বিলিয়ম ও বালাক (continued)

1451 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গণনা পুস্তক 24

1 বিলিয়ম যখন দেখল যে ইস্রায়েলীদের আশীর্বাদ করা সদাপ্রভুর সন্তোষজনক, তখন অন্য সময়ের মতো সে প্রত্যাদেশ লাভ করতে অন্যত্র গেল না, কিন্তু তার মুখ প্রান্তরের দিকে ফেরালো। 2 বিলিয়ম দেখল, গোষ্ঠী অনুসারে ইস্রায়েল ছাউনি স্থাপন করে আছে, তখন ঈশ্বরের আত্মা তার উপরে এলেন 3 এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ,

যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,

4 তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে,

যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়,

যে সাষ্টাঙ্গ প্রণত হয়, ও যার চোখ খোলা থাকে।

5 “হে যাকোব, তোমার তাঁবুগুলি,

হে ইস্রায়েল, তোমার নিবাসস্থান কেমন মনোহর!

6 “উপত্যকার মতো সেগুলি বিস্তৃত হয়,

নদী-তীরের বাগানের মতো হয়;

সদাপ্রভু দ্বারা রোপিত অগুরু গাছগুলির মতো,

জলস্রোতের পাশে থাকা দেবদারু গাছগুলির মতো হয়।

7 তাদের বালতি থেকে জল উপচে পড়বে,

তাদের বীজ প্রচুর জল পাবে।

“তাদের রাজা হবেন অগাগ থেকেও মহৎ,

উন্নত হবে তাদের রাজ্য।

8 “ঈশ্বর মিশর থেকে তাদের নির্গত করেছেন,

তারা বন্য ষাঁড়ের মতো শক্তিশালী।

বৈরী জাতিদের তারা ছিন্নভিন্ন করে,

খণ্ডবিখণ্ড করে তাদের অস্থিগুলি,

তিরগুলি দিয়ে তাদের বিদ্ধ করে।

9 সিংহের মতোই তারা হামাগুড়ি দেয়,

সিংহীর মতোই শয়ন করে; কোন সাহসী তাকে উঠাতে পারে?

“যারা তোমাকে আশীর্বাদ করে তারা আশিস ধন্য হবে,

যারা তোমাকে অভিশাপ দেয় তারা অভিশপ্ত হবে!”

10 তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ বহ্নিমান হল। তিনি হাতে করাঘাত করে তাকে বললেন, “আমি আপনাকে ডেকে এনেছিলাম যেন আপনি আমার শত্রুদের অভিশাপ দেন, কিন্তু এই তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন। 11 এখন এই মুহূর্তে, প্রস্থান করুন ও বাড়িতে ফিরে যান! আমি বলেছিলাম, আপনাকে উদারভাবে পুরস্কৃত করব, কিন্তু সদাপ্রভুই আপনাকে পুরস্কার নিতে দিলেন না।”

12 বালাককে বিলিয়ম উত্তর দিল, “আপনি যে বার্তাবাহকদের পাঠিয়েছিলেন, আমি কি তাদের বলিনি, 13 ‘বালাক যদিও তাঁর প্রাসাদের সমস্ত সোনা ও রুপো দেন, আমি স্বেচ্ছায়, ভালো অথবা মন্দ, সদাপ্রভুর আদেশের অতিরিক্ত, কিছুই করতে পারি না। আমি শুধু সেই কথা বলব, যা সদাপ্রভু আমাকে বলে দেবেন।’ 14 এখন আমি আমার স্বজাতির কাছে ফিরে যাই, কিন্তু এই লোকেরা ভবিষ্যতে আপনার লোকদের প্রতি কী করবে, আসুন, সেই বিষয়ে আপনাকে সচেতন করে দিই।”

15 পরে সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ,

যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,

16 তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে,

যিনি পরাৎপরের কাছে থেকে জ্ঞান লাভ করেছে,

যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়,

যে সাষ্টাঙ্গ প্রণত হয় ও যার চোখ খোলা থাকে।

17 “আমি তাঁকে দেখব, কিন্তু এখন নয়,

আমি দর্শন করব, কিন্তু কাছ থেকে নয়;

যাকোব থেকে উদিত হবেন এক তারকা,

ইস্রায়েল থেকে এক রাজদণ্ডের উত্থান হবে।

তিনি মোয়াবের কপালগুলি

ও শেথের সমস্ত সন্তানের খুলিগুলি চূর্ণ করবেন।

18 ইদোম পরাভূত হবে,

তার শত্রু সেয়ীর পরাভূত হবে,

কিন্তু ইস্রায়েল উত্তরোত্তর শক্তিমান হবে।

19 যাকোব থেকে এক প্রশাসকের আগমন হবে,

তিনি নগরের অবশিষ্ট ব্যক্তিদের বিনাশ করবেন।”

20 পরে বিলিয়ম অমালেকের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“অমালেক জাতিসমূহের মধ্যে অগ্রগণ্য ছিল,

কিন্তু বিনাশই হবে তার পরিণতি।”

21 তারপর সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“তোমার নিবাসস্থল সুরক্ষিত,

তোমার নীড় শৈলের মধ্যে স্থাপিত,

22 তা সত্ত্বেও কেনীয়েরা, তোমার হবে বিধ্বংস

যখন আসিরীয়রা বন্দি করে তোমাদের নিয়ে যাবে।”

23 তারপর সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“হায়! ঈশ্বর যখন এই কাজ করেন, তখন কে রক্ষা পেতে পারে?

24 কিত্তীমের সৈকত থেকে জাহাজগুলি আসবে,

তারা আসিরিয়া ও এবরকে দমন করবে;

কিন্তু তাদের নিজেদেরও বিনাশ হবে।”

25 এরপরে বিলিয়ম উঠে নিজের ঘরে ফিরে গেল এবং বালাকও নিজের পথে প্রস্থান করলেন।

বিয়াল্লিশতম যাত্রা: মোয়াবের সমভূমি

বিয়াল্লিশতম যাত্রা: মোয়াবের সমভূমি, বেথ-যিশীমোৎ ও আবেল শিটিমের কাছে শিবিরসহ।

গণনা পুস্তক 33:49

49 সেখানে, তারা মোয়াবের সমতলে, জর্ডন বরাবর, বেথ-যিশীমোৎ থেকে আবেল শিটিম পর্যন্ত ছাউনি স্থাপন করল।

পিয়োরের বায়ালের প্রতিমাপূজা

গণনা পুস্তক 25

1 শিটিমে অবস্থানকালে ইস্রায়েলীরা, মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হল, 2 যারা তাদের দেবতাদের উদ্দেশে বলিকৃত খাদ্য খাওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাল। লোকেরা তা খেয়ে সেই দেবতাদের কাছে প্রণিপাত করল। 3 এইভাবে ইস্রায়েল, পিয়োরের বায়ালের উপাসনায় যোগ দিল। তখন তাদের বিপক্ষে সদাপ্রভুর ক্রোধ বহ্নিমান হল।

4 সদাপ্রভু মোশিকে বললেন, “এই জাতির সমস্ত নেতৃবর্গকে নাও এবং প্রকাশ্য দিবালোকে তাদের বধ করো, যেন সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ ইস্রায়েল থেকে দূরীভূত হয়।”

5 তাই মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে পিয়োরের বায়াল-প্রতিমার উপাসনাকারী স্বজনদের অবশ্যই বধ করবে।”

6 সেই সময়, একজন ইস্রায়েলী ব্যক্তি, মোশি এবং সমগ্র ইস্রায়েলী সমাজের দৃষ্টিগোচরে, একজন মিদিয়নীয় স্ত্রীলোককে তার বাড়িতে নিয়ে এল। তখন সমাগম তাঁবুর প্রবেশপথে, তারা সকলে কান্নাকাটি করছিল। 7 যখন যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস তা দেখলেন, তিনি সমাজ থেকে প্রস্থান করে হাতে একটি বর্শা নিলেন। 8 তিনি সেই ইস্রায়েলী ব্যক্তিকে অনুসরণ করে তার তাঁবু পর্যন্ত গেলেন। তিনি তাদের উভয়ের, সেই ইস্রায়েলী ব্যক্তি ও স্ত্রীলোকটির পেটে বর্শা বিদ্ধ করলেন। তখন ইস্রায়েলীদের মধ্যে ছড়িয়ে পড়া মহামারি নিবৃত্ত হল; 9 কিন্তু সেই মহামারিতে যারা মারা গিয়েছিল তাদের সংখ্যা 24,000।

10 সদাপ্রভু মোশিকে বললেন, 11 “যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস, ইস্রায়েলীদের প্রতিকূলে আমার ক্রোধ নিবৃত্ত করেছে, কারণ আমার সম্মান রক্ষার জন্য আমার মতোই সেও উদ্যোগী হয়েছে। তাই আমি ক্রোধ প্রকাশ করে তাদের শেষ করে দিইনি। 12 সেইজন্য তাকে বলো, আমি তার সঙ্গে আমার শান্তিচুক্তি কার্যকর করছি। 13 সে ও তার বংশধরেরা চিরকাল যাজকত্ব পদের জন্য চুক্তিবদ্ধ হল, কারণ সে তার ঈশ্বরের সম্মান রক্ষার উদ্যোগী হয়ে ইস্রায়েলীদের জন্য প্রায়শ্চিত্ত সাধন করেছে।”

14 যে ইস্রায়েলী ব্যক্তি, ওই মিদিয়নীয় স্ত্রীলোকটির সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি। সে সালুর ছেলে ও শিমিয়োনীয় গোষ্ঠীর একজন নেতা ছিল। 15 আর সেই মিদিয়নীয় স্ত্রীলোক, যাকে হত্যা করা হয়েছিল, তার নাম কস্‌বী। সে মিদিয়ন বংশের জনৈক গোষ্ঠীর প্রধান, সূর-এর মেয়ে ছিল।

16 সদাপ্রভু মোশিকে বললেন, 17 “মিদিয়নীয়দের শত্রু-জ্ঞান করে তাদের বধ করো। 18 কারণ তারাও তোমাদের শত্রু-জ্ঞান করেছে; তারা পিয়োর সংক্রান্ত বিষয়ে এবং মিদিয়নীয় জনৈক নেতার মেয়ে তাদের বোন কস্‌বী নামক যে স্ত্রীলোকটি হত হয়েছিল, তার মাধ্যমে তোমাদের প্রতারণা করেছিল। পরিণতিস্বরূপ, এই পিয়োরের জন্য তোমরা মহামারিতে আক্রান্ত হয়েছিলে।”