ভাগ 3: আসার রাজত্ব

যিহূদার রাজ্য

ঈশ্বরের প্রতি আসার ভক্তি

955 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 বংশাবলি 14:1

1 অবিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে আসা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, এবং তাঁর রাজত্বকালে দশ বছর দেশে শান্তি বজায় ছিল।

1 রাজাবলি 15:9–11

9 ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের বিংশতিতম বছরে আসা যিহূদার রাজা হলেন, 10 এবং জেরুশালেমে তিনি একচল্লিশ বছর রাজত্ব করলেন। তাঁর ঠাকুমার নাম মাখা, তিনি অবীশালোমের মেয়ে ছিলেন।

11 আসা তাঁর পূর্বপুরুষ দাউদের মতো, সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য, তাই করলেন।

2 বংশাবলি 14:2–3

2 আসা, তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো ও উপযুক্ত, তাই করলেন। 3 তিনি বিজাতীয় যজ্ঞবেদি ও পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেছিলেন, পবিত্র পাথরগুলি ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং আশেরার খুঁটিগুলি কেটে নামিয়েছিলেন।

1 রাজাবলি 15:12–15

12 মন্দির-সংলগ্ন দেবদাসদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিলেন এবং তাঁর পূর্বপুরুষদের তৈরি করা প্রতিমার মূর্তিগুলিও দূর করলেন। 13 এমনকি তিনি রাজমাতার পদ থেকে তাঁর ঠাকুমা মাখাকে সরিয়ে দিলেন, কারণ আশেরার পুজো করার জন্য মাখা জঘন্য এক মূর্তি তৈরি করলেন। আসা সেটি কেটে ফেলে দিলেন এবং কিদ্রোণ উপত্যকায় সেটি জ্বালিয়ে দিলেন। 14 যদিও তিনি পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেননি, তবুও আজীবন আসার অন্তর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিতই ছিল। 15 সদাপ্রভুর মন্দিরে তিনি রুপো ও সোনা এবং সেইসব জিনিসপত্র এনে রেখেছিলেন, যেগুলি তিনি ও তাঁর বাবা উৎসর্গ করলেন।

2 বংশাবলি 14:4–15

4 তিনি যিহূদার লোকজনকে আদেশ দিলেন, তারা যেন তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করে এবং তাঁর বিধান ও আজ্ঞা মেনে চলে। 5 যিহূদার প্রত্যেকটি নগরে তিনি পূজার্চনার উঁচু স্থান ও ধূপবেদিগুলি উপড়ে ফেলেছিলেন, এবং তাঁর অধীনে রাজ্যে শান্তি বজায় ছিল। 6 যেহেতু দেশে শান্তি বজায় ছিল, তাই তিনি যিহূদায় কয়েকটি সুরক্ষিত নগর গড়ে তুলেছিলেন। সেই সময়, কয়েক বছর কেউ তাঁর সাথে যুদ্ধ করেননি, কারণ সদাপ্রভু তাঁকে বিশ্রাম দিলেন।

7 “এসো, আমরা এই নগরগুলি গড়ে তুলি,” তিনি যিহূদার লোকজনকে বললেন, “আর সেগুলির চারপাশে দেয়াল গেঁথে দিই, এবং মিনার, দরজা ও খিলও গড়ে দিই। দেশ এখনও আমাদেরই অধিকারে আছে, যেহেতু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করেছি; আমরা তাঁর অন্বেষণ করেছি এবং সবদিক থেকেই তিনি আমাদের বিশ্রাম দিয়েছেন।” অতএব তারা নগরগুলি গড়ে তুলেছিল এবং সফলও হল।

8 আসার কাছে যিহূদা গোষ্ঠীভুক্ত এলাকা থেকে আসা এমন তিন লাখ সৈন্য ছিল, যারা বড়ো বড়ো ঢাল ও বর্শায় সুসজ্জিত ছিল, এবং বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকা থেকে আসা এমন দুই লাখ আশি হাজার সৈন্য ছিল, যারা ছোটো ছোটো ঢাল ও ধনুকে সুসজ্জিত ছিল। এরা সবাই ছিল সাহসী যোদ্ধা।

9 কূশীয় সেরহ তাদের বিরুদ্ধে দশ লাখ সৈন্য এবং তিনশো রথ নিয়ে কুচকাওয়াজ করে বেরিয়ে এসেছিল, ও একেবারে মারেশা পর্যন্ত পৌঁছে গেল। 10 আসা তার সাথে সম্মুখসমরে নেমেছিলেন, এবং মারেশার কাছে সফাথা উপত্যকায় যুদ্ধক্ষেত্রে তারা নিজের নিজের অবস্থান নিয়েছিলেন।

11 তখন আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, শক্তিশালীর বিরুদ্ধে শক্তিহীনকে সাহায্য করার ক্ষেত্রে তোমার মতো আর কেউ নেই। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি আমাদের সাহায্য করো, কারণ আমরা তোমারই উপর নির্ভর করে আছি, এবং এই বিশাল সৈন্যদলের বিরুদ্ধে আমরা তোমার নামেই এগিয়ে এসেছি। হে সদাপ্রভু, তুমিই আমাদের ঈশ্বর; নিছক মরণশীল মানুষ যেন তোমার বিরুদ্ধে জিততে না পারে।”

12 আসা ও যিহূদার সামনে সদাপ্রভু সেই কূশীয়দের আঘাত করলেন। কূশীয়েরা পালিয়ে গেল, 13 এবং আসা ও তাঁর সৈন্যদল একেবারে গরার পর্যন্ত তাদের পিছু ধাওয়া করে গেলেন। এত বেশি সংখ্যায় কূশীয়েরা মারা পড়েছিল, যে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি; তারা সদাপ্রভুর ও তাঁর সৈন্যদলের সামনে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। যিহূদার লোকজন প্রচুর পরিমাণে লুটসামগ্রী তুলে নিয়ে এসেছিল। 14 গরারের চারপাশের সব গ্রাম তারা ধ্বংস করে দিয়েছিল, কারণ সদাপ্রভুর আতঙ্ক তাদের উপর এসে পড়েছিল। তারা সেইসব গ্রামে লুটপাট চালিয়েছিল, যেহেতু সেখানে প্রচুর লুটসামগ্রী পড়েছিল। 15 এছাড়া তারা রাখালদের শিবিরগুলিতেও আক্রমণ চালিয়েছিল এবং পালে পালে মেষ, ছাগল ও উট তুলে নিয়ে এসেছিল। পরে তারা জেরুশালেমে ফিরে গেল।

আসা ঈশ্বরের সঙ্গে নিয়ম স্থাপন করেন

2 বংশাবলি 15:1–15

1 ওদেদের ছেলে অসরিয়ের উপর ঈশ্বরের আত্মা নেমে এলেন। 2 তিনি আসার সাথে দেখা করতে গেলেন ও তাঁকে বললেন, “হে আসা এবং যিহূদা ও বিন্যামীনের সব লোকজন, আমার কথা শোনো। তোমরা যতদিন সদাপ্রভুর সাথে আছ, তিনিও তোমাদের সাথে আছেন। তোমরা যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবে, কিন্তু তোমরা যদি তাঁকে পরিত্যাগ করো, তবে তিনিও তোমাদের পরিত্যাগ করবেন। 3 দীর্ঘকাল ইস্রায়েল সত্য ঈশ্বরবিহীন, শিক্ষা দেওয়ার উপযোগী এক যাজক-বিহীন ও বিধানবিহীন হয়েই ছিল। 4 কিন্তু তাদের দুঃখদুর্দশার দিনে তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরেছিল, ও তাঁর অন্বেষণ করল, এবং তারা তাঁর খোঁজ পেয়েছিল। 5 সেই দিনগুলিতে নিরাপদে ঘোরাফেরা করা যেত না, কারণ দেশের সব অধিবাসী খুব গোলমেলে অবস্থায় ছিল। 6 এক জাতি অন্য এক জাতির দ্বারা এবং এক নগর অন্য এক নগরের দ্বারা চূর্ণবিচূর্ণ হচ্ছিল, কারণ ঈশ্বরই সব ধরনের দুঃখ দিয়ে তাদের উদ্বিগ্ন করছিলেন। 7 কিন্তু তোমরা বলবান হও ও হাল ছেড়ে দিয়ো না, কারণ তোমাদের কাজ পুরস্কৃত হবে।”

8 আসা যখন এইসব কথা ও ওদেদের ছেলে ভাববাদী অসরিয়ের করা ভাববাণীটি শুনেছিলেন, তখন তিনি সাহস পেয়েছিলেন। যিহূদা ও বিন্যামীনের গোটা এলাকা থেকে এবং ইফ্রয়িমের পার্বত্য এলাকার যেসব নগর তিনি দখল করলেন, সেগুলি থেকেও ঘৃণ্য প্রতিমার মূর্তিগুলি তিনি সরিয়ে দিলেন। সদাপ্রভুর মন্দিরের বারান্দার সামনে রাখা সদাপ্রভুর যজ্ঞবেদিটি তিনি মেরামত করে দিলেন।

9 পরে যিহূদা ও বিন্যামীনের সব লোকজনকে এবং ইফ্রয়িম, মনঃশি ও শিমিয়োন গোষ্ঠীভুক্ত এলাকা থেকে আসা সেইসব লোককে তিনি এক স্থানে একত্রিত করলেন, যারা তাদের মাঝখানে বসতি স্থাপন করল, কারণ ইস্রায়েল থেকে প্রচুর লোকজন তখনই তাঁর কাছে এসেছিল, যখন তারা দেখেছিল যে তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সাথে আছেন।

10 আসার রাজত্বকালের পঞ্চদশতম বছরের তৃতীয় মাসে তারা জেরুশালেমে একত্রিত হল। 11 সেই সময় যে লুটসামগ্রী তারা নিয়ে এসেছিল, সেখান থেকে তারা সদাপ্রভুর উদ্দেশে সাতশো গবাদি পশু এবং সাত হাজার মেষ ও ছাগল বলি দিয়েছিল। 12 মনেপ্রাণে তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য এক নিয়মে নিজেদের বেঁধে ফেলেছিল। 13 যারা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করবে না, তারা ছোটই হোক বা বড়ো, পুরুষই হোক বা মহিলা, তাদের মেরে ফেলা হবে। 14 জোরালো সাধুবাদ জানিয়ে, চিৎকার করে ও শিঙা বাজিয়ে সদাপ্রভুর উদ্দেশে তারা এক শপথ নিয়েছিল। 15 যিহূদার সব লোকজন সেই শপথের বিষয়ে আনন্দ প্রকাশ করল, কারণ মনেপ্রাণে তারা সেই শপথ নিয়েছিল। আগ্রহী হয়ে তারা ঈশ্বরের অন্বেষণ করল, এবং তিনি তাদের কাছে ধরা দিলেন। অতএব সবদিক থেকেই সদাপ্রভু তাদের বিশ্রাম দিলেন।

2 বংশাবলি 15:18–19

18 ঈশ্বরের মন্দিরে তিনি রুপো ও সোনা এবং সেইসব জিনিসপত্র এনে রেখেছিলেন, যেগুলি তিনি ও তাঁর বাবা উৎসর্গ করলেন।

19 আসার রাজত্বকালের পঁয়ত্রিশতম বছর পর্যন্ত আর কোনও যুদ্ধ হয়নি।