অবশালোমের বিদ্রোহ (continued)

1027 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 শমূয়েল 16:1–14

1 পাহাড়ের চূড়া পার করে দাউদ অল্প একটু দূর এ গেলেন, সেখানে তাঁর সঙ্গে দেখা করার জন্য মফীবোশতের দাস সীব অপেক্ষা করে দাঁড়িয়েছিল। তার সঙ্গে ছিল একপাল গাধা, যেগুলির পিঠে বাঁধা ছিল 200-টি রুটি, কিশমিশ দিয়ে তৈরি একশোটি, ও ডুমুর দিয়ে তৈরি একশোটি পিঠে এবং একটি চামড়ার থলিতে ভরা দ্রাক্ষারস।

2 রাজামশাই সীবকে জিজ্ঞাসা করলেন, “তুমি কেন এগুলি এনেছ?”

সীব উত্তর দিয়েছিল, “গাধাগুলি এনেছি মহারাজের পরিবারের লোকজনের চড়ে যাওয়ার জন্য, রুটি ও ফলগুলি এনেছি লোকদের খাওয়ার জন্য, এবং দ্রাক্ষারস এনেছি যেন মরুপ্রান্তরে যারা ক্লান্ত হয়ে পড়বে, তারা চাঙ্গা হয়ে যায়।”

3 রাজামশাই তখন জিজ্ঞাসা করলেন, “তোমার মনিবের নাতি কোথায়?”

সীব তাঁকে বলল, “তিনি জেরুশালেমেই আছেন, কারণ তিনি ভেবেছেন, ‘ইস্রায়েলীরা আজ আমার কাছে আমার পৈতৃক রাজ্যটি ফিরিয়ে দেবে।’ ”

4 তখন রাজামশাই সীবকে বললেন, “মফীবোশতের অধিকারে থাকা সবকিছুই এখন তোমার।”

“আমি আপনাকে প্রণাম জানাচ্ছি,” সীব বলল। “হে আমার প্রভু মহারাজ, আমি যেন আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাই।”

5 রাজা দাউদ বহুরীমে পৌঁছালে শৌলের কুলভুক্ত একজন লোক সেখানে এসে গেল। তার নাম শিমিয়ি, ও সে ছিল গেরার ছেলে। আসতে আসতে সে অভিশাপ দিচ্ছিল। 6 দাউদের ডাইনে বাঁয়ে বিশেষ রক্ষীদল থাকা সত্ত্বেও সে দাউদ ও সব রাজকর্মচারীর দিকে পাথর ছুঁড়ছিল। 7 অভিশাপ দিতে দিতে শিমিয়ি বলল, “দূর হ, দূর হ, ওরে খুনি, ওরে বজ্জাত! 8 যাঁর স্থানে তুই রাজত্ব করছিস, সেই শৌলের কুলে তুই যত রক্তপাত করেছিস তার প্রতিফল সদাপ্রভুই তোকে দিয়েছেন। সদাপ্রভু রাজ্যটি তোর ছেলে অবশালোমের হাতে তুলে দিয়েছেন। তুই একজন খুনি বলেই তোর সর্বনাশ হয়েছে।”

9 তখন সরূয়ার ছেলে অবীশয় রাজাকে বলল, “এই মরা কুকুরটি কেন আমার প্রভু মহারাজকে অভিশাপ দেবে? আমাকে গিয়ে ওর মাথাটি কেটে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দিন।”

10 কিন্তু রাজামশাই বললেন, “হে সরূয়ার ছেলেরা, এতে তোমাদের কী? সে যদি এজন্যই অভিশাপ দিচ্ছে যেহেতু সদাপ্রভু তাকে বলেছেন, ‘দাউদকে অভিশাপ দাও,’ তবে কে-ই বা প্রশ্ন করতে পারে, ‘তুমি কেন এমনটি করছ?’ ”

11 দাউদ পরে অবীশয় ও তাঁর সব কর্মকর্তাকে বললেন, “আমার ছেলে, আমার নিজের রক্তমাংসই আমাকে খুন করার চেষ্টা করছে। তবে এই বিন্যামীনীয় আরও কত না বেশি করে তা করবে! ওকে একা ছেড়ে দাও; ওকে অভিশাপ দিতে দাও, কারণ সদাপ্রভুই ওকে এরকম করতে বলেছেন। 12 হয়তো দেখা যাবে যে আজ ওর দেওয়া অভিশাপের বদলে সদাপ্রভু আমার দুর্দশা দেখে, আমার কাছে তাঁর নিয়মের অধীনে থাকা আশীর্বাদ ফিরিয়ে দেবেন।”

13 অতএব দাউদ ও তাঁর লোকজন পথে যেতে থাকলেন, অন্যদিকে শিমিয়ি তাঁর বিপরীত দিকের পাহাড়ি পথ ধরে যেতে যেতে অভিশাপ দিয়ে যাচ্ছিল ও তাঁর দিকে পাথর ছুঁড়ছিল এবং ধুলোবর্ষণও করছিল। 14 রাজামশাই ও তাঁর সঙ্গে থাকা সব লোকজন ক্লান্ত অবস্থায় তাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলেন। আর সেখানে তিনি নিজের ক্লান্তি দূর করলেন।

গীত 7

দাউদের শিগায়োন, যা তিনি বিন্যামীন বংশধর কূশের সম্বন্ধে সদাপ্রভুর প্রতি রচনা করেছিলেন।

1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতে শরণ নিই;

যারা আমার পিছু নেয় তাদের হাত থেকে আমায় রক্ষা করো ও উদ্ধার করো,

2 নতুবা তারা সিংহের মতো আমাকে ছিঁড়ে ফেলবে

আর খণ্ডবিখণ্ড করবে এবং আমাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না।

3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি অন্যায় কাজ করেছি

ও আমার হাতে অপরাধ আছে,

4 যদি আমি বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছি

যদি অকারণে আমার শত্রুকে লুট করেছি;

5 তবে আমার শত্রু আমাকে তাড়া করে বন্দি করুক;

আমার প্রাণ মাটিতে পদদলিত করুক

এবং আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিক।

6 হে সদাপ্রভু, তুমি ক্রোধে জেগে ওঠো;

আমার শত্রুদের কোপের বিরুদ্ধে জেগে ওঠো।

হে ঈশ্বর, তুমি জাগো, তোমার ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।

7 তোমার চারপাশে জাতিরা সমবেত হোক,

ঊর্ধ্বলোক থেকে তুমি তাদের শাসন করো।

8 সদাপ্রভু সব মানুষের বিচার করুক।

আমার ধার্মিকতা অনুযায়ী, হে সদাপ্রভু,

আমার সততার বলে, হে পরাৎপর, আমাকে নির্দোষ মান্য করো।

9 দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো

এবং ধার্মিকদের সুরক্ষিত করো

তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর,

সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।

10 পরাৎপর ঈশ্বর আমার ঢাল,

যিনি ন্যায়পরায়ণদের রক্ষা করেন।

11 ঈশ্বর ন্যায়পরায়ণ বিচারক,

এমন ঈশ্বর যিনি প্রতিনিয়ত তাঁর ক্রোধ প্রকাশ করেন।

12 যদি সে ক্ষান্ত না হয়,

তিনি তাঁর তরোয়ালে ধার দেবেন;

ধনুক প্রস্তুত করবেন ও তির লাগাবেন।

13 তিনি তাঁর ভয়ংকর অস্ত্র প্রস্তুত করেছেন;

তিনি তাঁর জ্বলন্ত তির প্রস্তুত করেন।

14 যে ব্যক্তি গর্ভে অধর্ম ধারণ করে

সে বিনাশের পরিকল্পনায় পূর্ণগর্ভ হয় ও মিথ্যার জন্ম দেয়।

15 যে অন্যদের ফাঁদে ফেলার জন্য গর্ত করে,

সে নিজের তৈরি গর্তেই পতিত হয়।

16 তারা যে সমস্যা সৃষ্টি করে তা তাদের উপর ফিরে আসে;

তাদের অত্যাচার তাদের মাথার উপরেই ফিরে আসে।

17 আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব;

আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।

2 শমূয়েল 16:15–23

15 এদিকে, অবশালোম ও ইস্রায়েলের সব লোকজন জেরুশালেমে এসেছিল, ও অহীথোফলও তাদের সঙ্গে ছিল। 16 তখন দাউদের অন্তরঙ্গ বন্ধু অর্কীয় হূশয় অবশালোমের কাছে গিয়ে তাকে বললেন, “মহারাজ চিরজীবী হোন, মহারাজ চিরজীবী হোন!”

17 অবশালোম হূশয়কে বলল, “তোমার বন্ধুর প্রতি এই তোমার ভালোবাসা? তিনি যদি তোমার বন্ধু, তবে তুমি তাঁরই কাছে গেলে না কেন?”

18 হূশয় অবশালোমকে বললেন, “তা নয়, যিনি সদাপ্রভু দ্বারা, এই লোকদের দ্বারা, ও ইস্রায়েলের সব লোকজন দ্বারা মনোনীত হয়েছেন—আমি তাঁরই হব, ও তাঁর সঙ্গেই থাকব। 19 এছাড়াও, আমি কার সেবা করব? আমি কি তাঁর ছেলেরই সেবা করব না? আমি যেভাবে আপনার বাবার সেবা করতাম, ঠিক সেভাবে আপনারও সেবা করব।”

20 অবশালোম অহীথোফলকে বলল, “আপনি আমাদের পরামর্শ দিন। আমাদের কী করা উচিত?”

21 অহীথোফল উত্তর দিয়েছিল, “তোমার বাবা রাজপ্রাসাদ দেখাশোনা করার জন্য যেসব উপপত্নী রেখে গিয়েছেন, তুমি তাদের সঙ্গে যৌনসঙ্গম করো। তখন সমস্ত ইস্রায়েল শুনবে যে তুমি নিজেকে তোমার বাবার কাছে ঘৃণ্য করে তুলেছ, ও তোমার সঙ্গে থাকা প্রত্যেকে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হবে।” 22 তাই তারা অবশালোমের জন্য ছাদে একটি তাঁবু খাটিয়ে দিয়েছিল, ও সে সমস্ত ইস্রায়েলীর চোখের সামনে তার বাবার উপপত্নীদের সঙ্গে যৌনসঙ্গম করল।

23 এদিকে, সেই সময় অহীথোফলের দেওয়া পরামর্শকে মনে হত ঈশ্বরের কাছ থেকে আসা পরামর্শ। দাউদ ও অবশালোম, দুজনেই অহীথোফলের সব পরামর্শকে এরকমই মনে করতেন।