বন্দিত্বের কারণ হয়ে ওঠা প্রতিমাপূজার দর্শন (continued)

ব্যাবিলনে বন্দিত্বের কারণ হয়ে ওঠা প্রতিমাপূজার দর্শন।

594 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহিষ্কেল 10:1–11:21

1 তারপর আমি চেয়ে দেখলাম আর করূবদের মাথার উপর দিকে সেই উন্মুক্ত এলাকা ছিল তার উপরে নীলকান্তমণির সিংহাসনের মতো কিছু একটি দেখতে পেলাম। 2 সদাপ্রভু মসিনা কাপড় পরা লোকটিকে বললেন, “করূবদের নিচে যে চাকাগুলি আছে তুমি সেগুলির মধ্যে যাও। সেই করূবদের মাঝখান থেকে তুমি দু-হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে নগরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনে লোকটি সেখানে ঢুকলেন।

3 যখন সেই লোকটি ভিতরে ঢুকলেন, তখন করূবেরা মন্দিরের দক্ষিণ দিকে দাঁড়িয়েছিলেন, এবং ভিতরের প্রাঙ্গণ মেঘে পরিপূর্ণ হয়ে গেল। 4 সেই সময় সদাপ্রভুর মহিমা করূবদের উপর থেকে উঠে মন্দিরের গোবরাটের উপর দাড়াল। মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে গেল, এবং প্রাঙ্গণ সদাপ্রভুর মহিমার ঔজ্জ্বল্যে ভরা ছিল। 5 করূবদের ডানার আওয়াজ বাইরের প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাচ্ছিল, সেই আওয়াজ সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলার আওয়াজের মতো।

6 সদাপ্রভু যখন মসিনা কাপড় পরা লোকটিকে এই আদেশ দিয়েছিলেন, “তুমি করূবদের মাঝখানে চাকার মধ্য থেকে আগুন নাও,” তখন লোকটি ভিতরে গিয়ে একটি চাকার পাশে দাঁড়ালেন। 7 তখন করূবদের মধ্যে একজন তাদের মধ্যকার আগুনের দিকে হাত বাড়ালেন। তিনি কিছু আগুন নিয়ে সেই মসিনা কাপড় পরা লোকটির হাতে দিলেন, যিনি তা নিয়ে বের হয়ে গেলেন। 8 (করূবদের ডানার নিচে মানুষের হাতের মতো কিছু দেখা গেল।)

9 পরে আমি তাকিয়ে করূবদের প্রত্যেকের পাশে একটি করে মোট চারটি চাকা দেখতে পেলাম; চাকাগুলি বৈদূর্যমণির মতো চকমক করছিল। 10 সেগুলির আকৃতি এইরকম, সেই চারটি চাকা দেখতে একইরকম ছিল; একটি চাকার মধ্যচ্ছেদ করে যেন আর একটি চাকা। 11 চলবার সময় সেই চাকাগুলি চারদিকের যে কোনও দিকে সোজা চলত, অন্য কোনও দিকে ফিরত না। করূবদের মাথা যেদিকে থাকত তারা সেদিকেই চলতেন, চলবার সময় ফিরতেন না। 12 তাদের চারটি চাকাতে, গোটা দেহে, পিঠে, হাতে এবং ডানার চারপাশে চোখে ভরা ছিল। 13 আমি শুনলাম চাকাগুলিকে “ঘুরন্ত চাকা” বলে ডাকা হচ্ছে। 14 প্রত্যেকটি করূবের চারটি করে মুখ ছিল; প্রথমটি করূবের, দ্বিতীয়টি মানুষের, তৃতীয়টি সিংহের, চতুর্থটি ঈগল পাখির।

15 তখন করূবেরা উপরের দিকে উঠলেন। এরাই সেই জীবন্ত প্রাণী যাদের আমি কবার নদীর ধারে দেখতে পেয়েছিলাম। 16 করূবেরা চললে তাদের পাশে চাকাগুলি চলত; আর করূবেরা মাটি ছেড়ে উঠবার জন্য ডানা মেললে চাকাগুলি তাদের পাশ ছাড়ত না। 17 করূবেরা থামলে সেগুলিও থামত আর করূবেরা উঠলে তাদের সঙ্গে তারা উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা সেগুলির মধ্যেই ছিল।

18 তারপর সদাপ্রভুর মহিমা মন্দিরের গোবরাটের উপর থেকে চলে গিয়ে করূবদের উপরে থামল। 19 আমি যখন দেখছিলাম, করূবেরা তাদের ডানা মেলে মাটি ছেড়ে উপরে উঠতে লাগলেন, আর তারা যখন যাচ্ছিলেন চাকাগুলিও তাদের সঙ্গে চলল। তারা সদাপ্রভুর গৃহের পূর্বদিকের দ্বারে ঢুকবার পথে গিয়ে থামল, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের উপরে ছিল।

20 এই জীবন্ত প্রাণীদেরই আমি কবার নদীর ধারে ইস্রায়েলের ঈশ্বরের নিচে দেখেছিলাম, আর আমি বুঝতে পারলাম যে তারা ছিলেন করূব। 21 প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল এবং তাদের ডানার নিচে মানুষের হাতের মতো দেখতে কিছু ছিল। 22 কবার নদীর ধারে আমি যেমন দেখেছিলাম তাদের মুখের চেহারা তেমনই ছিল। তারা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতেন।

11:1 তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে সদাপ্রভুর গৃহের পূর্বদিকের দ্বারের কাছে আনলেন। সেখানে দ্বারে ঢুকবার জায়গায় পঁচিশজন পুরুষ ছিল আর তাদের মধ্যে লোকদের নেতা অসূরের ছেলে যাসনিয় ও বনায়ের ছেলে প্লটিয়কে দেখলাম। 2 সদাপ্রভু আমাকে বললেন, “হে মানবসন্তান, এরাই সেই লোক যারা এই নগরের মধ্যে মন্দ পরিকল্পনা এবং খারাপ পরামর্শ দিচ্ছে। 3 তারা বলছে, ‘ঘরবাড়ি তৈরি করবার সময় কি হয়নি? এই নগরটি যেন রান্নার হাঁড়ি আর আমরা হচ্ছি মাংস।’ 4 অতএব হে মানবসন্তান, ভাববাণী বলো; সুতরাং এদের বিরুদ্ধে ভাববাণী বলো।”

5 তারপর সদাপ্রভুর আত্মা আমার উপরে আসলেন, আর তিনি আমাকে বলতে বললেন, “সদাপ্রভুর এই কথা বলেন, তোমরা এই কথা বলছ, তোমরা ইস্রায়েলের নেতারা, কিন্তু আমি জানি তোমাদের মনে কি আছে। 6 তোমরা এই নগরে অনেক লোককে মেরে ফেলেছ এবং মরা মানুষ দিয়ে রাস্তাগুলি ভরেছ।

7 “সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের যে মরা লোকদের তোমরা নগরে ফেলেছ সেগুলিই মাংস এবং এই নগরটি হাঁড়ি, কিন্তু সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেব। 8 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন; তোমরা তরোয়ালকে ভয় করো, আর আমি তোমাদের বিরুদ্ধে তরোয়ালই আনব। 9 আমি নগর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশিদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব। 10 তোমরা তরোয়াল দ্বারা মারা পড়বে, আর ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। 11 এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না, আর তোমরা তার মধ্যেকার মাংস হবে না; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব। 12 আর তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ তোমরা আমার নিয়ম ও শাসন পালন করোনি বরং তোমাদের চারপাশের জাতিদের অনুরূপ হয়েছ।”

13 এখন আমি যখন ভাববাণী বলছিলাম, বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। আমি তখন উবুড় হয়ে পড়ে উঁচু স্বরে কেঁদে কেঁদে বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকি লোকদের সবাইকে শেষ করে দেবে?”

14 সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশ পেল, 15 “হে মানবসন্তান, জেরুশালেমের লোকেরা তোমার নির্বাসিত ভাইদের এবং অন্যান্য ইস্রায়েলীদের সম্বন্ধে বলছে, ‘তারা সদাপ্রভু থেকে অনেক দূরে চলে গেছে; এই দেশ তো আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে।’

16 “সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যদিও আমি তাদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছি, তবুও কিছু সময়ের জন্য সেই সমস্ত দেশে আমি তাদের পবিত্রস্থান হয়েছি।’

17 “সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি যদিও তোমাদের অন্যান্য জাতিগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আমি সেখান থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে আসব, আর আবার আমি তোমাদের ইস্রায়েল দেশ ফিরিয়ে দেব।’

18 “তারা সেখানে ফিরে গিয়ে সব জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমাগুলি দূর করে দেবে। 19 আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব; আমি তাদের মধ্যে থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব। 20 তখন তারা আমার নিয়ম সকল অনুসরণ করবে এবং আমার শাসন পালন করতে যত্নবান হবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব। 21 কিন্তু যাদের হৃদয় জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমার প্রতি অনুগত, তাদের কাজের ফল আমি তাদেরই মাথায় ঢেলে দেব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”