তিনি এই কথা ঘোষণা করে দেন ও তা লিখেও রাখেন:

2 “পারস্য-রাজ কোরস একথাই বলেন:

“ ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন, যেন আমি তাঁর জন্য যিহূদা প্রদেশের জেরুশালেমে এক মন্দির নির্মাণ করি। 3 তাঁর মনোনীত, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছা করে, ঈশ্বর তাঁর সহবর্তী থাকুন, তবে সে যিহূদা প্রদেশের জেরুশালেমে গিয়ে উপস্থিত হোক এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু যিনি জেরুশালেমে অবস্থান করেন, তার জন্য সেখানে একটি মন্দির নির্মাণ করুক। 4 যেখানেই অবস্থান করুক না কেন, তাঁর অবশিষ্ট প্রজাদের মধ্যে যে কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য তাঁর সোনারুপো, অন্য বস্তুসামগ্রী, গবাদি পশু ও স্বেচ্ছাদান নিবেদন করুক।’ ”

গীত 126

একটি আরোহণ সংগীত।

1 সদাপ্রভু যখন জেরুশালেমের বন্দিদের ফিরিয়ে আনলেন,

তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!

2 আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,

আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।

সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,

“দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”

3 যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন,

এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

4 হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো,

নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।

5 যারা চোখের জলে বীজবপন করে,

তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।

6 যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায়

বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়,

আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে,

সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।

গীত 85

সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

1 হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ;

তুমি যাকোবের বংশের সমৃদ্ধি ফিরিয়ে এনেছ।

2 তুমি তোমার প্রজাদের অপরাধ ক্ষমা করেছ

এবং তাদের সব পাপ আবৃত করেছ।

3 তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ

এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।

4 হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের পুনরুদ্ধার করো

এবং আমাদের প্রতি তোমার অসন্তোষ দূরে সরিয়ে রাখো।

5 তুমি কি চিরদিন আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবে?

তুমি কি যুগে যুগে তোমার রাগ স্থায়ী করবে?

6 তুমি কি আবার আমাদের সঞ্জীবিত করবে না,

যেন তোমার প্রজারা তোমাতে আনন্দে উল্লসিত হয়?

7 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের দেখাও,

এবং তোমার পরিত্রাণ আমাদের প্রদান করো।

8 ঈশ্বর সদাপ্রভু যা বলেন আমি তা শুনব;

তিনি তাঁর প্রজাদের, তাঁর বিশ্বস্ত দাসদের, শান্তির অঙ্গীকার করেন;

কিন্তু তারা তাদের মূর্খতার পথে ফিরে না যাক।

9 নিশ্চয়, যারা তাঁকে সম্ভ্রম করে তাঁর পরিত্রাণ তাদের নিকটবর্তী,

যেন তাঁর মহিমা আমাদের দেশে বাস করে।

10 প্রেম ও বিশ্বস্ততা একত্রে মিলিত হয়,

ধার্মিকতা ও শান্তি পরস্পরকে চুম্বন করে।

11 বিশ্বস্ততা পৃথিবী থেকে উত্থাপিত হয়

এবং ধার্মিকতা স্বর্গ থেকে দৃষ্টিপাত করে।

12 সদাপ্রভু যা উত্তম তা অবশ্যই দান করবেন,

এবং আমাদের দেশ শস্য উৎপাদন করবে।

13 ন্যায়পরায়ণতা তাঁর অগ্রগামী হয়

এবং তাঁর চলার পথ প্রস্তুত করে।

2 বংশাবলি 36:22–23

22 পারস্যের রাজা কোরসের প্রথম বছরে যিরমিয়ের মাধ্যমে বলা সদাপ্রভুর বাক্য সফল করার জন্য সদাপ্রভু পারস্যের রাজা কোরসের অন্তরে এই ইচ্ছা দিলেন, যেন তাঁর সাম্রাজ্যে সর্বত্র তিনি এই কথা ঘোষণা করে দেন ও তা লিখেও রাখেন:

23 “পারস্য-রাজ কোরস একথাই বলেন:

“ ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন, যেন আমি তাঁর জন্য যিহূদা প্রদেশের জেরুশালেমে এক মন্দির নির্মাণ করি। তোমাদের মধ্যে, অর্থাৎ তাঁর প্রজাদের মধ্যে যে কেউ সেখানে যেতে পারে, এবং তাদের ঈশ্বর সদাপ্রভু যেন তাদের সাথে থাকেন।’ ”